> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://docs.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ষষ্ঠ অধ্যায়: স্বাস্থ্য ও নিরাপত্তা

> Chapter Six: health and safety requirements: light and ventilation, boundary walls, water supply and drainage, waste disposal, utility clearances, and fire safety (বিধি ৬১).

## ষষ্ঠ অধ্যায়

### স্বাস্থ্য ও নিরাপত্তা

## বিধি ৬১। স্বাস্থ্য ও নিরাপত্তা।

—ইমারতের বসবাসযোগ্যতা নিশ্চিত করিবার লক্ষ্যে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:—

### (ক) আলো ও বায়ুপ্রবাহ

* (১) প্রত্যেকটি ইমারতে জানালা, স্কাইলাইট (Skylight), ফ্যানলাইট (Fanlight) ও দরজার মাধ্যমে অথবা অন্য যেকোনো প্রাকৃতিক উপায়ে স্বাভাবিক আলো-বাতাসের প্রবাহ রাখিতে হইবে;
* (২) আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত কক্ষের জানালার ক্ষেত্রফল উক্ত কক্ষের মেঝের ক্ষেত্রফলের ন্যূনতম ১৫% এর সমান হইবে, যাহার কমপক্ষে অর্ধেক অংশ খোলা থাকিতে হইবে, তবে রান্নাঘর, গোসলখানা, টয়লেট, ইত্যাদির ক্ষেত্রে বিধি ৫৭ এর দফা (খ) ও (গ) এর বিধান অনুসরণ করিতে হইবে;
* (৩) যেক্ষেত্রে ইমারতে যথাযথ শীতাতপ নিয়ন্ত্রণ বা যান্ত্রিক উপায়ে যথাযথভাবে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয় এবং কৃত্রিম আলোর ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে আলো ও বায়ুপ্রবাহের ব্যবস্থা বাধ্যতামূলক হইবে না;
* (৪) বেজমেন্টে সকল ধরনের প্রয়োজনীয় আলো, পানি ও বর্জ্য নিষ্কাশন এবং বায়ুপ্রবাহের (প্রাকৃতিক বা কৃত্রিম) ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে;
* (৫) যদি কোনো বসবাসযোগ্য কক্ষের আলো ও বাতাসের প্রধান উৎস অভ্যন্তরীণ অঙ্গন বা আঙিনা হয়, তবে উহার ক্ষেত্রফল (এরিয়া) নিম্নবর্ণিত সারণি ১২ অনুযায়ী হইতে হইবে, যথা:—

**সারণি-১২**

**অভ্যন্তরীণ অঙ্গন বা আঙিনার ন্যূনতম ক্ষেত্রফল (বসবাসযোগ্য কক্ষের জন্য)**

| ক্রমিক নম্বর | তলার সংখ্যা     | সর্বোচ্চ উচ্চতা (মিটার) | অভ্যন্তরীণ অঙ্গন বা আঙিনার ন্যূনতম নেট ক্ষেত্রফল (বর্গ মিটার) |
| ------------ | --------------- | ----------------------- | ------------------------------------------------------------- |
| (১)          | ৩ পর্যন্ত       | ১১                      | ৯                                                             |
| (২)          | ৪               | ১৪                      | ১৬                                                            |
| (৩)          | ৫               | ১৭                      | ২৫                                                            |
| (৪)          | ৬               | ২০                      | ৩৬                                                            |
| (৫)          | ৭               | ২৩                      | ৪৯                                                            |
| (৬)          | ৮               | ২৬                      | ৬৪                                                            |
| (৭)          | ৯               | ২৯                      | ৮১                                                            |
| (৮)          | ১০              | ৩৩                      | ১০০                                                           |
| (৯)          | ১১              | ৩৬                      | ১২১                                                           |
| (১০)         | ১২-১৩           | ৪২                      | ১৪৪                                                           |
| (১১)         | ১৪-১৫           | ৪৮                      | ১৯৬                                                           |
| (১২)         | ১৬-১৭           | ৫৪                      | ২৫৬                                                           |
| (১৩)         | ১৮ এবং তদূর্ধ্ব | ৬৩ এবং তদূর্ধ্ব         | ৩৬১                                                           |

