পঞ্চম অধ্যায়
ইমারত নির্মাণ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়
বিধি ৩৯। রাস্তা
- (১) কেবল বিশদ অঞ্চল পরিকল্পনায় চিহ্নিত ঘনবসতি এলাকায় বিদ্যমান রাস্তার প্রশস্ততা ন্যূনতম ১.৮০ (এক দশমিক আট শূন্য) মিটার হইলে আবাসিক ইমারতের নকশা অনুমোদনের জন্য আবেদন করা যাইবে, তবে রাস্তার প্রস্থ বিবেচনার জন্য প্লটের সম্মুখ হইতে, রেলপথ ব্যতীত, যানবাহন চলাচলের উপযুক্ত সড়কসমূহের সংযোগ পর্যন্ত ন্যূনতম প্রস্থ বিবেচ্য হইবে।
-
(২) পরিকল্পনা অনুমোদনপত্রে রাস্তা প্রশস্তকরণের জন্য, প্রযোজ্য ক্ষেত্রে, যে পরিমাণ জমি প্রয়োজন হইবে, রাস্তার উভয় দিকে অবস্থিত প্লট মালিকগণ সমপরিমাণে জমি নিম্নবর্ণিত পদ্ধতিতে ছাড়িয়া দিতে বাধ্য থাকিবে, যথা:—
- (ক) মহাপরিকল্পনাভুক্ত এলাকার যে সকল প্রবেশ রাস্তা প্রশস্তকরণের প্রস্তাব মহাপরিকল্পনায় চিহ্নিত করা নাই, সেই সকল রাস্তা কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা অনুমোদনপত্র প্রদানকালে পরিকল্পনা অনুমোদনকারী চলমান রাস্তার ক্ষেত্রে জনস্বার্থে ৬ (ছয়) মিটার পর্যন্ত বিধি ৪৭ এর উপ-বিধি (৭) অনুসরণক্রমে প্রশস্তকরণের প্রস্তাবনা প্রদান করিতে পারিবে;
- (খ) দফা (ক) এ উল্লিখিত রাস্তা প্রশস্তকরণের ক্ষেত্রে কর্তৃপক্ষ উক্ত রাস্তার প্রস্তাবনা সংক্রান্ত তথ্য সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখিতে হইবে।
- (গ) প্রযোজ্য সকল রাস্তা প্রশস্তকরণের জন্য জমির প্রযোজ্য অংশ হস্তান্তর করিবার পর হ্রাসকৃত প্লটের আকারের উপর ভিত্তি করিয়া প্লটের প্রয়োজনীয় সর্বমোট নির্মাণযোগ্য ক্ষেত্রফল, সেটব্যাক এবং সর্বোচ্চ ভূমি আচ্ছাদন হিসাব করিতে হইবে।
- (ঘ) পরিকল্পনা অনুমোদনপত্রের নির্দেশনা অনুযায়ী রাস্তা প্রশস্তকরণের জন্য আবেদনকারীকে প্রযোজ্য ভূমি সংশ্লিষ্ট স্থানীয় সরকার বা কর্তৃপক্ষের নিকট ইজমেন্ট দলিলের মাধ্যমে হস্তান্তর করিতে হইবে এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হইবার পূর্বে ইমারত নির্মাণ অনুমোদনের আবেদন করা যাইবে না যাহা নির্মাণ অনুমোদনকালে নিশ্চিত করিতে হইবে।
- (ঙ) বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত হাউজিং বা এপার্টমেন্ট কমপ্লেক্স বা এলাকায় অভ্যন্তরীণ রাস্তাসমূহে ন্যূনতম প্রস্থ নির্ধারণের ক্ষেত্রে বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ প্রযোজ্য হইবে:
বিধি ৪০। কিনারা সরলীকরণ
সকল কর্নার প্লটের ক্ষেত্রে ২ মিটার × ২ মিটার পরিসর বিশিষ্ট জমি রাস্তার জন্য ছাড়িয়া সীমানা দেয়াল নির্মাণ করিতে হইবে এবং উক্ত জায়গা রাস্তা ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাইবে না।বিধি ৪১। সীমানা হইতে সেটব্যাক
- (১) প্লট সংলগ্ন বিদ্যমান রাস্তার কেন্দ্র হইতে ৪.৫ (চার দশমিক পাঁচ) মিটার অথবা প্লটের সীমানা হইতে ১.৫ (এক দশমিক পাঁচ) মিটার দূরত্বের মধ্যে যাহা অধিক তাহার চাইতে কম দূরত্বে ইমারত নির্মাণ করা যাইবে না: তবে শর্ত থাকে যে, প্রযোজ্য ক্ষেত্রে, পরিকল্পনা অনুমোদনপত্র বা বিশদ অঞ্চল পরিকল্পনার প্রস্তাবনা অনুযায়ী ভবিষ্যত রাস্তা প্রশস্তকরণের জন্য প্রয়োজনীয় জমি বাদ রাখিয়া উক্ত দূরত্ব হিসাব করিতে হইবে: আরও শর্ত থাকে যে, বদ্ধ রাস্তার ক্ষেত্রে বিবেচ্য প্লটের সম্মুখের দৈর্ঘ্যসহ বদ্ধ রাস্তার শেষ পর্যন্ত দৈর্ঘ্য অনধিক ৫০ (পঞ্চাশ) মিটার হইলে সীমানা হইতে অন্যূন ১.৫ (এক দশমিক পাঁচ) মিটার সেটব্যাক বা উন্মুক্ত স্থান রাখিয়া ইমারত নির্মাণ করা যাইবে।
- (২) প্রতিটি প্লটের সম্মুখ, পার্শ্ব এবং পশ্চাৎ পরিশিষ্ট-৫ অনুযায়ী নির্ধারণ করিতে হইবে এবং যেকোনো একটি দিক সম্মুখ বিবেচনার জন্য নির্ধারিত হইবে।
- (৩) উপ-বিধি (১) অনুযায়ী সম্মুখ এবং নিম্নবর্ণিত সারণি-১ অনুযায়ী একই প্লটে অবস্থিত ভবনসমূহের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, ইমারতের পশ্চাৎ ও পার্শ্ব সেটব্যাক বা উন্মুক্ত স্থান রাখিতে হইবে, যথা:—
