Skip to main content
রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন তারিখ: ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ/১১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ এস.আর.ও. নং ৪৬৯-আইন/২০২৫। — Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 18 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা:—

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

বিধি ১। শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

  • (১) এই বিধিমালা ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ নামে অভিহিত হইবে।
  • (২) ইহা Town Improvement Act, 1953 (Act No. XIII of 1953) এর আওতাভুক্ত ঢাকা মহানগর মহাপরিকল্পনাভুক্ত (Master Plan) এলাকার জন্য প্রযোজ্য হইবে।
  • (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

বিধি ২। সংজ্ঞা

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়—
  • (১) “অনুমোদিত নকশা” অর্থ Bangladesh National Building Code, 2020 এবং এতদসংক্রান্ত প্রচলিত অন্যান্য বিধি-বিধান অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা;
  • (২) “অথরাইজড অফিসার” অর্থ Building Construction Act, 1952 এর section 2 এর clause (a)-তে বর্ণিত Authorised Officer;
  • (৩) “অঙ্গন” বা “আঙ্গিনা” অর্থ ভূমিতে অবস্থিত ইমারত দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে বেষ্টিত স্থায়ীভাবে উন্মুক্ত কোনো পরিসর;
  • (৪) “অগ্নি নিরাপদ সিঁড়ি” অর্থ বিভিন্ন তলা হইতে ল্যান্ডিং বা লবি দ্বারা সংযোজিত অগ্নি-নিরোধক উপকরণ দ্বারা নির্মিত সিঁড়ি, যাহা অগ্নি-প্রতিরোধক দরজার মাধ্যমে ইমারত বা অন্যান্য ব্যবহারিক এলাকা হইতে সুরক্ষিত এবং ইমারতের বহির্ভাগে খোলা স্থানের সহিত উন্মুক্ত থাকিবে;
  • (৫) “অগ্নি-প্রতিরোধক দরজা” অর্থ বিশেষভাবে তৈরি দরজা (Fire Grade) যাহা নির্দিষ্ট সময়ের জন্য তাপ ও আগুন সঞ্চালনের প্রতিরোধক হিসাবে কাজ করে;
  • (৬) “অকুপেন্সি টাইপ” অর্থ পরিশিষ্ট-৩ এ নির্ধারিত ইমারতের ব্যবহারভিত্তিক শ্রেণিবিন্যাস এবং উক্ত নির্ধারিত ধরনের ব্যবহারের সহিত সংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যবহারও ইহার অন্তর্ভুক্ত হইবে; তবে এক্ষেত্রে কোনো অস্পষ্টতা নিরসরণকল্পে কোড অনুসরণ করিতে হইবে;
  • (৭) “আইন” অর্থ Building Construction Act, 1952 (Act No. II of 1953);
  • (৮) “আবেদন” অর্থ এই বিধিমালার অধীন কোনো আবেদন;
  • (৯) “আবেদনকারী” অর্থ সংশ্লিষ্ট ভূমির বৈধ মালিক অথবা ভূমির বৈধ মালিক কর্তৃক আমমোক্তারনামা বলে আবেদনকারী হিসাবে নিযুক্ত ব্যক্তি অথবা প্রতিষ্ঠান;
  • (১০) “আবেদন ফি” অর্থ এই বিধিমালার অধীন সেবাগ্রহীতা কর্তৃক দাখিলকৃত আবেদনের ফি;
  • (১১) “আচ্ছাদিত স্থান” অর্থ ইমারত দ্বারা ভূমিতলসহ উপরিভাগের আচ্ছাদিত ক্ষেত্র, যাহা শিল্প স্তরের ঠিক পরবর্তী স্তর বা তলা, তবে নিম্নবর্ণিত স্থানসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:—
    • (ক) বাগান, পারগোলা, তরুশালা, জলাশয়, সুইমিংপুল (অনাচ্ছাদিত), গাছের নিচের বেদী, জলাধার, ফোয়ারা এবং আসন;
    • (খ) জলনির্গমন ব্যবস্থা, কালভার্ট, সেপটিক ট্যাংক, সোক পিট;
    • (গ) সীমানা প্রাচীর ও ফটক, পোর্চ, র‍্যাম্প, উন্মুক্ত সিঁড়ি (গ্রাউন্ড ফ্লোর), গার্ডরুম, বিচ্ছিন্ন পাম্প হাউজ (বৃহৎ শিল্প, এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ইত্যাদি) গার্বেজ সুট, অনাচ্ছাদিত যেকোনো ইউটিলিটি স্ট্রাকচার, কার্নিশ এবং সানসেড কর্তৃক আচ্ছাদিত স্থান;
  • (১২) “আপিল কমিটি” অর্থ বিধি ৩১ এর অধীন গঠিত আপিল কমিটি;