**দ্রষ্টব্য:**

অভ্যন্তরীণ অঙ্গন বা আঙিনার ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে অঙ্গন বা আঙিনার ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য বৃহত্তর বাহুর দৈর্ঘ্যের এক তৃতীয়াংশের কম হইতে পারিবে না।

* (৬) টয়লেটের জানালা অভ্যন্তরীণ অঙ্গন বা আঙিনা, অভ্যন্তরীণ এয়ারওয়েল বা লাইটওয়েল এবং বায়ু চিমনীতে খুলিতে পারিবে;
* (৭) স্বাভাবিক আলো এবং বায়ু চলাচলের মাত্রা ও মানের জন্য নিম্নবর্ণিত সারণি ১৩ অনুসরণ করিতে হইবে, যথা:—

**সারণি-১৩**

### অভ্যন্তরীণ এয়ারওয়েল বা লাইটওয়েল এর ন্যূনতম মাপসমূহ

(গোসলখানা, টয়লেট ও ওয়াটার ক্লোজেটের জন্য)

| ক্রমিক নম্বর | ভবনের উচ্চতা (১) তলা | ভবনের উচ্চতা (২) উচ্চতা (মিটার) | শ্যাফটের ন্যূনতম নেট ক্রস সেকশন ক্ষেত্রফল (বর্গমিটার) (৩) | শ্যাফটের ন্যূনতম প্রস্থ (মিটার) (৪) |
| ------------ | -------------------- | ------------------------------- | --------------------------------------------------------- | ----------------------------------- |
| ১            | ৩ পর্যন্ত            | ১১                              | ১.৫                                                       | ১.০                                 |
| ২            | ৪                    | ১৪                              | ৩.০                                                       | ১.২                                 |
| ৩            | ৫                    | ১৭                              | ৪.০                                                       | ১.৫                                 |
| ৪            | ৬                    | ২০                              | ৫.০                                                       | ২.০                                 |
| ৫            | ৬ তলার তদূর্ধ্ব      | ২০ মিটারের তদূর্ধ্ব             | ৬.৫০                                                      | ২.৫                                 |

**দ্রষ্টব্য:**

* (১) যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা থাকিলে শ্যাফটের মাপ যান্ত্রিক ডিজাইনের প্রয়োজনের ভিত্তিতে নিশ্চিত করিতে হইবে।
* (২) ভবনের বহিরাংশে সংস্থানকৃত এয়ারওয়েল বা লাইটওয়েল এর ক্ষেত্রে এবং আবশ্যিক উন্মুক্ত স্থানের সহিত সংযুক্ত এয়ারওয়েল বা লাইটওয়েল সমূহের জন্য এই ন্যূনতম নেট ক্রস সেকশন ক্ষেত্রফল প্রযোজ্য হইবে না; তবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার স্বার্থে শ্যাফটের ন্যূনতম প্রস্থ ১ মিটার হইতে হইবে।

### (খ) সীমানা দেয়াল

* (১) আবাসিক ইমারতের ক্ষেত্রে প্লটের সকল পার্শ্বস্থ সীমানা দেয়ালের উচ্চতা ৩ (তিন) মিটারের অধিক হইতে পারিবে না, যাহা সংলগ্ন রাস্তার সর্বোচ্চ বিন্দু হইতে পরিমাপকৃত হইবে এবং সর্বোচ্চ ১.৭৫ মিটার উচ্চতা পর্যন্ত নিরেট ও বাকি অংশ বায়ু চলাচলের জন্য জালি অথবা গ্রিল করা যাইবে;

* (২) সরকারি ইমারতের সীমানা দেয়ালের ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপণের সুবিধার্থে জালি বা গ্রিল ব্যবহার করিতে হইবে এবং দেয়ালের সর্বোচ্চ উচ্চতা ২.৭৫ মিটারের অধিক হইতে পারিবে না, যাহা সংলগ্ন রাস্তার সর্বোচ্চ বিন্দু হইতে পরিমাপকৃত হইবে, প্লটের পার্শ্ব এবং পশ্চাতে সর্বোচ্চ ১.৭৫ মিটার পর্যন্ত নিরেট ও সম্মুখ অংশে ১ মিটার পর্যন্ত নিরেট এবং উভয় ক্ষেত্রেই বাকী অংশ বায়ু চলাচলের জন্য গ্রিল বা জালি ব্যবহার করা যাইবে:

  তবে শর্ত থাকে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে বা Key Point Installation হইলে নিরাপত্তা দেয়াল নিরেট হইতে পারিবে এবং দেয়ালের উচ্চতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হইবে;

* (৩) ক্রমিক নম্বর (১) ও (২) ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দেয়ালের উচ্চতা ২.৭৫ মিটারের অধিক হইতে পারিবে না, যাহা সংলগ্ন রাস্তার সর্বোচ্চ বিন্দু হইতে পরিমাপকৃত হইবে এবং প্লটের সম্মুখ ১ মিটার, পার্শ্ব এবং পশ্চাতের দিকে সর্বোচ্চ ১.৭৫ মিটার পর্যন্ত নিরেট ও বাকি অংশ বায়ু চলাচলের জন্য জালি অথবা গ্রিল ব্যবহার করা যাইবে;

* (৪) পাহাড়ি বা অসমান সাইটে সীমানা দেয়ালের উচ্চতা প্রতিটি স্প্যানের মধ্যবর্তী বিন্দু হইতে হিসাব করিতে হইবে এবং এইরূপ স্প্যানের আনুভূমিক দৈর্ঘ্য ৩.০ মিটারের অধিক হইতে পারিবে না।

### (গ) পানি সরবরাহ, পয়ঃপ্রণালি এবং নর্দমা

* (১) সকল ইমারতে পানি সরবরাহ, সেপটিক ট্যাংক, সোকওয়েল, প্রযোজ্য ক্ষেত্রে, STP এবং স্বাস্থ্য বিধানের যথাযোগ্য সুবিধাসমূহ থাকিতে হইবে;
* (২) সরকারি পয়ঃপ্রণালির ব্যবস্থা থাকিলে ইমারতের সমস্ত পয়ঃপ্রণালি এবং ময়লা পানি নির্গমন পথ ইহার সহিত সংযুক্ত হইতে পারিবে;
* (৩) যেখানে কোনো সাধারণ পয়ঃপ্রণালি নাই অথবা থাকিলে কর্তৃপক্ষ যদি বহিঃনির্গমন পথসমূহকে তাহার সহিত সরাসরি সংযুক্ত হইতে না দেয় তাহা হইলে নির্দিষ্ট আকার এবং অবস্থানে সেপটিক ট্যাংক ব্যবহার করিয়া বর্জ্য পদার্থ এবং সোক পিট ব্যবহার করিয়া নোংরা পানি নিষ্কাশন করিতে হইবে এবং বৃহৎ স্থাপনার ক্ষেত্রে STP থাকিতে হইবে। এই ক্ষেত্রে ইমারত নির্মাণ অনুমোদনের জন্য প্রস্তুতকৃত লে-আউট নকশায় STP, সেপটিক ট্যাংক এবং সোক পিট এর অবস্থান প্রদর্শন করিতে হইবে; এবং
* (৪) ছাদ হইতে বৃষ্টির পানি এবং ভূমি হইতে পানি রাস্তার নর্দমায় অথবা অন্য কোনো নির্গমন প্রণালিতে নির্গমন (অথবা প্রযোজ্য ক্ষেত্রে পুনঃব্যবহারের জন্য সংরক্ষণ) এর জন্য পর্যাপ্ত সুব্যবস্থা ইমারতে থাকিতে হইবে যাহা ইমারতের এবং ইমারত সংলগ্ন অন্যান্য ইমারতের দেয়াল অথবা ভিত্তিতে কোনো ধরনের আর্দ্রতা অথবা ক্ষতি ঘটাইবে না এবং ছাদ হইতে নির্গত পানি সংলগ্ন সম্পত্তি বা সাধারণ জনগণের ব্যবহৃত জায়গায় বা রাস্তায় পড়িতে পারিবে না।