সারণি-১: ইমারতের ন্যূনতম সেটব্যাক
দ্রষ্টব্য:
১। মহাপরিকল্পনায় চিহ্নিত কোনো নির্দিষ্ট ভূমি ব্যবহারে প্রশস্ত রাস্তার সুবিধা নিয়ে অন্য অ-আবাসিক ব্যবহার করিলে মহাপরিকল্পনায় উল্লিখিত বিধান মোতাবেক অতিরিক্ত সেটব্যাক প্রযোজ্য হইবে। আবাসিক হোটেল (A-5), শিক্ষা প্রতিষ্ঠান (B), স্বাস্থ্য-সেবা (D), সমাবেশ (I), বাণিজ্যিক (F), ব্যবসা (E), শিল্প কারখানা (G2), গুদাম (H), বিপজ্জনক ব্যবহারের ভবন (J) ও বহুবিধ ব্যবহারের শ্রেণিভুক্ত ইমারতের সম্মুখে যানবাহনে আরোহণ ও অবতরণের জন্য ন্যূনতম ৬ (ছয়) মিটার প্রস্থ ও সম্মুখের প্লটের দৈর্ঘ্যের সমপরিমাণ জায়গা খালি রাখিতে হইবে, এই অংশের মধ্যে বিধি অনুযায়ী ভূমি আচ্ছাদন বিবেচনায় রাখিয়া প্রযোজ্য সম্মুখ সেটব্যাক পর্যন্ত ভূমির নীচে বেজমেন্ট, ভূমির উপরিতলে পোর্চ অথবা ভূমিতল (finished ground level) হইতে ন্যূনতম ৬ (ছয়) মিটার উচ্চতা পর্যন্ত ঊর্ধ্ব দিকে উন্মুক্ত রাখিয়া তাহার উপরের অংশে ইমারত নির্মাণ করা যাইবে।
২। বিপজ্জনক ব্যবহারের ভবন (J) এর ক্ষেত্রে সকল দিকের সেটব্যাক ন্যূনতম ৯ (নয়) মিটার হইবে।
৩। ইমারতের কোনো তলে, ইউটিলিটি সার্ভিস ব্যতীত ইহার বহিঃদেওয়ালের বাহিরে আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের (আনুভূমিক দূরত্ব ০.৫ মিটার) মধ্যে বুলন্ট প্ল্যান্টার, এসি ও টয়লেট ডাক্ট (duct) বা যেকোনো ধরনের অ-ব্যবহারিক ফ্লোর স্পেস নির্মাণ করা যাইবে না।
- (৪) শুধু সংশ্লিষ্ট প্লটেই শেষ হইয়াছে এবং এজমালি নহে এইরূপ রাস্তা সংবলিত জমিতে প্রস্তাবিত ইমারতের জন্য সম্মুখ সেটব্যাক ১.৫ (এক দশমিক পাঁচ) মিটার হইবে।
বিধি ৪২। বেজমেন্টের সেটব্যাক
- (১) বেজমেন্ট আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের মধ্যে বর্ধিত করা যাইবে, তবে উক্ত বর্ধিতাংশ বিধি ৪৫ এ উল্লিখিত সারণি-৩ অনুযায়ী অনাচ্ছাদিত স্থানের যে পরিমাণ ভূমি অতিরিক্ত ভূমি আচ্ছাদনের আওতাভুক্ত হইবে তাহার মধ্যে সীমাবদ্ধ থাকিবে, অবশিষ্ট ভূমি বৃষ্টির পানি শোষণার্থে ভূমি সমতলে উন্মুক্ত রাখিতে হইবে।
- (২) বৃষ্টির পানি শোষণার্থে সারণি-৩ এ উল্লিখিত বাধ্যতামূলক অনাচ্ছাদিত স্থানে এ বেজমেন্ট নির্মাণ করা যাইবে না।
বিধি ৪৩। তলা ও বেজমেন্ট
- (১) ইমারতের বিভিন্ন তলাকে বেজমেন্ট, সেমি বেজমেন্ট, নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, ছাদ, ইত্যাদি নামকরণ করা যাইবে।
-
(২) বেজমেন্টের জন্য নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনায় রাখিতে হইবে, যথা:—
- (ক) বেজমেন্টকে প্রয়োজনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করিয়া প্রয়োজনীয় আলো ও বাতাসের ব্যবস্থা করিতে হইবে এবং সর্বদা শুষ্ক রাখিতে হইবে;
- (খ) বেজমেন্টে যাহাতে বৃষ্টির পানি প্রবেশ করিতে না পারে বা অন্য কোনো উপায়ে পানি জমিতে না পারে সেইজন্য যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা রাখিতে হইবে;
- (গ) ব্যবহারকারীর সংখ্যা ও যাতায়াত দূরত্বের উপর নির্ভর করিয়া এই বিধিমালা ও কোড অনুযায়ী বেজমেন্টে প্রবেশ সংখ্যা নির্ধারণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, সকল বেজমেন্ট অন্যূন একটি সিঁড়ি দিয়া নিচতলা অথবা ভূমি সমতলের সহিত সরাসরি সংযুক্ত থাকিতে হইবে;
- (ঘ) বেজমেন্ট নির্মাণের জন্য খনন কাজ আরম্ভ করিবার পূর্বে যথাযথভাবে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও সম্পন্ন করিতে হইবে, অন্যথায় কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ করিয়া দিতে পারিবে;
- (ঙ) বেজমেন্টের নির্মাণ কাজ চলাকালে প্রতিবেশীর ইমারত ও জনগণের স্বার্থ সুবিধাদি রক্ষা করিবার জন্য পূর্ব হইতেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে এবং ক্ষতিপূরণ মুচলেকা প্রদান করিতে হইবে;