  • (১৩) “আবেদনকারীর প্রতিনিধি” অর্থ নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকির নিমিত্ত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত ডেভেলপার, সরকার অনুমোদিত পেশাজীবী প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধিত স্থপতি, প্রকৌশলী বা পরিকল্পনাবিদ এবং সরকার কর্তৃক নিবন্ধিত এতদসংশ্লিষ্ট অন্যান্য কারিগরি ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহাকে ভূমির মালিকের পক্ষে আবেদনকারী হিসাবে দায়িত্ব পালন করিবার উদ্দেশ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মনোনীত করা হইয়াছে, যথা:—
    • (ক) আবেদনকারীর প্রতিনিধির নিয়োগ লিখিতভাবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমের মাধ্যমে ও স্বাক্ষরযুক্ত হইতে হইবে; এবং
    • (খ) আবেদনকারীর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত ভূমি বা সম্পত্তির দলিলাদির সঠিকতা সম্পর্কে আবেদনকারী দায়ী থাকিবেন;
  • (১৪) “অ্যাজ-বিল্ট ড্রয়িং” বা “ইমারতের নির্মিত নকশা” অর্থ নির্মাণকাজ সম্পন্ন হইবার পর সংশ্লিষ্ট কারিগরি (স্থপতি বা প্রকৌশলী) ব্যক্তি দ্বারা স্বাক্ষরিত ইমারতের বাস্তবায়িত বা নির্মিত স্থাপত্য, কাঠামো, বিল্ডিং সার্ভিসেস সম্পর্কিত সকল নকশা;
  • (১৫) “ইমারত” অর্থ আইনের section 2 এর clause (b) এবং কোডের Article 6 এ সংজ্ঞায়িত Building;
  • (১৬) “ইমারত নির্মাণ কমিটি” অর্থ আইনের section 3 এর sub-section (2) এ উল্লিখিত কমিটি;
  • (১৭) “ইমারতের উচ্চতা” অর্থ রেফারেন্স ডেটাম (নিকটতম ফুটপাথের উচ্চতা অথবা উহার কেন্দ্রস্থলে অবস্থিত নিকটতম রাস্তা বা রাস্তা সংলগ্ন ফুটপাথের উচ্চতা, যাহা বেশি) হইতে ভবনের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত উলম্ব দূরত্ব, যাহার মধ্যে ইমারতের উপর অন্যান্য স্থাপনা বা ইমারতের অন্যান্য উপাদান, যেমন ইমারতের ছাদে অবস্থিত সিঁড়িঘর, জলাধার, স্থাপত্যের উপাদান, লাইটনিং এরেস্টার, এন্টেনা বা মোবাইল টাওয়ার, ইত্যাদি অন্তর্ভুক্ত হইবে;
  • (১৮) “ইমারত পরিদর্শক” অর্থ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ইমারত সংশ্লিষ্ট পরিদর্শন কাজে নিয়োজিত হইবেন;
  • (১৯) “ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা তড়িৎ প্রকৌশলী” অর্থ যিনি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সদস্য এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (২০) “উচ্চতা” অর্থ—
    • (ক) কক্ষের উচ্চতার ক্ষেত্রে সম্পন্নকৃত মেঝের উপর হইতে বাধামুক্ত ছাদের নিচ তল পর্যন্ত উলম্ব পরিমাপ;
    • (খ) কোনো তলার উচ্চতার ক্ষেত্রে সম্পন্নকৃত একটি তলার মেঝের উপর হইতে অন্য তলার মেঝের উপর পর্যন্ত অথবা পরবর্তী তল না থাকিলে ছাদ বা আচ্ছাদনের উপর পর্যন্ত উলম্ব পরিমাপ;
    • (গ) দেয়ালের উচ্চতা হিসাবে একটি দেয়ালের ভূমি হইতে দেয়ালের উপরিভাগ পর্যন্ত উলম্ব পরিমাপ;
  • (২১) “উন্মুক্ত জায়গা বা স্থান” অর্থ সাইটের সর্বোচ্চ ভূমি আচ্ছাদনের বহির্ভূত অংশ যাহা ভূমিতল হইতে ঊর্ধ্বদিকে উন্মুক্ত;
  • (২২) “উন্নয়ন স্বত্ব বিনিময় (Transfer of Development Rights, TDR)” অর্থ কর্তৃপক্ষের আওতাধীন প্রেরণ এলাকা (sending site, যেখানে মহাপরিকল্পনা, আইন বা বিধিমালা দ্বারা উন্নয়ন কার্যক্রম অনুমোদিত নহে কিংবা সংরক্ষিত এলাকা যেমন, উন্মুক্ত স্থান, কৃষি জমি, বন্যাপ্রবাহ এলাকা, পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনা ইত্যাদি) হইতে গ্রহণ এলাকায় (receiving site, যেখানে মহাপরিকল্পনা, আইন বা বিধিমালা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম অনুমোদিত) উন্নয়ন স্বত্ব অর্থের বা সুবিধাদির বিনিময়ে স্থানান্তর হয়;
