> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# পরিশিষ্ট-২: সার্বজনীন গম্যতার ন্যূনতম মান

> Appendix 2 (see বিধি ৬৬(ঘ)): minimum universal accessibility standards for doors, railings, stairs, ramps, lifts, washrooms, parking, and seating.

## পরিশিষ্ট-২

### \[বিধি ৬৬ (ঘ) দ্রষ্টব্য]

### সার্বজনীন গম্যতার ন্যূনতম মান

### ১. সাধারণ নিয়ম

* (ক) প্রতিটি কক্ষ, করিডোর, চলাচলের পথ, ইত্যাদির কোনো না কোনো অংশে একটি হুইল চেয়ার ঘুরাইবার জন্য ন্যূনতম ১৫০০ মি.মি. x ১৫০০ মি.মি. পরিমাণ বাধামুক্ত জায়গা রাখিতে হইবে।
* (খ) গণপ্রবেশ পথ ও করিডোরের ন্যূনতম বাধামুক্ত প্রস্থ ১২০০ মি.মি. হইতে হইবে এবং ইহা সুষমভাবে ও যথেষ্ট পরিমাণে আলোকিত থাকিতে হইবে।
* (গ) এইরূপ পথের প্রস্থ যদি ১৫০০ মি.মি. এর কম হইলে প্রতি ৩০ মি. দূরত্বে কমপক্ষে একবার করিয়া ১৫০০ মি.মি. x ১৫০০ মি.মি. বাধামুক্ত জায়গা হুইল চেয়ার ঘুরাইবার জন্য রাখিতে হইবে।
* (ঘ) ৫৮০ মি.মি. এর অধিক উচ্চতায় অবস্থিত কোনো বস্তু গণপ্রবেশ পথের ভিতর ১০০ মি.মি. এর বেশি বাহির হইয়া আসিতে পারিবে না; ইহার চাইতে কম উচ্চতায় অবস্থিত বস্তু বাহির হইলেও কোনোভাবে আবশ্যকীয় ন্যূনতম প্রস্থ কমাইতে পারিবে না।
* (ঙ) মেঝে হইতে ২ মিটার উচ্চতার ভিতর উপর হইতে কোনোরূপ বাধাদানকারী বস্তু থাকিতে পারিবে না; যদি ইহা একান্তভাবে পরিহার করা অসম্ভব হইয়া দাঁড়ায়, তাহা হইলে ইহাতে আলাদা রং এবং স্পর্শ দ্বারা বোঝা যায় এমন চিহ্ন ব্যবহার করিতে হইবে।
* (চ) সার্বজনীনগম্যতার আওতায় নির্দিষ্ট ভূমি ও মেঝে তলে স্থায়ী, দৃঢ়, সুষম ও অপিচ্ছিল সামগ্রী ব্যবহার করিতে হইবে।
* (ছ) আনুভূমিক চলাচলের ক্ষেত্রে ৬-১২ মি.মি. এর মধ্যে তল পরিবর্তন হইলে সর্বোচ্চ ১:২ ঢালে বেভেল (Bevel) করিতে হইবে; তলের পার্থক্য এর চাইতে বেশি হইলেই র‍্যাম্প দিতে হইবে।

<Frame caption="চিত্র: ন্যূনতম বাধামুক্ত স্থান — ফরোয়ার্ড অ্যাপ্রোচ, প্যারালাল অ্যাপ্রোচ, ফরোয়ার্ড ও প্যারালাল অ্যাপ্রোচ">
  <img src="https://mintcdn.com/abusayed/UNqrRKuK9tZ_QNSW/images/nirmanbidhimala/appendix-2-universal-accessibility/universal-access-approach-diagrams.png?fit=max&auto=format&n=UNqrRKuK9tZ_QNSW&q=85&s=4ef748d670e12c6fe61c77525ab22a5c" width="1700" height="390" data-path="images/nirmanbidhimala/appendix-2-universal-accessibility/universal-access-approach-diagrams.png" />
</Frame>