- (চ) সংযুক্ত প্লটের কোনোরূপ ক্ষতি সাধন না করিয়া বেসমেন্টের ছাদ সংযুক্ত রাস্তার সর্বোচ্চ তল হইতে অনধিক ১.৮৫ (এক দশমিক আট পাঁচ) মিটার উপরে নির্মাণ করা যাইবে, উক্ত ১.৮৫ (এক দশমিক আট পাঁচ) মিটার উচ্চতায় উঠিবার বা নামিবার জন্য প্রয়োজনীয় সিঁড়ি বা র্যাম্প সীমানা দেয়াল সংলগ্ন করিয়া ইমারতের সেটব্যাক অংশে নির্মাণ করা যাইবে, তবে অনুরূপ সিঁড়ি বা র্যাম্পের উপর সেটব্যাক অংশে স্থায়ী বা অস্থায়ী আচ্ছাদন তৈরি করা যাইবে না;
- (ছ) বেজমেন্ট যান্ত্রিক উপায়ে যথাযথভাবে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হইলে এবং এই বিধিমালা ও কোডের সংশ্লিষ্ট বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করিলে বেজমেন্টে আবাসিক, গ্যাস সিলিন্ডার বা দাহ্য পদার্থ, দাহ্য পদার্থের গুদাম জাতীয় ব্যবহার ব্যতীত কোডে উল্লিখিত ফায়ার জোন অনুসরণপূর্বক মিশ্র ব্যবহার করা যাইবে: তবে শর্ত থাকে যে, ব্যবহার সনদ আবেদন দাখিলের সহিত ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও প্রযোজ্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রমাণক দাখিল করিতে হইবে।
বিধি ৪৪। সেটব্যাকের ক্ষেত্রে ব্যতিক্রম
সাধারণভাবে প্লটের সীমানা হইতে স্থাপনার দূরত্ব বা সেটব্যাক, সারণি-১ এ উল্লিখিত নির্দেশনা অনুযায়ী নির্ণয় করিতে হইবে, তবে নিম্নবর্ণিত সারণি ২ এ উল্লিখিত প্রযোজ্য ব্যতিক্রমসমূহ ব্যতীত কোনো উপাদানই সেটব্যাকের সীমার ভিতরে অনুমোদনযোগ্য হইবে না, যথা:—সারণি-২ সেটব্যাকের স্থানে প্রযোজ্য ব্যতিক্রমসমূহ
বিধি ৪৫। ভূমি আচ্ছাদন ও আবশ্যিক অনাচ্ছাদিত স্থান
- (১) প্লটের আয়তন অনুযায়ী অনুমোদনযোগ্য সর্বোচ্চ ভূমি আচ্ছাদন (Maximum Ground Coverage) ও আবশ্যিক অনাচ্ছাদিত স্থান (Mandatory Open Space), বৃষ্টির পানি শোষণার্থে বাধ্যতামূলক অনাচ্ছাদিত স্থান নিম্নবর্ণিত সারণি ৩ অনুসারে নির্ধারিত হইবে, যথা:—
সারণি ৩ প্লটের পরিমাণভেদে ভূমি আচ্ছাদন, অনাচ্ছাদিত স্থান ও বৃষ্টির পানি শোষণার্থে বাধ্যতামূলক সংরক্ষিত এলাকা (সকল হিসাব মোট জমির শতকরা হিসাবে উল্লিখিত)
টীকা:
১. প্রয়োগিক ব্যতিক্রম অনুযায়ী অতিরিক্ত ভূমি আচ্ছাদন (সর্বোচ্চ) ও বৃষ্টির পানি শোষণার্থে বাধ্যতামূলক অনাচ্ছাদিত এলাকা, আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের শতকরা (কলাম- ৬ ও ৭ এ উল্লিখিত) হিসাবে নির্ধারিত হইবে। তবে “সাশ্রয়ী আবাসন” ব্যতীত কলাম ৪ ও ৬ এর যোগফল কোনোক্রমেই বেজমেন্ট বা ভূমি তলের উপরে মোট ভূমির (সমর্পিত জমি বাদে) ৭৫% অতিক্রম করিবে না।
২. শুধু বাণিজ্যিকভাবে গাড়ির পার্কিং, গ্যারেজ বা কমিউনিটি পার্কিং ইমারত নির্মাণে সারণি ২ এ প্রদত্ত সেটব্যাক অনুযায়ী উন্মুক্ত স্থান রাখিতে হইবে, এইক্ষেত্রে সারণি ৩ এ উল্লিখিত সর্বোচ্চ ভূমি আচ্ছাদন প্রযোজ্য হইবে না।
৩. মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় (B1 ও B2) শ্রেণির ইমারতের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫% ভূমি আচ্ছাদন প্রযোজ্য হইবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানদণ্ড (মোট জমির এক তৃতীয়াংশ একত্রে যাহা সেটব্যাকের জন্য সংরক্ষিত জমি ব্যতীত এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেকের কম হইতে পারিবে না) অনুযায়ী খেলার মাঠ থাকা বাধ্যতামূলক।
৪. বিপজ্জনক ব্যবহারের ভবন (J) এর ক্ষেত্রে ৩০% পর্যন্ত সর্বোচ্চ ভূমি আচ্ছাদন প্রযোজ্য হইবে এবং শিল্প শ্রেণির ইমারতের ক্ষেত্রে সারণি ৩ এর ক্রমিক নং ৭ হইতে যে-কোনো পরিমাণ জমির ক্ষেত্রে ৬০% পর্যন্ত সর্বোচ্চ ভূমি আচ্ছাদন নেওয়া যাইবে।