  • (২৩) “এট্রিয়াম (Atrium)” অর্থ ইমারতের অভ্যন্তরে একাধিক তল বিশিষ্ট একটি বৃহৎ আয়তনের স্থান যাহা সর্বনিম্ন ২ (দুই) তলা ও অনুমোদিত ভবনের উচ্চতাকে সর্বোচ্চ, করিডোর বা অনুরূপ উপাদান রহিয়াছে এবং যাহার উপরিতল গ্লেজিং (Glazing) বা তল দ্বারা সম্পূর্ণ বা আংশিক আচ্ছাদিত, তবে যথাযথ বায়ু চলাচলের ব্যবস্থা থাকিতে হইবে;
  • (২৪) “এয়ারওয়েল” বা “লাইটওয়েল” অর্থ প্রাকৃতিক বায়ু ও আলো চলাচলের সুবিধা অর্জনের উদ্দেশ্যে ইমারতের অভ্যন্তরে অবস্থিত ঊর্ধ্বদিকে স্থায়ীভাবে উন্মুক্ত পরিসর যাহা ইমারত দ্বারা আবদ্ধ;
  • (২৫) “এপার্টমেন্ট কমপ্লেক্স” অর্থ একাধিক ভবনের মধ্যে একগুচ্ছ আবাস বা এপার্টমেন্ট বা ফ্ল্যাটের সমাবেশ যেখানে বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ ও বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী সাধারণ নাগরিক সুযোগ-সুবিধা সকলের সম্মিলিত ব্যবহারের জন্য বিদ্যমান থাকে;
  • (২৬) “ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনা বা স্থান বা এলাকা” অর্থ সরকার কর্তৃক অনুমোদিত এবং গেজেটকৃত ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনা বা স্থান বা এলাকা;
  • (২৭) “এলাকা ভিত্তিক Floor Area Ratio (FAR)” অর্থ মহাপরিকল্পনায় বর্ণিত প্রতিটি জনঘনত্ব ব্লকের অধীন উল্লিখিত FAR;
  • (২৮) “কর্তৃপক্ষ” অর্থ Town Improvement Act, 1953 এর অধীন প্রতিষ্ঠিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক);
  • (২৯) “কাজ আরম্ভ” অর্থ ইমারত নির্মাণের উদ্দেশ্যে মাটি কাটা, পাইলিং বা ভিত্তি নির্মাণ বা যেকোনো নির্মাণ, পুনঃনির্মাণ অথবা বিদ্যমান ইমারতে পরিবর্তন বা পরিবর্ধনের প্রকৃত সূত্রপাত;
  • (৩০) “কার্নিশ” অর্থ রোদ বা বৃষ্টি হইতে রক্ষার জন্য ইমারতের সর্বশেষ ছাদের বর্ধিতাংশ যাহা কোনো দেয়াল দ্বারা আবদ্ধ করা যাইবে না;
  • (৩১) “কাড (Loft)” অর্থ ছাদ ও মেঝের মধ্যবর্তী অপর একটি ছাদ দ্বারা তৈরি অন্যূন ১.৫ (এক দশমিক পাঁচ) মিটার উচ্চতা বিশিষ্ট স্থান, যাহা তাপ প্রতিরোধ এবং সর্বোচ্চ ছাদের আর্দ্রতা প্রতিরোধক হিসাবে, স্যানিটারি, মেকানিক্যাল কাজে, পানি সংরক্ষণ, ছাদে বাগান, সুইমিং পুল বা অনুরূপ কাজে ব্যবহৃত হইতে পারে;
  • (৩২) “কোড” অর্থ Bangladesh National Building Code (BNBC), 2020;
  • (৩৩) “স্ট্রাকচারাল প্রকৌশলী” অর্থ কোনো পুরকৌশলী বা পুর-প্রকৌশলী যিনি কাঠামো ডিজাইন (design) প্রণয়নে অভিজ্ঞ এবং বিধি ৩৬ অনুযায়ী কারিগরি ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত ও সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্য;
  • (৩৪) “কারিগরি ব্যক্তি” অর্থ বিধি ৩৬ এর অধীন তালিকাভুক্ত কোনো কারিগরি ব্যক্তি;
  • (৩৫) “চেয়ারম্যান” অর্থ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান;
  • (৩৬) “চিমনী” অর্থ ইমারতের এইরূপ অংশ যাহার মাধ্যমে তাপ উৎপাদনকারী যন্ত্রাদি হইতে দহনক্রিয়ার মাধ্যমে নির্গত বা উৎপন্ন বস্তুসমূহ ধূম্রনালীর মাধ্যমে উন্মুক্ত বাতাসে নির্গত হয়;
  • (৩৭) “জিওটেকনিক্যাল প্রকৌশলী” অর্থ বিধি ৩৬ হইতে বিধি ৩৮ এ বর্ণিত স্নাতক বা স্নাতকোত্তর পুর-প্রকৌশলী যাহার জিও টেকনিক্যাল বা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতা রহিয়াছে এবং যিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর সদস্য;
  • (৩৮) “জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বা প্রধান সড়ক” অর্থ সংশ্লিষ্ট আইন অনুযায়ী বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বা প্রধান সড়ক;
  • (৩৯) “ঝুঁকিপূর্ণ ইমারত” অর্থ কোড অনুযায়ী কাঠামোগত অনিরাপদ, জরাজীর্ণ, অস্বাস্থ্যকর, অগ্নি-ঝুঁকিপূর্ণ, যথাযথ জরুরি নির্গমন পথবিহীন, ভগ্নপ্রায়, যথাযথ রক্ষণাবেক্ষণবিহীন, পরিত্যক্ত, অধিবাসী ও সংলগ্ন এলাকার জনসাধারণের নিরাপত্তার প্রতি হুমকি হিসাবে কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত যেকোনো ইমারত বা নির্মাণকার্য;