### ২. দরজা

* (ক) দরজার প্রতিবন্ধকতাবিহীন ন্যূনতম প্রস্থ ৯০০ মি.মি. হইতে হইবে এবং উক্ত দরজা ঘূর্ণায়মান হইতে পারিবে না, অথবা টার্নস্টাইল ব্যবহার করা যাইবে না;
* (খ) দরজার উভয় পার্শ্বে যথেষ্ট পরিমান চলাচল উপযোগী খালি জায়গা থাকিতে হইবে।
  * (১) যেদিক হইতে দরজা ধাক্কা দিতে হয় সেইদিকে ১২০০ মি.মি. x ১২০০ মি.মি. বাধামুক্ত জায়গা এবং দরজার ছিটকিনি বা হাতলের দিকে ৩০০ মি.মি. খালি দেওয়াল থাকিতে হইবে।
  * (২) যেদিক হইতে দরজা টানিয়া খুলিতে হয় সেইদিকে ১৫০০ মি.মি. x ১৫০০ মি.মি. বাধামুক্ত জায়গা এবং দরজার ছিটকিনি বা হাতলের দিকে ৬০০ মি.মি. খালি দেওয়াল থাকিতে হইবে।
* (গ) দরজার হাতল মেঝে হইতে ৮৫০ মি.মি. হইতে ৯৫০ মি.মি. উচ্চতার মধ্যে হইতে হইবে এবং উহা কম শক্তি প্রয়োগের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করিতে হইবে।
* (ঘ) দরজা ও দরজার ফ্রেম আশপাশের দেওয়াল হইতে ভিন্ন রং এর হইতে হইবে এবং স্পর্শ করিয়া বুঝা যায় এইরূপ চিহ্ন থাকিতে হইবে।

<Frame caption="চিত্র: দরজার বাধামুক্ত প্রস্থ; চিত্র: দরজার সামনের বাধামুক্ত স্থান">
  <img src="https://mintcdn.com/abusayed/UNqrRKuK9tZ_QNSW/images/nirmanbidhimala/appendix-2-universal-accessibility/door-clearance-diagrams.png?fit=max&auto=format&n=UNqrRKuK9tZ_QNSW&q=85&s=1f0917e1e0b3007239d44baceac68c3e" width="1700" height="401" data-path="images/nirmanbidhimala/appendix-2-universal-accessibility/door-clearance-diagrams.png" />
</Frame>

### ৩. রেইলিং

* (ক) হ্যান্ড রেইল ও গ্র্যাব-রেইল গোলাকার হইবে যাহার বাহিরের ব্যাস ৩৫-৫০ মি.মি. হইতে হইবে এবং ইহা সংলগ্ন দেওয়ালের ৪০ মি.মি. হইতে ৬০ মি.মি. দূরত্বে হইবে, তবে ইহা কোনোভাবেই প্রয়োজনীয় বাধামুক্ত চলাচলের পথের ভিতর চলিয়া আসিতে পারিবে না।
* (খ) হ্যান্ড রেইল অনবরত এবং পুরো দৈর্ঘ্য জুড়িয়া একই উচ্চতায় (৮০০-৯০০ মি.মি.) হইতে হইবে। ইহার চাইতে উপরে বা নীচে বিশেষ প্রয়োজনে অতিরিক্ত হ্যান্ড রেইল দেওয়া যাইবে।
* (গ) হ্যান্ড রেইলের প্রান্তসমূহ গোলাকার অথবা দেয়াল বা মেঝের দিকে এইভাবে বাঁকানো বা ঢুকানো থাকিবে যেন তাহা চলার পথে কোনো বিপদ না ঘটায়।

