> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# তফসিল-২১: বস্তির জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা

> Fire prevention and extinguishing measures for slums (বস্তি) in city corporation, municipality and cantonment areas (বিধি ২১).

**\[ বিধি ২১ দ্রষ্টব্য ]**

**বস্তির জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা :** সিটি কর্পোরেশন, পৌরসভা, সকল ক্যান্টনমেন্ট বোর্ডসহ স্থানীয় সরকারের আওতাধীন এলাকায় স্থাপিত বস্তিসমূহের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা নিম্নরূপ হইবে :

* ১। **রাস্তা :** বস্তি এলাকায় যে কোন এক দিকে অধিদপ্তরের অগ্নি নির্বাপণী গাড়ি প্রবেশের সুবিধার্থে অন্যূন ৫ মিটার প্রশস্ত রাস্তা এবং বস্তির অভ্যন্তরে বসত ঘরের সারিসমূহের মধ্যে অধিদপ্তরের কর্মীগণ সরঞ্জামসহ সহজে চলাচল করিতে পারে এমন অন্যূন ২.০০ মিটার প্রশস্ত রাস্তা থাকিতে হইবে।

* ২। **জলাধার সংরক্ষণ :** প্রতিটি বস্তি এলাকায় অগ্নি নির্বাপণের সুবিধার্থে ২০ হাজার গ্যালন পানিসহ পাকা জলাধার কিংবা খোলা পানির উৎস (পুকুর/ডোবা) থাকিতে হইবে। উক্ত পাকা জলাধারে ব্রিগেট সদস্যগণের অগ্নি নির্বাপণী সাজ-সরঞ্জামসহ প্রবেশ এবং সহজে চলাচলের জন্য কমপক্ষে ২ মিটার প্রশস্ত যাতায়াত পথ থাকিতে হইবে।

* ৩। **প্রশিক্ষণ :** বস্তিতে বসবাসকারীদের মধ্য হইতে ১৮ হইতে ৩০ বৎসর বয়স্ক অন্যূন ২৫% অধিবাসীকে (মহিলা ও পুরুষ) অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর হইতে প্রশিক্ষণ গ্রহণ করিতে হইবে।

* ৪। **বস্তি এলাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ, সাজ-সরঞ্জামাদি স্থাপন ও সংরক্ষণ এবং প্রশিক্ষণ :**

  * (ক) বস্তি এলাকায় প্রতি ২০০০ বর্গফুট স্থানের জন্য দুইটি পানি ভর্তি ড্রাম (প্রতিটি ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন), ৬টি বালতি এবং ৪টি কম্বল/চটের বস্তা ও দুইটি ৫ কেজি পরিমাণের পোর্টেবল ডিসিপি (ড্রাইকেমিক্যাল পাউডার) ফায়ার এক্সটিংগুইসার সংরক্ষণ করিতে হইবে।

  * (খ) অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা/স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রতি ৩ মাস অন্তর অন্তর বস্তি এলাকা সরেজমিনে পরিদর্শন করিবেন। উক্ত স্থানে স্থাপিত অগ্নি নির্বাপণী সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষা করিবেন এবং সরঞ্জামাদি না থাকিলে সেই ক্ষেত্রে বিষয়টি তিনি কারণ অনুসন্ধানপূর্বক প্রয়োজনমতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। বস্তিতে কোনক্রমেই কাঁচা ঘরে বিদ্যুৎ এবং গ্যাস বিতরণ কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ প্রদান করিতে পারিবেন না।

  * (গ) এই বিধি জারির পূর্বে কোন বস্তিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিদ্যমান থাকিলে বিধি জারির ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রয়োজনীয় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।

* ৫। **সতর্কতা :**

  * (ক) অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা/স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাগণকে সময় সময় পরিদর্শন করিয়া বস্তিবাসীদের সচেতন করিয়া তোলার লক্ষ্যে মহড়া, গণসংযোগ, সভা, সেমিনার, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে পরামর্শ প্রদান, লিফলেট, পোস্টার বিতরণ এবং প্রয়োজনবোধে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করিতে হইবে। এই সব কাজে অধিদপ্তরকে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, সকল ক্যান্টনমেন্ট বোর্ড ও বস্তিবাসী সার্বিক সহযোগিতা করিবে।

  * (খ) বস্তি অভ্যন্তরে প্রতিটি ফায়ার পয়েন্টে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ফোন নাম্বার এবং ধূমপানে নিরুৎসাহিত করিবার বিষয়ে স্লোগান সম্বলিত সাইনবোর্ড দৃশ্যমান স্থানে টানাইতে হইবে। ইহা ছাড়া বস্তি এলাকার ধূমপানকারীগণকে ধূমপানে নিরুৎসাহিত করার বিষয়ে পরামর্শ প্রদান, লিফলেট, পোস্টার বিতরণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে।

  * (গ) বস্তি এলাকায় নির্ধারিত স্থানে মাটির চুলা স্থাপন/সংরক্ষণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করিতে হইবে। উপরন্তু কাঁচা ঘরে রান্নার ক্ষেত্রে চুলার পাশের বেড়ায় মাটির প্রলেপ দিতে হইবে। রান্নার শেষে চুলা নিভাইয়া ফেলিতে হইবে।

  * (ঘ) খোলা বাতির ব্যবহার নিরুৎসাহিত করিতে হইবে। খোলা বাতির ব্যবহার অপরিহার্যতার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করিতে হইবে।

* ৬। **অগ্নি দুর্ঘটনার তদন্ত :** বস্তি এলাকায় সংঘটিত অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা/স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা তদন্ত করিয়া অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় ও তদ্‌প্রেক্ষিতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করিবেন।