  • (৪০) “বুলন্ত প্লান্টার” অর্থ ইমারত হইতে বর্ধিত একটি বুলন্ত সর্বোচ্চ ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) মিটার গভীরতা বিশিষ্ট স্থান যাহাতে গাছপালা জন্মাইতে পারে এবং যাহার ক্ষেত্রফল সংশ্লিষ্ট ফ্লোর এরিয়ার সর্বোচ্চ ২.৫% (দুই দশমিক পাঁচ শতাংশ) পর্যন্ত হইতে পারিবে, ইহার অধিক হইলে FAR অন্তর্ভুক্ত হইবে; তবে কোনোক্ষেত্রেই সেটব্যাকে করা যাইবে না;
  • (৪১) “টোটাল ফ্লোর এরিয়া” অর্থ ইমারতের সকল ফ্লোর (FAR অন্তর্ভুক্ত ও বহির্ভূত) এরিয়ার যোগফল;
  • (৪২) “ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP)” অর্থ মহাপরিকল্পনার আওতাভুক্ত কোনো এলাকার পরিকল্পিত উন্নয়নের জন্য বিস্তারিত স্থানিক নকশাসহ পরিকল্পনা;
  • (৪৩) “ডিজিটাল স্বাক্ষর” অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১)-এ সংজ্ঞায়িত ইলেক্ট্রনিক স্বাক্ষর;
  • (৪৪) “ডিপ্লোমা স্থপতি” অর্থ এইরূপ কারিগরি ব্যক্তি যিনি স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি ইনস্টিটিউট হইতে স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা ইন আর্কিটেকচার সনদপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সদস্য এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (৪৫) “ডিপ্লোমা প্রকৌশলী” অর্থ এইরূপ কারিগরি ব্যক্তি যিনি স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য, এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (৪৬) “ডেভেলপার” অর্থ রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সনের ৪৮ নং আইন) এর অধীনে নিবন্ধিত ব্যক্তি;
  • (৪৭) “নির্মাণ” অর্থ যেকোনো ধরনের ইমারত বা স্থাপনা নির্মাণ, পুনঃনির্মাণ বা প্রতিস্থাপন;
  • (৪৮) “নির্মাণ তদারকি” অর্থ বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি কর্তৃক পূর্ণকালীন নির্মাণ তদারকি;
  • (৪৯) “নির্মাতা” অর্থ আবেদনকারী ভূমি মালিক বা আবেদনকারী কর্তৃক নিয়োজিত নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান;
  • (৫০) “নির্মাণ অনুমোদন নকশা” অর্থ এই বিধিমালার অধীন নির্মাণ সময়ের জন্য কর্তৃপক্ষ কর্তৃক ইমারত বা স্থাপনার স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং নকশা এবং, প্রযোজ্য ক্ষেত্রে, মেকানিক্যাল, অগ্নিনিরাপত্তা ও নির্বাপন নকশা;
  • (৫১) “নকশা” অর্থ এই বিধিমালার অধীন ইমারত বা স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত কোনো নকশা;
  • (৫২) “নগর উন্নয়ন কমিটি” অর্থ বিধি ৩২ এর অধীন গঠিত নগর উন্নয়ন কমিটি;
  • (৫৩) “নির্মাণ অনুমোদন ফি” অর্থ এই বিধিমালার অধীন স্থাপনা নির্মাণের নিমিত্ত পরিশিষ্ট ৪ এ উল্লিখিত ফি;
  • (৫৪) “নগর পুনঃউন্নয়ন” অর্থ শহরের কোনো ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ বা অপ্রতুল নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন এলাকার সহজাত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখিয়া পুনঃউন্নয়ন প্রক্রিয়ায় উক্ত এলাকার জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা ও কাঠামোগত উন্নয়ন;
  • (৫৫) “তলা” অর্থ ইমারতের যেকোনো ফ্লোর বা মেঝের উপরিপৃষ্ঠ এবং পরবর্তী ফ্লোরের সম্পর্কিত উপরিভাগ অথবা পরবর্তী ফ্লোর না থাকিলে ছাদ বা অন্য আচ্ছাদনের সম্পর্কিত উপরিপৃষ্ঠ;
  • (৫৬) “তালিকাভুক্ত ইমারত বা স্থাপনা” অর্থ নান্দনিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান অথবা আধ্যাত্মিক গুরুত্ব বহনকারী অথবা সরকার কর্তৃক অনুমোদিত ও গেজেটকৃত ইমারত বা স্থাপনা;