## ৪. সিঁড়ি

* (ক) পুরো সিঁড়ি জুড়িয়া ট্রেড ও রাইজারের মাপ অপরিবর্তিত ও সুষম থাকিবে।
* (খ) সিঁড়ির ট্রেড ন্যূনতম ৩০০ মি.মি. গভীর ও রাইজার সর্বোচ্চ ১৫০ মি.মি. হইবে।
* (গ) প্রতিটি ট্রেড এ সর্বাধিক ১৫ মি.মি. বাহির হওয়া গোলাকার নোজিং থাকিতে হইবে।
* (ঘ) উন্মুক্ত রাইজার হইতে পারিবে না।
* (ঙ) ফ্লাইটের দুই পার্শ্বেই হ্যান্ড রেইল থাকিবে এবং সিঁড়ির শেষে তাহা ন্যূনতম ৩০০ মি.মি. ও শুরুতে একটি ট্রেডের গভীরতা ও ৩০০ মি.মি. এর যোগফলের সমান আনুভূমিকভাবে বর্ধিত হইতে হইবে।
* (চ) সিঁড়ির তলা অপিচ্ছিল বস্তুতে তৈয়ার করিতে হইবে এবং স্থানটি যথেষ্ট আলোকিত হইতে হইবে।

## ৫. র‍্যাম্প

* (ক) র‍্যাম্প সর্বোচ্চ ১:১২ অনুপাতে ও সুষম ঢালওয়ালা হইতে হইবে এবং একইদিকে একনাগাড়ে ১২ মিটার এর বেশি দীর্ঘ হইতে পারিবে না।
* (খ) র‍্যাম্প ১৮০০ মি.মি. এর চাইতে দীর্ঘ হইলে র‍্যাম্পের উভয়দিকে ৮০০-৯০০ মি.মি. উচ্চতায় হ্যান্ড রেইল দিতে হইবে এবং এই রেইল র‍্যাম্পের শুরুতে ও শেষে আরো ৩০০ মি.মি. আনুভূমিকভাবে বর্ধিত হইতে হইবে।
* (গ) দুই পার্শ্বের হ্যান্ড রেইলের মাঝখানের দূরত্ব ১২০০ মি.মি. এর কম হইবে না।
* (ঘ) র‍্যাম্পের খোলাপ্রান্তে মেঝে হইতে ন্যূনতম ৬৫ মি.মি. উপরের দিকে তুলিয়া বাধা সৃষ্টি করিতে হইবে এবং আলাদা রং ও স্পর্শ দিয়া বুঝা যায় এইরূপ চিহ্ন ব্যবহার করিতে হইবে।
* (ঙ) প্রতিটি র‍্যাম্পের শুরুতে ও শেষে এবং ৯ মিটার এর চাইতে দীর্ঘ বা দিক ঘুরাইতে হয় এইরূপ র‍্যাম্পে বিশ্রামস্থল বা ল্যান্ডিং দিতে হইবে; ঘুরিবার জন্য ল্যান্ডিং এ ন্যূনতম ১.৫ মিটার x ১.৫ মিটার জায়গা থাকিতে হইবে (বিদ্যুৎ চালিত হুইল চেয়ারের জন্য ২.২৫ মিটার x ২.২৫ মিটার জায়গা থাকিতে হইবে)।
* (চ) ল্যান্ডিং এর ন্যূনতম প্রস্থ র‍্যাম্পের প্রস্থের কম হইতে পারিবে না এবং ১৮০০ ঘুরিলে ল্যান্ডিং এর দৈর্ঘ্য কমপক্ষে র‍্যাম্পের প্রস্থ বা ১৫০০ মি.মি. (যাহা অধিক) হইতে হইবে।
* (ছ) দরজা দ্বারা যুক্ত র‍্যাম্পে দরজার সামনে ও পিছনে প্রয়োজনীয় ন্যূনতম জায়গা ক্রমিক ২(খ) অনুযায়ী থাকিতে হইবে।

