> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ১৮। তদন্ত কার্যক্রম

> Fire-incident investigation procedure: committee formation, timelines, and the confidentiality of investigation reports.

আইনের ধারা ১৩ অনুসারে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:

* (ক) যে কোন অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে উহার কারণ উদ্‌ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও দায়দায়িত্ব নিরূপণের জন্য মহাপরিচালক নিজে তদন্ত করিবেন কিংবা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করিয়া সংশ্লিষ্ট সকলকে অবহিত করিবেন;

* (খ) দফা (ক) এর অধীন তদন্ত কমিটি গঠন করা হইলে কমিটি গঠনের আদেশ প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে গঠিত কমিটি তদন্তের দিন ধার্য করিয়া সংশ্লিষ্ট সকলকে নোটিশ প্রদান করিবে;

* (গ) কমিটি গঠনের আদেশের তারিখ হইতে সর্বোচ্চ ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত কার্য সম্পন্ন করিবে এবং আইনের ধারা ১৩ (২) অনুযায়ী তদন্ত সম্পন্ন হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে মহাপরিচালকের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিতে হইবে;

* (ঘ) আইনের ধারা ১৩ (৩) অনুসারে তদন্ত প্রতিবেদনের অনুলিপির জন্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বা সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারের নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে বীমাকৃত প্রতিষ্ঠানের জন্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং বীমাবিহীন প্রতিষ্ঠানের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ফিস জমা দিয়ে চালানের মূল কপিসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে;

* (ঙ) দফা (ঘ) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক আবেদনকারীকে তদন্ত প্রতিবেদনের অনুলিপি প্রদান করিবেন;

* (চ) তদন্ত প্রতিবেদন দাপ্তরিক গোপনীয় দলিল হিসাবে বিবেচিত হইবে, যাহা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বা সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরবরাহ করা যাইবে না;

* (ছ) অগ্নিকাণ্ডের বিষয়ে অধিকতর তদন্তের প্রয়োজন হইলে মহাপরিচালক পুনঃতদন্তের আদেশ দিতে পারিবেন।
