> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# তফসিল-৯: শিল্প বা প্রকল্পের অবস্থান নির্ধারণের নির্দেশিকা

> Schedule 9: guideline for selecting the site of an industry or project, including buffer distances.

**\[বিধি ৮ এর দফা (খ), বিধি ৯ এর উপ-বিধি (২), বিধি ১০ এর উপ-বিধি (২), বিধি ১২ এর উপ-বিধি (২) ও বিধি ১৪ এর উপ-বিধি (২) দ্রষ্টব্য]**

প্রকল্পের বা শিল্প প্রতিষ্ঠানের উপযুক্ত অবস্থান নির্ধারণের জন্য নিম্নরূপ নির্দেশিকা অনুসরণ করিতে হইবে :

## (ক) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসকল এলাকা পরিহার করিতে হইবে :

* (১) প্রতিবেশগত গুরুত্বের বিবেচনায় আইন দ্বারা সংরক্ষিত এলাকা, হেরিটেজ সাইট, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা; অভয়ারণ্য অথবা আন্তর্জাতিক কনভেনশন দ্বারা সংরক্ষিত এলাকা;

* (২) প্রতিবেশগত বা জীববৈচিত্র‍্যের জন্য গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর স্থানসমূহ, যেমন- বিপন্ন/হুমকিগ্রস্ত/স্থানীয় প্রজাতিসমূহের আবাসস্থল, জলাভূমি, পাহাড়, প্রাকৃতিক বন (Natural forest), প্যারাবন, প্রবাল দ্বীপ ইত্যাদি;

* (৩) সরকার কর্তৃক ঘোষিত বনভূমি;

* (৪) অধিক গুরুত্বসম্পন্ন কৃষি জমি; এবং

* (৫) ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ এলাকা, পার্ক/খেলার মাঠ, স্বাস্থ্য কেন্দ্র, আবাসিক এলাকা, হাসপাতাল, প্রত্নতত্ত্ব এলাকা; শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক অথবা আইন দ্বারা যেসকল এলাকাকে স্পর্শকাতর চিহ্নিত করা হইয়াছে।

## (খ) শিল্প কারখানার স্থান নির্বাচনের জন্য যেসকল বিষয় বিবেচনা করিতে হইবে :

* (১) অনুমোদিত শিল্পাঞ্চল বা শিল্পায়নের জন্য মনোনীত এলাকা;

* (২) সন্নিকটস্থ শিল্পের সমপ্রকৃতি বিশিষ্ট;

* (৩) উপযুক্ত এবং পর্যাপ্ত ইউটিলিটি সাপ্লাই, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্টর্ম ড্রেনেজ সুবিধা;

* (৪) ইটিপি স্থাপন ও সবুজ বেষ্টনী তৈরি ইত্যাদির জন্য পর্যাপ্ত স্থান সংকুলান রহিয়াছে এমন স্থান;

* (৫) বন্যা প্রবাহ অঞ্চল হইতে ২৫০ মিটার দূরে বন্যামুক্ত উঁচু স্থান (প্রযোজ্য ক্ষেত্রে);

* (৬) উপকূলের উচ্চ জোয়ার রেখা হইতে ৫০০ মিটার দূরে (প্রযোজ্য ক্ষেত্রে); এবং

* (৭) শিল্প স্থাপনের স্থান ও সংবেদনশীল উপাদানের (sensitive receptor) মাঝে পর্যাপ্ত বাফার এলাকা বিদ্যমান।

## (গ) বিভিন্ন শ্রেণির শিল্প কারখানা ও সংবেদনশীল এলাকার মাঝে নিম্নবর্ণিত বাফার দূরত্ব বজায় রাখিতে হইবে :

| **শিল্পের শ্রেণি**  | **শিল্পের ধরন**                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | **বাফার দূরত্ব**                                                                                                                                                                  |