  • (৫৭) “পরিশিষ্ট” অর্থ এই বিধিমালার কোনো পরিশিষ্ট;
  • (৫৮) “প্রস্থান পথ (Exit)” অর্থ কোনো বিল্ডিং এর যেকোনো তলা হইতে রাস্তা বা নিরাপদ উন্মুক্ত স্থানে যাইবার জন্য বহির্গমন পথ;
  • (৫৯) “প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা” বা “বায়ু চলাচল ব্যবস্থা” অর্থ ইমারতের দরজা-জানালা মাধ্যমে বাতাসের স্বাভাবিক প্রবাহ ঘরের অভ্যন্তরে সরবরাহ ব্যবস্থা;
  • (৬০) “প্যারাপেট” অর্থ অন্যূন ১ (এক) মিটার উচ্চতা বিশিষ্ট রেলিং অথবা দেয়াল যাহা ছাদ বা তলার চারপাশ ঘিরে তৈরিকৃত;
  • (৬১) “পার্কিং স্থান” অর্থ যানবাহন রাখিবার মতো আবদ্ধ বা খোলা, বিধি অনুযায়ী আচ্ছাদিত বা উন্মুক্ত পর্যাপ্ত আয়তনের জায়গা, যাহার সহিত যানবাহন যাতায়াত উপযোগী পথের মাধ্যমে ভিতর ও বাহিরের রাস্তার সংযোগ থাকে;
  • (৬২) “পেশাজীবী প্রতিষ্ঠান” অর্থ বিধি ৩৬ এ উল্লিখিত কোনো প্রতিষ্ঠান;
  • (৬৩) “পরিকল্পনাবিদ” অর্থ যিনি নগর ও অঞ্চল বা গ্রামীণ পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সদস্য এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (৬৪) “পরামর্শক” অর্থ বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত কোনো কারিগরি ব্যক্তি বা প্রতিষ্ঠান;
  • (৬৫) “প্লাম্বিং প্রকৌশলী” অর্থ স্থপতি, পুরকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী বা ডিপ্লোমা পুরকৌশলী যিনি প্লাম্বিং বিষয়ে অভিজ্ঞ এবং বিধি ৩৬ অনুযায়ী কারিগরি ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত ও সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্য;
  • (৬৬) “পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” অর্থ যেকোনো পয়ঃনালী, নর্দমা, সেপটিক ট্যাংক, সোকওয়েল, পরিশোধন কেন্দ্র অথবা সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থাদি;
  • (৬৭) “পাহাড়” অর্থ সন্নিহিত স্থান হইতে নির্দিষ্ট আয়তনের উঁচু কোনো প্রাকৃতিক ভূখন্ড যাহা মাটি বা পাথরের তৈরি, প্রায় বর্তুলাকার এবং যাহার ঢাল খুব তীক্ষ্নভাবে খাড়া নহে;
  • (৬৮) “প্লিন্থ” অর্থ প্লট সংলগ্ন রাস্তার সাপেক্ষে অন্যূন ০.৪৫ (শূন্য দশমিক চার পাঁচ) মিটার ও অনধিক ১.৮৫ (এক দশমিক আট পাঁচ) মিটার এবং Formation Level হইতে সর্বোচ্চ ১ (এক) মিটার উচ্চতা যাহা ভবনের মূল তল হিসাবে বিবেচ্য;
  • (৬৯) “পোডিয়াম” অর্থ ইমারতের সম্পূর্ণ (প্যারাপেড ব্যতীত) বা আংশিক নিম্নাংশ যাহা ইমারতের সম্মুখ সংলগ্ন রাস্তার উপরিতল হইতে ১২ (বারো) মিটার উচ্চতার মধ্যে সীমাবদ্ধ হইবে;
  • (৭০) “প্রকৌশলী” অর্থ যিনি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এবং বিধি ৩৬ অনুযায়ী কারিগরি ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত এবং সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্য;
  • (৭১) “পরামর্শক প্রতিষ্ঠান” অর্থ পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্য ও বিধি অনুযায়ী তালিকাভুক্ত কারিগরি লোকবলের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান যাহা পেশাগত সেবা প্রদানের জন্য গঠিত;
  • (৭২) “ফরম” অর্থ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম;
  • (৭৩) “ফলস সিলিং” অর্থ কক্ষের উচ্চতার মধ্যে একটি মধ্যবর্তী অতিরিক্ত ছাদ, যাহা নান্দনিক কারণে, ভাবিতার বা সার্ভিস তদারকি, ইত্যাদি কাজে ব্যবহৃত হয়, তবে উহা বসবাসযোগ্য নহে;
  • (৭৪) “ফিন্স বা লুভার (Fins or Louver)” অর্থ ইমারতের একটি খাড়া বা আনুভূমিক উপাদান, যাহা সচরাচর সূর্য ও বৃষ্টি হইতে রক্ষা পাইবার জন্য জানালা, বারান্দা, বেলকনি ও করিডোরের বহির্মুখে ব্যবহৃত হয়;
  • (৭৫) “ফিনিসড ফ্লোর লেভেল (Finished Floor Level)” অর্থ মেঝের সম্পন্নকৃত উপরিতল;