## ৬. লিফট

* (ক) লিফট লবী প্রবেশগম্য, আলোকিত, চিহ্নিত, আনুভূমিক ও ন্যূনতম (১.৫ মিটার x ১.৫ মিটার) বাধাহীন ঘুরিবার জায়গা সম্পন্ন হইতে হইবে।
* (খ) লিফট নিয়ন্ত্রণের বোতামসমূহ ৮৯০-১২০০ মি.মি. উচ্চতার মধ্যে অবস্থিত হইতে হইবে এবং বিশেষ সুবিধা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহার উপযোগী হইতে হইবে।
* (গ) লিফট কেবিন এর ন্যূনতম বাধামুক্ত পরিমাপ ১৫০০ মি.মি. x ১৭২৫ মি.মি. হইবে এবং দরজার ন্যূনতম প্রস্থ ৯০০ মি.মি. হইতে হইবে।
* (ঘ) যখন লিফট বা র‍্যাম্প দেওয়া সম্ভব হইবে না তখন ন্যূনতম ৯০০ মি.মি. x ১২০০ মি.মি. আকারের প্ল্যাটফর্ম লিফটিং জাতীয় যন্ত্র ব্যবহার করিতে হইবে।

## ৭. ওয়াশরুম, টয়লেট, ইত্যাদি

* (ক) প্রতি তলায় কমপক্ষে একটি অথবা মোট টয়লেটের ৫% (যাহা অধিক) সংখ্যক টয়লেট প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করিয়া তৈরি করিতে হইবে।
* (খ) টয়লেটের ভিতর ন্যূনতম ১.৫ মিটার x ১.৭৫ মিটার বাধামুক্ত জায়গা থাকিতে হইবে এবং WC-এর একদিকে সংলগ্ন দেওয়াল হইতে ন্যূনতম ১২০০ মি.মি. জায়গা খালি থাকিতে হইবে।
* (গ) WC-এর আসন হইতে ৩০০ মি.মি. উচ্চতায় পেছনের দেয়াল হইতে সর্বাধিক ৩০০ মি.মি. দূরত্বে এবং সামনের দিকে ন্যূনতম ৬০০ মি.মি. বর্ধিত করিয়া হ্যান্ডরেইল থাকিতে হইবে।
* (ঘ) পানির কল মেঝে হইতে ৮৫০ মি.মি. উপরে হইতে হইবে এবং বেসিনের তলা ও পাইপ এমনভাবে থাকিতে হইবে যেন হুইল চেয়ার পৌঁছাইতে পারে।
* (ঙ) গোসলের জায়গা ১.০ মিটার প্রস্থসহ ১.৫০ বর্গ মি: হইবে এবং মেঝেতে কোনো প্রকার বেষ্টনী থাকিতে পারিবে না।

## ৮. পার্কিং

* (ক) প্রতিবন্ধীসহ সার্বজনীন ব্যবহারযোগ্য ন্যূনতম একটি পার্কিং স্পেস থাকিতে হইবে।
* (খ) উক্ত পার্কিং স্পেসের প্রশস্ততা ন্যূনতম ৩.২ মিটার এবং দৈর্ঘ্য ন্যূনতম ৪.৮০ মিটার হইতে হইবে।

## ৯. সিটিং

* (ক) বিভিন্ন সমাবেশ স্থলে নির্দিষ্ট সংখ্যক হুইলচেয়ারের ব্যবহারকারীদের উপযোগী আসন সংরক্ষিত ও সমভাবে বন্টিত থাকিতে হইবে, যাহা প্রবেশ পথ হইতে সহজে দৃশ্যমান ও গম্য হইতে হইবে।
* (খ) উক্ত আসনসমূহে যাইবার জন্য ৯০০ মি.মি. x ১৫০০ মি.মি. বাধামুক্ত জায়গা থাকিতে হইবে এবং আসনসমূহ ন্যূনতম ১২০০ মি.মি. চওড়া আইল এর ধারে হইতে হইবে।
* (গ) সংরক্ষিত আসন একই সারিতে অন্যান্য আসনের একইতলে অবস্থিত হইবে এবং তাহা অন্যান্য সাধারণ আসনগুলো ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করিতে পারিবে না।