### (ঘ) বর্জ্য নিষ্কাশন

* (১) সাইটের আঙ্গিনায় গৃহস্থালী ও অন্যান্য বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট করিয়া জায়গা রাখিতে হইবে;
* (২) হাসপাতাল, পরীক্ষাগার, শিল্প-কারখানা জাতীয় যেসব প্রতিষ্ঠান কঠিন, রাসায়নিক, ইত্যাদি বর্জ্য তৈরি করে সেইসব জায়গায় তাহা সংগ্রহ ও নিরাপদ নিষ্কাশনের ব্যবস্থা থাকিতে হইবে;
* (৩) কোনো প্রকার বর্জ্য সরাসরি জলাশয়, খাল, বিল ও নদী-নালাতে ফেলা যাইবে না; এবং
* (৪) রাসায়নিক বা বিষাক্ত বর্জ্য শোধন (treatment) না করিয়া নর্দমা, ড্রেন, ডাস্টবিন, পয়ঃনালা, জলাধার এবং উন্মুক্ত স্থানে নিষ্কাশন বা মাটির নিচে পুতিয়া রাখা যাইবে না;

### (ঙ) খোলা বৈদ্যুতিক তার ও অন্যান্য ইউটিলিটি

* (১) খোলা বৈদ্যুতিক তার ও অন্যান্য ইউটিলিটির ক্ষেত্রে নিম্নবর্ণিত সারণি ১৪ এবং এতদসংক্রান্ত বিদ্যুৎ বিভাগের বিধিমালা/নির্দেশাবলি অনুসরণ করিতে হইবে, যথা:

**সারণি-১৪**

### ভবন সংলগ্ন বৈদ্যুতিক লাইনের ন্যূনতম দূরত্ব

| ক্রমিক নম্বর | লাইন ভোল্টেজ                                       | উলম্ব                                                    | আনুভূমিক                                                  |
| ------------ | -------------------------------------------------- | -------------------------------------------------------- | --------------------------------------------------------- |
| (১)          | (২)                                                | (৩)                                                      | (৪)                                                       |
| ১            | লো হইতে মিডিয়াম ভোল্টেজ লাইন এবং সার্ভিস লাইনসমূহ | ২.৫                                                      | ১.২৫                                                      |
| ২            | ৩৩ কেভি পর্যন্ত হাই ভোল্টেজ লাইন                   | ৩.৫                                                      | ১.৭৫                                                      |
| ৩            | ৩৩ কেভি এর অধিক হাই ভোল্টেজ লাইন                   | ৩.৫ এবং প্রতি ৩৩ কেভি অথবা আংশিক মানের জন্য অতিরিক্ত ০.৩ | ১.৭৫ এবং প্রতি ৩৩ কেভি অথবা আংশিক মানের জন্য অতিরিক্ত ০.৩ |

* (২) যদি এই সকল ইউটিলিটি লাইন জমির উপর দিয়া, মাটি ছুঁইয়া বা জমির নিচ দিয়া যায় এবং এই লাইনগুলি নির্মাণকার্যের সুবিধার্থে পরিবর্তন করিতে হয়, তাহা হইলে এই পরিবর্তনের খরচ আবেদনকারীকে বহন করিতে হইবে এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনুমোদিত সড়ক খনন ও পুন:নির্মাণ বিষয়ক বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করিতে হইবে;

### (চ) অগ্নি নিরাপত্তা

* (১) ইমারত ব্যবহারকারীদের সংগত নিরাপত্তার জন্য, প্রযোজ্য ক্ষেত্রে, অগ্নি নির্বাপক নিরাপত্তার সকল ব্যবস্থা পরিশিষ্ট-১ অনুযায়ী নিশ্চিত করিতে হইবে;
* (২) প্রযোজ্য সকল ইমারতে জরুরি প্রস্থান প্রদর্শনকারী দিকচিহ্ন থাকিতে হইবে; এবং
* (৩) বিশেষ নির্দেশনা না থাকিলে যন্ত্রচালিত উঠানামার ব্যবস্থা জরুরি নির্গমন পথ (Fire Exit) হিসাবে ব্যবহার করা যাইবে না।