  • (৭৬) “ফিনিসড গ্রাউন্ড লেভেল (Finished Ground Level)” অর্থ জমির সম্পন্নকৃত উপরিতল;
  • (৭৭) “ফিনিসড সিলিং লেভেল (Finished Celling Level)” অর্থ ছাদের সম্পন্নকৃত নিম্নতল;
  • (৭৮) “ফুটপাত” অর্থ রাস্তার পার্শ্বে বা অন্য কোনো স্থানে পায়ে হাঁটার পথ;
  • (৭৯) “ফ্ল্যাট বা এপার্টমেন্ট” অর্থ বাসযোগ্য একক আবাস, যাহার মধ্যে রান্নাঘর, গোসলখানা, শৌচাগার, প্রসাধনকক্ষ, ইত্যাদি অন্তর্ভুক্ত থাকিবে;
  • (৮০) “ফ্লোর এরিয়া (Floor Area)” অর্থ দেয়াল ও অন্যান্য ভারবাহী কাঠামোর আনুভূমিক ক্ষেত্রফলসহ ইমারতের ব্যবহারযোগ্য একটি তলার ক্ষেত্রফল;
  • (৮১) “ফ্লোর এরিয়া অনুপাত (Floor Area Ratio বা FAR)” অর্থ জমির ক্ষেত্রফলের অনুপাতে ইমারতে সন্নিবেশযোগ্য সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল, যথা: একটি প্লটের মাঝে তৈরি সম্পূর্ণ ফ্লোর এরিয়ার যোগফলকে উক্ত প্লটের বিদ্যমান জমির ক্ষেত্রফল দ্বারা বিভাজনের ফল, যাহার ফর্মুলা নিম্নরূপ—
  • (৮২) “বসতবাড়ি” অর্থ স্বতন্ত্র বসবাস, রন্ধন এবং স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা সংবলিত এক স্বাবলম্বী বসত ব্যবস্থা যাহা এক বা একাধিক কক্ষের সমন্বয়ে গঠিত ইমারত বা ইমারতের অংশবিশেষ;
  • (৮৩) “বন্যার পানি উচ্চতা” অর্থ একটি নির্দিষ্ট এলাকার জন্য ভূমি অথবা নদীর সর্বোচ্চ তল হইতে বন্যাকালীন পানির উচ্চতা, যাহা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক Flood Hazard Map এ সংরক্ষিত;
  • (৮৪) “বসবাসযোগ্য কক্ষ” অর্থ লিভিং রুম, শয়ন, অধ্যায়ন বা খাওয়ার জন্য ব্যবহৃত কক্ষ; তবে বাথরুম, টয়লেট, রান্নাঘর, লন্ড্রি, ভান্ডার, করিডোর, প্যান্ট্রি, ভূগর্ভস্থ রুম, চিলেকোঠা, অনিয়মিত ব্যবহৃত জায়গা ইহার অন্তর্ভুক্ত হইবে না;
  • (৮৫) “বসবাস বা ব্যবহার সনদ” অর্থ বিধি ২২ এর অধীন প্রদত্ত বসবাস বা ব্যবহার সনদ বা, ক্ষেত্রমত, বিধি ২৫ এর অধীন নবায়নকৃত বসবাস বা ব্যবহার সনদ;
  • (৮৬) “বহুতল ইমারত” অর্থ কোডের Article 6 এ সংজ্ঞায়িত High Rise Building বা বহুতল ইমারত;
  • (৮৭) “ব্যালকনি” অর্থ ইমারতের মূল অংশ হইতে বহিঃদিকে বর্ধিত যাহা প্লিন্থ হইতে অন্যূন ২.২৮৬ (দুই দশমিক দুই আট ছয়) মিটার উচ্চতায় ব্যবহারযোগ্য জায়গা যাহার ভূমি পর্যন্ত বর্ধিত কোনো অবলম্বন নাই, বাহিরের দিকে নিরেট কোনো বেষ্টনী দ্বারা সম্পূর্ণ আবদ্ধ নহে এবং যাহার ২ (দুই) বা ৩ (তিন) পার্শ্ব অবাধ বা উন্মুক্ত থাকিবে: তবে শর্ত থাকে যে,
    • (ক) ব্যালকনিতে ব্যবহৃত নিরেট বেষ্টনীর উচ্চতা সর্বোচ্চ ১.২৫ (এক দশমিক দুই পাঁচ) মিটার হইবে;
    • (খ) কোনো অবস্থাতেই ইমারতের সেটব্যাকের মধ্যে উক্ত ব্যালকনি বর্ধিত হইতে পারিবে না;
  • (৮৮) “ব্যত্যয়কৃত ইমারত বা ভবন” অর্থ কোড ও বিধির ব্যত্যয় করিয়া নির্মিত অনুমোদিত বা অননুমোদিত ইমারত;
  • (৮৯) “বারান্দা” অর্থ ইমারতের যেকোনো তলে অবস্থিত অংশ, যেখানে ছাদ বা সিলিং রহিয়াছে ও কমপক্ষে একটি দিক বাহিরের দিকে ২.১৩ (দুই দশমিক এক তিন) মিটার উচ্চতা পর্যন্ত খোলা এবং বিধি অনুযায়ী অন্যূন উচ্চতা বিশিষ্ট বেষ্টনী বা গার্ডরেইল দ্বারা আবদ্ধ;
  • (৯০) “বিদ্যমান ইমারত” অর্থ এই বিধিমালা কার্যকর হইবার পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বা অ-অনুমোদিত কোনো ইমারত;
  • (৯১) “বিশেষ এলাকা” অর্থ প্রাকৃতিক বা সাংস্কৃতিক গুরুত্ব বহনকারী এবং মহাপরিকল্পনার অধীন প্রস্তুত বিশদ অঞ্চল পরিকল্পনাতে নির্দেশিত এলাকা;
  • (৯২) “বিশেষ ইমারত” অর্থ বিধি ১০ এর উপ-বিধি (১) এ উল্লিখিত শ্রেণির ইমারত;
  • (৯৩) “বেজমেন্ট” অর্থ ইমারতের তল যাহার ৫০% (পঞ্চাশ শতাংশ) বা তদূর্ধ্ব অংশ প্রধান প্রবেশ পথের সর্বোচ্চ উপরিতল হইতে ১ (এক) মিটার বা তদূর্ধ্ব গভীরতায় অবস্থিত;