- (২) আবশ্যিক অনাচ্ছাদিত স্থান ইমারত উন্নয়নের অবিভাজ্য অংশ এবং ইমারত অনুমোদনের বিধান হিসাবে বিবেচিত হইবে এবং পৃথকভাবে বিভক্তি, বিক্রয় বা উন্নয়নযোগ্য হইবে না।
- (৩) সারণি ৩ এ বর্ণিত প্রায়োগিক ব্যতিক্রম অংশে উল্লিখিত ভবনের নির্দিষ্ট উপাদান বা অংশ ব্যতীত ইমারতের অন্য কোনো অংশ সর্বোচ্চ অনুমোদিত ভূমি আচ্ছাদনের বাহিরে, আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের মধ্যে বর্ধিত করা যাইবে না।
- (৪) বৃষ্টির পানি শোষণার্থে বাধ্যতামূলক অনাচ্ছাদিত এলাকা হিসাবে সংশ্লিষ্ট প্লটের নির্ধারিত পরিমাণ অংশ ভূমিতলের উপরে এবং নীচে (বেজমেন্ট ইত্যাদির ক্ষেত্রসহ) সম্পূর্ণ ভেদ্য (permeable) অর্থাৎ পানি প্রবেশের উপযোগী হিসাবে সংরক্ষণ করিতে হইবে এবং এই অংশে ভূমিতলের উপরে ও নীচে ফাউন্ডেশন বা কোনো পাকা স্থাপনা (paved) বা স্থাপনার অংশ বর্ধিত করা যাইবে না।
বিধি ৪৬। আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের ক্ষেত্রে প্রায়োগিক ব্যতিক্রম
- (১) আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের জন্য সর্বোচ্চ ভূমি আচ্ছাদন কার্যকর করিবার ক্ষেত্রে নিম্নবর্ণিত সারণি ৪ এ উল্লিখিত শর্তসমূহ পালন সাপেক্ষে কতিপয় প্রায়োগিক ব্যতিক্রম প্রযোজ্য হইবে, যথা:—
সারণি ৪ সর্বোচ্চ ভূমি আচ্ছাদনের ক্ষেত্রে প্রযোজ্য ব্যতিক্রমসমূহ
- (২) উপ-বিধি (১) এ উল্লিখিত বাহিরের ভবন বা স্থাপনার অন্য কোনো অংশ বা উপাদানের ক্ষেত্রেই অনুরূপ ব্যতিক্রম প্রযোজ্য হইবে না এবং অতিরিক্ত আচ্ছাদনের পরিমাণ কোনোভাবেই সারণি ৩ এ উল্লিখিত অতিরিক্ত ভূমি আচ্ছাদনের পরিমাণ হইতে অধিক হইবে না।
বিধি ৪৭। Floor Area Ratio (FAR) সূচক নির্ণয়
- (১) আবাসিক ভূমির ব্যবহার, আবাসন ইউনিট ও মহাপরিকল্পনায় বর্ণিত অন্যান্য প্রণোদনাসহ ইমারতের ক্ষেত্রে নিম্নবর্ণিত ২ (দুই)টি FAR সূচক মান বিবেচনা করিতে হইবে, যথা:—
- (ক) এলাকাভিত্তিক FAR; ও
- (খ) রোডভিত্তিক FAR।
- (২) আবেদনকৃত জমির অবস্থান যে জনঘনত্ব ব্লকে অবস্থিত তাহার এলাকাভিত্তিক FAR মহাপরিকল্পনায় উল্লিখিত মান অনুযায়ী নির্ধারিত হইবে।
- (৩) এলাকাভিত্তিক FAR এবং রোডভিত্তিক FAR উভয়ের মধ্যে ক্ষুদ্রতরটি ভিত্তি FAR যাহা নিঃশর্তভাবে প্রযোজ্য হইবে এবং উভয়ের মধ্যে যাহা সর্বোচ্চ তাহা সর্বোচ্চ FAR হিসাবে বিবেচিত হইবে এবং সর্বোচ্চ FAR অর্জন করিতে হইলে প্রণোদনা গ্রহণ করিতে হইবে, তবে অনুমোদনযোগ্য FAR কোনোভাবেই সর্বোচ্চ FAR কে অতিক্রম করিবে না:
- (৪) আবাসিক ইমারত এবং আবাসিক ইমারতের সহিত মিশ্রণের ক্ষেত্র ব্যতীত মহাপরিকল্পনা অনুসরণপূর্বক শতভাগ অ-আবাসিক ক্ষেত্রফল বিশিষ্ট ইমারতের শ্রেণির জন্য ২ (দুই)টি FAR সূচকের পরিবর্তে কেবল উপ-বিধি ৮ অনুযায়ী রাস্তার প্রশস্ততা ভিত্তিতে FAR নির্ধারিত হইবে।
- (৫) রোডভিত্তিক FAR নিম্নবর্ণিত সারণি-৫ অনুযায়ী নির্ধারিত হইবে, যথা:—
সারণি-৫: প্লট সংলগ্ন বিদ্যমান রাস্তার জন্য প্রযোজ্য FAR সূচক
দ্রষ্টব্য:
১. A5 (হোটেল, মোটেল, গেস্ট হাউজ, সার্ভিস এপার্টমেন্ট) শ্রেণি বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) অনুসারে বাণিজ্যিক ব্যবহার হিসাবে গণ্য হইবে এবং তদানুযায়ী ফি প্রযোজ্য হইবে, তবে আবাসিক হিসাবেই FAR বিবেচ্য হইবে এবং কোড অনুযায়ী কাঠামোগত ও অন্যান্য নকশা প্রণয়ন করিতে হইবে।
২. অকুপেন্সি টাইপ B এর জন্য আবশ্যিকভাবে মানদণ্ড (মোট জমির এক তৃতীয়াংশ একত্রে যাহা সেটব্যাকের জন্য সংরক্ষিত জমি ব্যতীত এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেকের কম হইতে পারিবে না) অনুযায়ী খেলার মাঠ রাখিতে হইবে।
৩. A4 (মেস, বোর্ডিং, ডরমিটরি, ও হোস্টেল) শ্রেণির ইমারত স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি উদ্যোগে নির্মিত, বা শিল্প অঞ্চল ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