| **(১)**             | **(২)**                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | **(৩)**                                                                                                                                                                           |
| লাল শ্রেণি          | উচ্চ ঝুঁকিবিশিষ্ট কারখানা, স্থাপনা বা কার্যক্রম যাহা নিম্নরূপ বৈশিষ্ট্যসম্পন্ন :
• অগ্নি, বিকিরণ এবং খুবই বিপজ্জনক রাসায়নিক পদার্থের জন্য উচ্চঝুঁকি-বিশিষ্ট;
• উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো কোনো কাঁচামাল খুবই বিপজ্জনক;
• তাৎপর্য মাত্রায় বায়ুদূষক নিঃসরণ;
• বিপুল পরিমাণ বিপজ্জনক বর্জ্য উৎপাদিত হয় যাহার কোনো কোনোটি পরিশোধন করা খুবই জটিল।                                                                                                                       | • ন্যূনতম ৫০০ মি. অথবা
• প্রযোজ্য ক্ষেত্রে কারখানা বা কার্যক্রম সংশ্লিষ্ট ঝুঁকির ধরন ও মাত্রা বিবেচনাপূর্বক মডেলিং-এর মাধ্যমে প্রকৃত বাফার দূরত্ব নির্ধারণ করিতে হইবে।       |
| কমলা বা লাল         | ভারী শিল্প বা কার্যক্রম যাহা নিম্নরূপ বৈশিষ্ট্য সম্পন্ন :
• উচ্চমাত্রার দূষণের সম্ভাবনা এবং অগ্নি, বিকিরণ এবং খুবই বিপজ্জনক রাসায়নিক পদার্থের জন্য ঝুঁকিপূর্ণ;
• উচ্চ মাত্রায় বায়ুদূষক নিঃসরণ;
• মাত্রাতিরিক্ত (Excessive) শব্দ দূষণ বা কম্পন সৃষ্টি করে;
• প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয়-যেগুলির স্থানান্তর, গুদামজাতকরণ ইত্যাদিতে তাৎপর্যপূর্ণ মাত্রায় ডাস্ট সৃষ্টি হয়;
• যথেষ্ট পরিমাণ বিপজ্জনক বর্জ্য উৎপাদিত হয় যাহার কোনো কোনোটি পরিশোধন করা খুবই জটিল | • ন্যূনতম ৩০০ মিটার অথবা
• প্রযোজ্য ক্ষেত্র কারখানা বা কার্যক্রম-সংশ্লিষ্ট ঝুঁকির ধরন ও মাত্রা বিবেচনা করিয়া মডেলিং-এর মাধ্যমে প্রকৃত বাফার দূরত্ব নির্ধারণ করা যাইতে পারে। |
| কমলা বা লাল         | মাঝারি শিল্প বা কার্যক্রম যাহা নিম্নরূপ বৈশিষ্ট্য সম্পন্ন :
• মধ্যম মাত্রার দূষণের সম্ভাবনা এবং অগ্নি, বিকিরণ ও খুবই বিপজ্জনক রাসায়নিক পদার্থের জন্য ঝুঁকিপূর্ণ;
• মধ্যম মাত্রায় বায়ুদূষক নিঃসরণ;
• মধ্যম মাত্রার শব্দদূষণ বা কম্পন সৃষ্টি করে;
• বিপজ্জনক বর্জ্য উৎপাদিত হয় যেগুলি কারখানা সীমানায় পরিশোধন করা হয়।                                                                                                                                                    | • ন্যূনতম ১০০ মিটার;
• প্রযোজ্য ক্ষেত্রে মডেলিং-এর মাধ্যমে প্রকৃত বাফার দূরত্ব নির্ধারণ করা যাইতে পারে।                                                                      |
| সবুজ বা হলুদ        | হালকা শিল্প বা কার্যক্রম যাহা নিম্নরূপ বৈশিষ্ট্য সম্পন্ন :
• বায়ুদূষণ, শব্দ, কম্পন, গন্ধ, অগ্নি বা বিস্ফোরণের সম্ভাবনা খুব কম বা নাই;
• বিপজ্জনক পদার্থ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় না বা উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয় না;
• কোনো বিপজ্জনক কঠিন বর্জ্য সৃষ্টি হয় না।                                                                                                                                                                                                            | • ন্যূনতম ৫০ মিটার;
• প্রযোজ্য ক্ষেত্রে মডেলিং-এর মাধ্যমে প্রকৃত বাফার দূরত্ব নির্ধারণ করা যাইতে পারে।                                                                       |
| সবুজ বা হলুদ শ্রেণি | ক্ষুদ্র শিল্প যাহা নিম্নরূপ বৈশিষ্ট্য সম্পন্ন :
• বায়ুদূষণ, শব্দ, কম্পন, গন্ধ, অগ্নি বা বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম বা নাই;
• ভূমি ব্যতীত বিনিয়োগকৃত মূলধন বৎসরের যে-কোনো সময় ৪০ লক্ষ টাকার অধিক নহে এবং বার্ষিক টার্নওভার ৬০ লক্ষ টাকার অধিক নহে;
• শুষ্ক প্রকৃতির উৎপাদন প্রক্রিয়া। ধোয়া, মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে তরল বর্জ্য সৃষ্টি হইতে পারে, তবে তাহা নির্গমনের ফলে পানি দূষণের সম্ভাবনা কম;
• কোনো বিপজ্জনক কঠিন বর্জ্য সৃষ্টি হয় না।                | • তাপ ও শব্দদূষণ সৃষ্টি হইলে ন্যূনতম ১০ মিটার বাফার দূরত্ব রাখা যাইতে পারে।                                                                                                       |