  • (৯৪) “ভূমি আচ্ছাদন” অর্থ ইমারত দ্বারা আবৃত জমির পরিমাণ যাহা শতকরা হার হিসাবে উল্লিখিত হইবে, যথা:—
  • (৯৫) “পরিকল্পনা অনুমোদনপত্র” অর্থ কর্তৃপক্ষ কর্তৃক Town Improvement Act, 1953 (Act No. XIII of 1953) এর অধীন প্রণীত মহাপরিকল্পনা এবং মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ (২০০০ সনের ৩৬ নং আইন) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিমালার আলোকে প্রদত্ত পরিকল্পনা অনুমোদন সম্পর্কিত পত্র;
  • (৯৬) “ভূমি জরিপকারী” অর্থ কোনো কারিগরি ব্যক্তি যিনি ভূমি জরিপকারী হিসাবে বিধি ৩৬ এ উল্লিখিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠানে তালিকাভুক্ত;
  • (৯৭) “মহাপরিকল্পনা” অর্থ Town Improvement Act, 1953 (Act No. XIII of 1953) এর অধীন প্রণীত সর্বশেষ অনুমোদিত পরিকল্পনা;
  • (৯৮) “মেজানাইন তলা (Mezzanine Floor)” অর্থ যেকোনো কক্ষের মেঝে ও ছাদের অন্তর্বর্তী এক বা একাধিক আংশিক তলা, তবে ইহা মেঝের আয়তনের এক তৃতীয়াংশ অপেক্ষা অধিক হইতে পারিবে না, ইমারতের তলা গণনা করিবার ক্ষেত্রে মেজানাইন তলাকে ইমারতের তলা হিসাবে গণ্য করা হইবে না, কিন্তু মেজানাইন তলার প্রযোজ্য অংশ FAR ভুক্ত ক্ষেত্রফল এর অন্তর্ভুক্ত হইবে;
  • (৯৯) “মেঝে” অর্থ ভূমির আনুভূমিক ইমারতের তলা;
  • (১০০) “মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যন্ত্র প্রকৌশলী” অর্থ যিনি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সদস্য এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (১০১) “যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা” অর্থ যান্ত্রিকভাবে কোনো ইমারত বা উহার অংশ বিশেষে বাতাস প্রবেশ অথবা প্রয়োজনে বাতাস বাহির করিয়া দেওয়ার ব্যবস্থা;
  • (১০২) “রাস্তা” অর্থ ভূমি-জরিপ ম্যাপ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, মিউনিসিপ্যালিটি বা সমজাতীয় নাগরিক সুবিধা প্রদানকারী কোনো সংস্থার ম্যাপ বা রেকর্ডভুক্ত চলাচলের পথ, সকল ধরনের সড়ক, মহাসড়ক, বিদ্যমান সড়ক সংলগ্ন ফুটপাথ, ড্রেন অথবা পথ নির্মাণের জন্য নির্ধারিত স্থান (ROW); এবং উক্ত রাস্তাকে নিকটবর্তী রাস্তা চলাচলের জন্য উপযুক্ত কোনো রাস্তার সহিত সংযুক্ত হইতে হইবে;
  • (১০৩) “রাস্তার প্রস্থ” অর্থ রাস্তা, রাস্তা-সংলগ্ন ড্রেন, ফুটপাথ, ইত্যাদিসহ রাস্তার সর্বমোট বিস্তার এবং রাস্তার প্রস্থ বিবেচনার জন্য প্লটের রাস্তা সংলগ্ন দুই পাশের সীমানা কর্ণার হইতে উভয় দিকে ৫০ (পঞ্চাশ) মিটার রাস্তার দৈর্ঘ্য পর্যন্ত গড় (ন্যূনতম এবং সর্বোচ্চ) প্রস্থ বিদ্যমান রাস্তার প্রস্থ হিসাবে বিবেচনা করিতে হইবে;
  • (১০৪) “রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বা প্রকল্প” অর্থ আবাসিক বা প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক বা শিল্প প্লট উন্নয়ন ও বরাদ্দকরণ এবং নিম্নবর্ণিত প্রকল্প বা প্রকল্পসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:—
    • (ক) ডেভেলপার কর্তৃক বেসরকারি রিয়েল এস্টেট নির্মাণ, ক্রয়-বিক্রয়, বরাদ্দ, ইত্যাদির জন্য গৃহীত প্রকল্প বা প্রকল্পসমূহ;
    • (খ) সরকারের উদ্যোগে রিয়েল এস্টেট নির্মাণ, ক্রয়-বিক্রয়, বরাদ্দ, ইত্যাদির জন্য গৃহীত প্রকল্প বা প্রকল্পসমূহ;
  • (১০৫) “রোডভিত্তিক FAR” অর্থ মহাপরিকল্পনার আলোকে রাস্তার প্রশস্ততার ভিত্তিতে বিধি ৪৭ অনুসারে নির্ধারিত FAR;
  • (১০৬) “স্থপতি” অর্থ যিনি স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশ এর সদস্য এবং বিধি ৩৬ অনুযায়ী তালিকাভুক্ত;