৪. A3 ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জনঘনত্ব নিরূপণে আবাসন ইউনিটের সংখ্যা প্রযোজ্য হইবে না।
৫. A5, B, C, D, E এবং I অকুপেন্সি শ্রেণির ইমারতের ক্ষেত্রে ১২ মিটার বা তদূর্ধ্ব প্রশস্ত রাস্তার পাশে ১৩৩৯ বর্গমিটার (২০ কাঠা) বা তদূর্ধ্ব প্লটে সর্বোচ্চ ১২ মিটার (প্যারাপেডের উচ্চতা ব্যতীত) পোডিয়াম নির্মাণ করা যাইবে যাহা FAR অন্তর্ভুক্ত হইবে। পোডিয়াম দ্বারা আচ্ছাদিত ভূমির পরিমাণ অতিরিক্ত ভূমি আচ্ছাদনের বেশি হইতে পারিবে না এবং পোডিয়াম সেটব্যাক স্পেসে নির্মাণ করা যাইবে না।
৬. আবাসিক ভূমি ব্যবহারের প্লট ব্যতীত A5 (হোটেল, মোটেল, গেস্ট হাউজ, সার্ভিস এপার্টমেন্ট) শ্রেণির ক্ষেত্রে এক একর বা ইহার অধিক জমির জন্য NR FAR গ্রহণ করা যাইবে।
৭. B2 (শিক্ষা প্রতিষ্ঠান) এর জন্য ৩ একর ও C4, C5, D1, D2, E1, এবং E3 এর ক্ষেত্রে ২০ কাঠা বা ইহার অধিক জমির জন্য NR FAR গ্রহণ করা যাইবে।
৮. আবাসিকের সহিত অন্যান্য ব্যবহার মিশ্রণের ক্ষেত্রে কোড ও মহাপরিকল্পনা অনুসরণপূর্বক অকুপেন্সি টাইপ পরিকল্পনা অনুমোদন পত্রে উল্লেখ থাকিবে।
NR = Non-Restricted
- (৬) বিদ্যমান রাস্তাটি বর্ণিত ধাপ অপেক্ষা প্রশস্ত হইলে রাস্তার অতিরিক্ত প্রশস্ততার উপর ভিত্তি করিয়া FAR নির্ধারিত হইবে এবং উক্ত বৃদ্ধির পরিমাণ রাস্তার প্রশস্ততা অনুযায়ী পরবর্তী ধাপের FAR সূচক পর্যন্ত সমানুপাতিক হারে বৃদ্ধি পাইবে।
- (৭) ২.৫ মিটার বা তদূর্ধ্ব কিন্তু ৬ মিটারের কম প্রশস্ত প্লট সংলগ্ন সকল রাস্তা ৬ মিটার পর্যন্ত প্রশস্ত করিতে হইবে এবং ৬ মিটারের অধিক প্রশস্ত প্লট সংলগ্ন কোনো রাস্তা মহাপরিকল্পনায় প্রশস্তকরণের প্রস্তাব থাকিলে উক্ত রাস্তাও প্রশস্ত করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ৬ মিটারের অধিক প্রশস্ত প্লট সংলগ্ন কোনো রাস্তা মহাপরিকল্পনায় প্রশস্তকরণের কোনো প্রস্তাব না থাকিলে এবং ৬ মিটারের কম প্রশস্ত কোনো রাস্তা কোনো কারণে প্রশস্তকরণ সম্ভব না হইলে রাস্তার বিদ্যমান প্রশস্ততার ভিত্তিতে রোডভিত্তিক FAR নির্ধারিত হইবে, তদুপরি একটি রাস্তার লিংক (উদাহরণস্বরূপ ইন্টারসেকশন A হইতে ইন্টারসেকশন B) এর সকল প্লট সংলগ্ন রাস্তা একইভাবে কর্তৃপক্ষ কর্তৃক প্রশস্তকরণ নিশ্চিত করিতে হইবে: আরও শর্ত থাকে যে, মহাপরিকল্পনা অনুযায়ী অধিক জনবসতি এলাকা কেবল পুরাতন ঢাকার জন্য অন্যূন ১.৮ মিটার হইতে ২.৫ মিটার কম রাস্তার জন্য অনুমোদন দেওয়া যাইবে।
- (৮) রাস্তা প্রশস্তকরণের প্রস্তাব থাকিলে বিদ্যমান রাস্তার FAR ও প্রস্তাবিত রাস্তার FAR এর গড় FAR সূচকই রোডভিত্তিক FAR হিসাবে বিবেচিত হইবে।
- (৯) উপ-বিধি (৭) ও (৮) এ বর্ণিত উভয় ক্ষেত্রেই রাস্তা প্রশস্তকরণের জন্য যে পরিমাণ জমি প্রয়োজন হইবে রাস্তার উভয় পাশের প্লট হইতে উহার অর্ধেক জমি সমর্পণ করিতে হইবে, এবং প্রশস্তকরণের নিমিত্ত সমর্পিত জমি ইজমেন্ট দলিলের মাধ্যমে স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিতে হইবে।
- (১০) কোনো প্লটে একাধিক রাস্তা থাকিলে প্লটে গাড়ি প্রবেশ ও বাহির যাহাই হোক না কেন, সর্বোচ্চ প্রশস্ত রাস্তার ভিত্তিতে বিদ্যমান প্রশস্ততা বিবেচনা করা হইবে।
- (১১) ব্লকভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী ভিত্তি FAR, সর্বোচ্চ FAR ও জনঘনত্ব পুনঃনির্ধারিত হইবে।
- (১২) ভিত্তি FAR ও সর্বোচ্চ FAR এর পার্থক্য ০.১ বা উহার কম হইলে আবেদনকারী শর্তহীনভাবে সর্বোচ্চ FAR প্রাপ্য হইবে।
- (১৩) সরকার অনুমোদিত পরিকল্পিত এলাকায় সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে প্রকল্পের সম্পূর্ণ লে-আউটের ব্যবহার পরিবর্তন বা সংশোধন করা হইলে পরিবর্তিত ব্যবহারের জন্য FAR প্রযোজ্য হইবে।
- (১৪) কোনো প্লটের মালিকের আবেদনের প্রেক্ষিতে সরকার অনুমোদিত পরিকল্পিত এলাকায় প্লটের মূল ব্যবহার পরিবর্তিত হইলে মূল ব্যবহার ও পরিবর্তিত ব্যবহারের FAR এর মধ্যে ক্ষুদ্রতরটি প্রযোজ্য হইবে এবং এক্ষেত্রে Traffic Impact Assesment প্রতিবেদন আবশ্যক হইবে।
