> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিধি ৭। লাইসেন্স নবায়ন

> Annual license-renewal procedure, late fees, and consequences of non-renewal.

আইনের ধারা ২৮ এর উপ-ধারা (২) এর দফা (ঘ) অনুসারে লাইসেন্স নবায়ন পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা :—

* (ক) বিধি ৬ এর অধীন মঞ্জুরকৃত লাইসেন্স সংশ্লিষ্ট অর্থবছরের যে তারিখেই ইস্যু করা হোক না কেন উহার মেয়াদ উক্ত অর্থবছরের ৩০ জুন তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে এবং উক্তরূপ মেয়াদান্তে পরবর্তী অর্থবছর আরম্ভ হওয়ার পূর্বে লাইসেন্স পরবর্তী বছরের জন্য নবায়ন করিতে হইবে;

* (খ) লাইসেন্স নবায়নের জন্য প্রতি বছর ৩০ জুনের মধ্যে পরবর্তী অর্থবছরের লাইসেন্স ফিস অগ্রিম পরিশোধ করিতে হইবে এবং ৩০ জুন উত্তীর্ণ হইলে পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে প্রতি মাস তার অংশবিশেষের জন্য লাইসেন্স ফিসের ৫% হারে অতিরিক্ত বিলম্ব ফিস প্রদান করিতে হইবে;

* (গ) দফা (খ) এ উল্লিখিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হইলে উহা বাতিল বলিয়া গণ্য হইবে;

* (ঘ) লাইসেন্স নবায়নের জন্য লাইসেন্সধারী নির্ধারিত লাইসেন্স ফিস সরকার কর্তৃক নির্ধারিত খাতে সরকারি কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করিয়া চালানের মূল কপির সহিত মূল লাইসেন্সসহ নিজ প্রতিষ্ঠানের প্যাডে অথবা সাদা কাগজে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে;

* (ঙ) ট্রেজারি চালানে ভুল-ত্রুটি অথবা কোনরূপ ঘষামাজাসহ যে কোন কারণে নির্দিষ্ট খাতে টাকা জমা না হইলে লাইসেন্সধারীকে এতদ্‌সংক্রান্ত দায়-দায়িত্ব বহন করিতে হইবে;

* (চ) লাইসেন্স ফিস কোন অবস্থায় নগদ, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে পরিশোধ করা যাইবে না;

* (ছ) দফা (ঘ) এর অধীন আবেদন করা হইলে লাইসেন্স ফিস এবং লাইসেন্সের শর্তাবলী সঠিক ও কার্যক্ষম আছে কিনা তা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মহাপরিচালক আবেদনপত্রটি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন;

* (জ) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দফা (চ) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করিয়া মহাপরিচালকের নিকট প্রতিবেদন দাখিল করিবেন;

* (ঝ) দফা (জ) এর অধীন দাখিলকৃত প্রতিবেদনে নবায়নের সুপারিশ করা হইলে প্রতিবেদন দাখিলের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে মহাপরিচালক লাইসেন্সটি নবায়ন করিবেন এবং নবম তফসিলে উল্লিখিত ফরমে নবায়ন নিশ্চিতকরণের বিষয়টি লাইসেন্সধারীকে অবহিত করিবেন;

* (ঞ) দফা (জ) এর অধীন দাখিলকৃত প্রতিবেদনে লাইসেন্সের শর্তাবলী পালন না করা অর্থাৎ অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ এবং উদ্ধার ব্যবস্থা ইত্যাদি কার্যক্ষম না থাকার বিষয়ে উল্লেখ থাকিলে মহাপরিচালক প্রতিবেদন দাখিলের ৩ (তিন) কার্য দিবসের মধ্যে সেই বিষয়ে আবেদনকারীকে অষ্টম তফসিলে উল্লিখিত ফরমে লিখিতভাবে অবহিত করিবেন এবং লাইসেন্সের শর্ত বাস্তবায়নের জন্য সময় নির্দিষ্ট করিয়া দিবেন;

* (ট) দফা (ঞ) এ উল্লিখিত নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনকারী লাইসেন্সের শর্ত বাস্তবায়ন করিতে ব্যর্থ হইলে মহাপরিচালক নবায়নের আবেদন নামঞ্জুর করিয়া নবম তফসিলে উল্লিখিত ফরমে নবায়নের আবেদন নামঞ্জুরের বিষয়টি লাইসেন্সধারীকে অবহিত করিবেন এবং সেই ক্ষেত্রে লাইসেন্স বাতিল বলিয়া গণ্য হইবে।