  • (১০৭) “সংশোধন বা পরিবর্তন” অর্থ অনুমোদিত নকশার ব্যবহার পরিবর্তন বা কোনো স্থাপত্য বা কাঠামোগত পরিবর্তন যেমন: ইমারতের ক্ষেত্রফল বা উচ্চতার সহিত সংযোজন, অংশবিশেষে অপসারণ এবং কোনো দেয়াল, কলাম, বিম, সিঁড়ি, লিফট বা মেঝে নির্মাণ, কর্তন বা অপসারণ এর মাধ্যমে কাঠামোর কোনো পরিবর্তন, কোনো প্রবেশপথ বা বহির্গমন পথের পরিবর্তন বা বন্ধ করা অথবা যে কোনো উপকরণ ও সরঞ্জামাদি পরিবর্তন;
  • (১০৮) “সংযোজন” অর্থ ইমারতের মেঝের ক্ষেত্রফল, উচ্চতা বা ঘন আয়তনের সহিত যেকোনো ধরনের স্থাপনা যুক্তকরণ;
  • (১০৯) “সংরক্ষিত এলাকা” অর্থ বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বা অন্য কোনো আইন বিধি দ্বারা সংজ্ঞায়িত সংরক্ষিত এলাকা;
  • (১১০) “সারণি” অর্থ এই বিধিমালার কোনো সারণি;
  • (১১১) “সেটব্যাক (Setback)” অর্থ প্রতিটি ইমারতের সম্মুখে, পার্শ্বে এবং পশ্চাতে ন্যূনতম উন্মুক্ত স্থান;
  • (১১২) “সেটব্যাক লাইন” অর্থ প্লট বা সাইটে প্রস্তাবিত বা বিদ্যমান ইমারতের চতুর্দিকের অনুমোদনযোগ্য বা অনুমোদিত সীমারেখা;
  • (১১৩) “সার্ভিস ড্রইং” অর্থ বিধি ৩৬ অনুযায়ী নিবন্ধিত কারিগরি ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত নকশাসমূহ, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-
    • (ক) পানি সরবরাহ, পয়ঃ ও পানি নিষ্কাশন, প্রযোজ্য ক্ষেত্রে, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP), শিল্পবর্জ্য শোধনাগার (ETP), ড্রেইনেজ, গ্যাস সরবরাহ, রেটিকুলেটেড গ্যাস সরবরাহ সিস্টেম, ইত্যাদির লে-আউট প্ল্যান ও ড্রইং;
    • (খ) বৈদ্যুতিক স্থাপনা, উপ-কেন্দ্র, বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম, সৌর বৈদ্যুতিক, ইত্যাদির লে-আউট প্ল্যান ও ড্রইং;
    • (গ) শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (যদি থাকে) প্ল্যান, ডিজাইন ও লে-আউট এবং লিফট, এস্কেলেটর ও মুভিং ওয়াক স্থাপন (যদি থাকে) স্থাপনের ড্রইং;
    • (ঘ) গ্যারেজ, উত্তাপন (Heating), অভ্যন্তরীণ শব্দ (Acoustics) নিয়ন্ত্রণ সংক্রান্ত ড্রইং (প্রযোজ্য ক্ষেত্রে);
    • (ঙ) বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) সংক্রান্ত ড্রইং (প্রযোজ্য ক্ষেত্রে);
    • (চ) ফাইবার অপটিক্যাল ক্যাবল নেটওয়ার্ক এর জন্য ডাক্ট (বহুতল ইমারতের ক্ষেত্রে বাধ্যতামূলক);
    • (ছ) ভবনের অন্যান্য সেবাসমূহের বিস্তারিত ড্রইং (প্রযোজ্য ক্ষেত্রে);
  • (১১৪) “সার্ভিস কক্ষ” অর্থ বসবাস ব্যতীত অন্যান্য কক্ষ এবং আবৃত স্থান, যেমন- পার্কিং এরিয়া, ইলেকট্রো মেকানিকাল সহায়ক কক্ষ, এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট, বিল্ডিং সার্ভিসেসের জন্য সংরক্ষিত স্থান, রেটিকুলেটেড গ্যাস সরবরাহ কক্ষ, মেডিকেল গ্যাস কক্ষ, জেনারেটরের জন্য নির্ধারিত স্থান, গৃহস্থালী কাজের জন্য স্টোর রুম, স্ট্রং রুম, সার্ভিস স্টেশন, অদাহ্য বস্তু রাখিবার কক্ষসমূহ, ইত্যাদি;
  • (১১৫) “সার্ভিস রোড” অর্থ সার্ভিসের প্রয়োজনে প্লটের সম্মুখে পশ্চাতে কিংবা পার্শ্বে সংরক্ষিত রাস্তা বা লেইন;
  • (১১৬) “সাইট” অর্থ ইমারত নির্মাণ, ভূমি উন্নয়ন, পুকুর খননের জন্য নির্দিষ্ট সীমারেখা বেষ্টিত স্থান;
  • (১১৭) “সানশেড” অর্থ রোদ বা বৃষ্টি হইতে রক্ষার জন্য ইমারতের বহিঃদেওয়ালের উপর স্থাপিত ওভার হ্যাং যাহা মূল স্থাপনা হইতে সর্বোচ্চ ০.৫ (শূন্য দশমিক পাঁচ) মিটার পর্যন্ত বর্ধিত;
  • (১১৮) “সার্বজনীন গম্যতা” অর্থ সার্বজনীন গম্যতা নীতিতে নকশাকৃত নির্মিত পরিবেশ;
  • (১১৯) “সার্বজনীন ডিজাইন” অর্থ এমন একটি নকশানীতি কার্যক্রম যেখানে বিশেষ সক্ষমতা সম্পন্ন ও বিশেষচাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষের প্রয়োজনকে আলাদা না করিয়া সকল মানুষের সার্বজনীন প্রয়োজনকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়।
Last modified on September 3, 2026