- (১৫) পরিকল্পনা অনুমোদনপত্রে মহাপরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত প্লটের বিবেচ্য আবাসিক ইউনিট এবং FAR সূচক উল্লেখ থাকিবে।
বিধি ৪৮. মোট মেঝের ক্ষেত্রফল নির্ণয়
- (১) জমির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে নিজস্ব মালিকানাধীন রাস্তা অন্তর্ভুক্ত হইবে না অর্থাৎ FAR সূচক অনুযায়ী নির্মাণযোগ্য মোট ক্ষেত্রফল নির্ধারণের ক্ষেত্রে জমির ক্ষেত্রফলের সহিত উক্ত রাস্তার ক্ষেত্রফলের পরিমাণ যোগ করা যাইবে না।
- (২) প্রযোজ্য এক বা একাধিক সকল রাস্তা প্রশস্তকরণের জন্য জমির প্রযোজ্য অংশ হস্তান্তরের পর হ্রাসকৃত প্লটের আকারের উপর ভিত্তি করিয়া প্লটের জমির পরিমাণ হিসাব করিতে হইবে।
- (৩) কেবল কিনারা সরলীকরণের ক্ষেত্রে সমর্পিত জমিসহ অর্থাৎ মূল জমির পরিমাণের উপর ভিত্তি করিয়া মোট মেঝের ক্ষেত্রফল নিরূপণ করা যাইবে।
- (৪) পরিকল্পনা অনুমোদনপত্র অনুযায়ী রাস্তা প্রশস্তকরণের জন্য সংশ্লিষ্ট প্লটের যে ক্ষেত্রফলের জমি ইজমেন্ট দলিলের মাধ্যমে হস্তান্তর করিতে হইবে সেই ক্ষেত্রফলের ৩ (তিন)গুণ সমপরিমাণ মেঝের ক্ষেত্রফল অতিরিক্ত ক্ষেত্রফল ক্ষতিপূরণ হিসাবে পাওয়া যাইবে এবং উক্ত ক্ষেত্রফল প্রাপ্য FAR অনুযায়ী নির্ধারিত মেঝের ক্ষেত্রফলের সহিত যোগ করিয়া মোট মেঝের ক্ষেত্রফল নির্ণয় করিতে হইবে এবং একাধিক রাস্তার ক্ষেত্রে প্রত্যেক রাস্তার জন্য সমর্পিত জমির পরিমাণের ক্ষেত্রেও উক্ত নির্দেশনা প্রযোজ্য হইবে।
- (৫) রাস্তার প্রশস্তকরণের জন্য কোনো প্লটের প্রশস্তকরণের পূর্বের রাস্তার সীমারেখা হইতে প্লটের জায়গা ছাড়িতে হইলে উপ-বিধি (৪) এ উল্লিখিত অতিরিক্ত ক্ষেত্রফল ক্ষতিপূরণ প্রযোজ্য হইবে।
- (৬) FAR সূচক অনুযায়ী মেঝের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কক্ষের সর্বোচ্চ উচ্চতা ৪.২৫ মিটার হইতে পারিবে, যাহা ফিনিসড মেঝের উপরিতল হইতে ছাদের নিচ পর্যন্ত ধরা হইবে এবং ঢালু ছাদের ক্ষেত্রে সর্বোচ্চ গড় উচ্চতা ৪.২৫ মিটার হইতে পারিবে।
- (৭) উচ্চতা সংক্রান্ত অন্য কোনো বাধ্যবাধকতা না থাকিলে FAR সূচক অনুযায়ী মেঝের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কক্ষের উচ্চতা ৪.২৫ মিটার হইতে ৭.৬৫ মিটার পর্যন্ত উন্নীত করা যাইবে এবং উক্ত কক্ষের মেঝের ক্ষেত্রফল ইমারতের মোট মেঝের ক্ষেত্রফলের ৫০% এর মধ্যে সীমাবদ্ধ থাকিলে কোনো অতিরিক্ত FAR ভুক্ত ক্ষেত্রফল যোগ (FAR PENALTY) করিতে হইবে না, কিন্তু মেঝের ক্ষেত্রফল ৫০% এলাকার অতিরিক্ত বা কক্ষের উচ্চতা ৭.৬৫ মিটারের ঊর্ধ্বে হইলে অনুরূপ নির্দিষ্ট মেঝের ক্ষেত্রফলের সহিত সমপরিমাণ ক্ষেত্রফল অতিরিক্ত হিসাবে সংযুক্ত হইবে, তবে ইহা A-5, B, D, E1, F, L শ্রেণির ইমারতের শুধু নিচতলা এবং G, I, K, H ও J শ্রেণির ইমারতের সকল ফ্লোরের ক্ষেত্রে ফ্লোর উচ্চতা সংক্রান্ত সীমাবদ্ধতা প্রযোজ্য হইবে না।
- (৮) ফ্লোর এরিয়া হিসাবের ক্ষেত্রে মধ্যবর্তী মেজানাইন তলার ক্ষেত্রফল যোগ হইবে।
- (৯) রাস্তা প্রশস্তকরণের জমি হস্তান্তরের পরে অবশিষ্ট জমির উপর ভিত্তি করিয়া ভূমি আচ্ছাদন এবং নির্মাণযোগ্য ক্ষেত্রফল নিরূপিত হইবে এবং মিশ্র অকুপেন্সির ক্ষেত্রে মহাপরিকল্পনায় উল্লিখিত প্রাপ্ত মেঝের ক্ষেত্রফলের অনুপাত অনুসারে প্রতিটি অকুপেন্সি টাইপের ক্ষেত্রফলের পরিমাপ নিরূপিত হইবে।
বিধি ৪৯. মোট মেঝের ক্ষেত্রফলের আওতাবহির্ভূত অতিরিক্ত ফ্লোর এরিয়া
অনুমোদনযোগ্য FAR সূচক অনুযায়ী ফ্লোর এরিয়া নির্ধারণের ক্ষেত্রে ইমারতের নিম্নবর্ণিত অংশসমূহ বিবেচনায় নেওয়া যাইবে না, যথা:—- (ক) সিঁড়ির সর্বোচ্চ তলার ক্ষেত্রফল যাহা টিপিক্যাল তলার সিঁড়ির ক্ষেত্রফল অপেক্ষা অধিক নহে;
- (খ) লিফটের যন্ত্রকক্ষ, যাহা টিপিক্যাল তলার লিফট এবং লবির সম্মিলিত ক্ষেত্রফল অপেক্ষা বড় নহে;
- (গ) মেঝের ক্ষেত্রফল হিসাব করিবার ক্ষেত্রে কেবল পার্কিং হিসাবে ব্যবহৃত বেসমেন্ট বা অন্য কোনো ফ্লোরের সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত এরিয়া কেবল ইলেকট্রোমেকানিকাল রুম, সিকিউরিটি বুথ, রিসেপশন বুথ, পানির জলাধার, পাম্প হাউস, টিপিক্যাল সিঁড়ি ও লিফটের অংশসমূহ মূল ক্ষেত্রফলের অংশ হিসাবে বিবেচিত হইবে না;
- (ঘ) ছাদের উপর ন্যূনতম দুই দিক উন্মুক্ত এবং ছাদের আয়তনের সর্বোচ্চ ১০% পর্যন্ত আচ্ছাদন, নির্ধারিত পার্কিংয়ের সমপরিমাণ ক্ষেত্রফল (ন্যূনতম ১২ ব:মি:), প্লট সংলগ্ন বিদ্যমান রাস্তার প্রস্থ ৬ মিটার বা তাহার অধিক হইলে ন্যূনতম পার্কিংয়ের দুইগুণ ক্ষেত্রফল এবং ইহার কম হইলে ন্যূনতম পার্কিংয়ের দেড়গুণ ক্ষেত্রফল ভূগর্ভস্থ এবং ওভারহেড জলাধার (যদি থাকে): তবে শর্ত থাকে যে, সিঁড়ি এবং লিফটের যন্ত্রকক্ষের উপর ওভারহেড জলাধার হইতে পারিবে এবং ব্যবহারযোগ্য সর্বশেষ তলের ছাদের ফিনিসড লেভেলের উপর হইতে সর্বোচ্চ উচ্চতা ৫ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকিতে হইবে;
- (ঙ) ইমারতের জন্য প্রযোজ্য বৈদ্যুতিক, যান্ত্রিক কক্ষসমূহ ও বর্জ্য সংগ্রহের নির্ধারিত স্থান, যেখানে রেটিকুলেটেড গ্যাস চেম্বার, ETP (Effluent Treatment Plant), WTP (Water Treatment Plant), স্যানিটারি পাইপ ও পাম্পসমূহের সংস্থান, সাব-স্টেশন, জেনারেটর, ট্রান্সফরমার, মিটাররুম, BMS ও এয়ার কন্ডিশন প্ল্যান্ট এর সংস্থান করা যাইবে; এই সকল কক্ষ বেজমেন্ট বা কাঠামো প্রকৌশলীর প্রত্যয়ন সাপেক্ষে যে-কোনো ফ্লোরে সংস্থান করা যাইবে: তবে শর্ত থাকে যে, সাব-স্টেশন ও ট্রান্সফরমার সংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এবং কোড অনুসরণ করিতে হইবে এবং রেটিকুলেটেড গ্যাস চেম্বার বেজমেন্টে সংস্থান করা যাইবে না;
- (চ) গাড়ি পার্কিং এর সুবিধা থাকিলে পার্কিং এর টয়লেট সুবিধাসহ গাড়িচালকদের অপেক্ষার স্থান, যাহার ক্ষেত্রফল প্রদত্ত পার্কিং এরিয়ার ১০% এর অধিক নহে;
- (ছ) প্রযোজ্য ক্ষেত্রে, ভবনের নিচতলার আচ্ছাদিত খেলার জায়গা, Landscape সংবলিত উন্মুক্ত জায়গা এবং সর্বোচ্চ ৫.০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট নিচতলার নিরাপত্তা পোর্চ;
- (জ) শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নিচ তলায় উন্মুক্ত স্থান যাহার ছাদ থাকিলেও পার্শ্ব খোলা থাকিবে এবং কোনোরূপ দেয়াল দ্বারা আবদ্ধ হইতে পারিবে না;
- (ঝ) আকাশের দিকে উন্মুক্ত টেরেস, ছাদ এবং পারগোলা;
- (ঞ) কার্ড (Loft) এলাকা যাহা কক্ষ হিসাবে পরিবর্তন করা যাইবে না;
- (ট) আলো এবং বাতাস কূপ যাহা সংকুচিত করা যাইবে না;
- (ঠ) আবশ্যকীয় অগ্নিনিরাপদ সিঁড়ি, তবে যে ইমারতে মাত্র একটি সিঁড়ি রহিয়াছে তাহা একইসঙ্গে অগ্নিনিরাপদ সিঁড়ি হিসাবে ব্যবহৃত হইলেও এই সুবিধা পাইবে না;
- (ড) পানি ও সৌর শক্তি সংগ্রহের জন্য যেকোনো কাঠামো, যাহা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হইবে না;
- (ঢ) ইমারতের বাহিরের দিকে ঝুলন্ত ব্যালকনি যাহার ক্ষেত্রফল সংশ্লিষ্ট মেঝের ক্ষেত্রফলের ২.৫% পর্যন্ত হইবে, তবে এই ব্যালকনি আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের মধ্যে বর্ধিত হইতে পারিবে না;
- (ণ) পার্কিং ও উহার আনুষঙ্গিক ব্যবহার হিসাবে বেজমেন্ট বা অন্যান্য ফ্লোর ব্যবহৃত হইলে বেজমেন্টে বা অন্যান্য ফ্লোরে প্রবেশ ও বাহির হওয়ার জন্য সংস্থাপনকৃত র্যাম্প, ড্রাইভওয়ে, কার লিফট এলাকার অংশ ও সিঁড়িসমূহ;
- (ত) প্রযোজ্য ক্ষেত্রে, সর্বোচ্চ ১৫ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি অগ্নি-নিরাপত্তা বিষয়ক কন্ট্রোল কক্ষ অতিরিক্ত ভূমি আচ্ছাদনে নির্মাণ করা যাইবে তবে আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের মধ্যে বর্ধিত হইতে পারিবে না;
- (থ) ইমারতের রাস্তার দিকে সামনের ব্যালকনিসমূহের (সম্মুখ ব্যালকনি) ক্ষেত্রফল যাহা মেঝের ক্ষেত্রফলের আওতাভুক্ত নহে।
বিধি ৫০। ইমারত বা অবকাঠামোর উচ্চতা।
- (১) বিমানবন্দর, মাইক্রোওয়েভ স্টেশন, টেলিযোগাযোগ স্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা অন্যান্য বিশেষ কাঠামোর নিকটবর্তী এলাকার ক্ষেত্রে ইমারতের উচ্চতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত থাকিবে।
- (২) নদীর ধার, বৃহৎ জলাশয়, বাগান, ঐতিহাসিক এবং বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থার পরিপ্রেক্ষিতে ইমারতের উচ্চতার উপর কর্তৃপক্ষ বিধিনিষেধ আরোপ করিতে পারিবে।
- (৩) কোনো ইমারত ৪৫.৭০ মিটার বা তদূর্ধ্ব উচ্চতার হইলে ইমারতের শীর্ষে লাল নিরাপত্তা বাতি স্থাপন করিতে হইবে।
- (৪) যেকোনো এলাকার জনঘনত্ব নির্ধারণে অনুমোদিত মহাপরিকল্পনার (বিশদ অঞ্চল পরিকল্পনা) নির্দেশনা চূড়ান্ত হিসাবে বিবেচ্য হইবে।
বিধি ৫১। প্লট বিভাজন।
- (১) কোনো খালি বা ইমারতসহ প্লট দুই বা ততোধিক প্লটে বিভক্ত করা যাইবে এবং এইরূপ বিভক্ত করিবার ক্ষেত্রে, প্রতিটি উপ-প্লটের জন্য রাস্তা এবং যানবাহন প্রবেশগম্যতা নিশ্চিত করিতে হইবে।
- (২) প্লট বিভাজনের ক্ষেত্রে আবশ্যিক অনাচ্ছাদিত স্থান ইমারত উন্নয়নের অবিভাজ্য অংশ এবং ইমারত অনুমোদনের বিধান হিসাবে বিবেচিত হইবে এবং পৃথকভাবে বিভক্তি, হস্তান্তর বা উন্নয়নযোগ্য হইবে না।
- (৩) প্লট বিভক্তিকরণের ফলে নূতনভাবে সৃষ্ট উপ-প্লটসমূহে বিদ্যমান ইমারত বা ইমারতসমূহ যদি অপসারণ না করিয়া সংরক্ষণ করা হয় তাহা হইলে যে বিধিমালা বা বিধি অনুসরণপূর্বক ইমারত বা ইমারতসমূহ অনুমোদন ও নির্মাণ করা হইয়েছিল, সেই বিধিমালা বা বিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় সেটব্যাক এবং অন্যান্য শর্তাবলি যেমন- ভবনের উচ্চতা, প্রযোজ্য ক্ষেত্রে FAR ভুক্ত মেঝের ক্ষেত্রফল, সর্বোচ্চ ভূমি আচ্ছাদন, ইত্যাদি বজায় রাখিতে হইবে।
- (৪) সরকার কর্তৃক অনুমোদিত আবাসিক প্রকল্পের অভ্যন্তরে আবাসিক প্লট বিভক্তিকরণের ক্ষেত্রে, শুধু একটি উপ-প্লটের জন্য ব্যক্তিগত রাস্তার প্রশস্ততা ন্যূনতম ৩.৬৫ মিটার হইতে হইবে এবং সর্বোচ্চ ২০টি পর্যন্ত সাধারণ গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যাইবে, এবং পার্কিং এর সংখ্যা ২০ এর অধিক করিতে হইলে ব্যক্তিগত রাস্তার প্রশস্ততা ন্যূনতম ৪.৮মিটার হইতে হইবে।
- (৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত আবাসিক উপ-প্লটের ক্ষেত্রে ব্যক্তিগত রাস্তা, যাহা এজমালি নহে, ৩৩ মিটারের অধিক দীর্ঘ না হইলে উক্ত রোডের FAR সূচক নির্ধারণের জন্য মূল রাস্তার প্রশস্ততা বিবেচনায় নিতে হইবে; এইরূপ ক্ষেত্রে নিজস্ব সংযোগকারী রাস্তার ক্ষেত্রফল, FAR সূচক অনুযায়ী FAR ভুক্ত মোট নির্মাণ ক্ষেত্রফল নির্ধারণ ও ভূমি আচ্ছাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য হইবে না এবং সংযোগ রাস্তার জন্য সমর্পিত জমির পরিমাণ FAR প্রণোদনার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
- (৬) উপ-বিধি (৪) এ উল্লিখিত আবাসিক উপ-প্লটের ক্ষেত্রে রাস্তা ৩৩ মিটারের অধিক দীর্ঘ হইলে উপ-প্লট সংলগ্ন রাস্তার প্রশস্ততা বিবেচনায় অনুমোদনযোগ্য FAR সূচক প্রযোজ্য হইবে এবং মোট নির্মাণ ক্ষেত্রফল ও ভূমি আচ্ছাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সংযোগকারী রাস্তার ক্ষেত্রফল বিবেচ্য হইবে না।
- (৭) শুধু আবাসিক ব্যবহার ব্যতীত অন্যান্য সকল ব্যবহারের ক্ষেত্রে কোনো প্লটকে উপ-প্লটে বিভাজনের জন্য রাস্তার প্রশস্ততা ন্যূনতম ৬ মিটার হইতে হইবে।
- (৮) সরকারি বা বেসরকারি আবাসিক প্রকল্প এলাকাতে প্লট বিভাজনের ক্ষেত্রে উপ-প্লটের আয়তন কমপক্ষে ৫ (পাঁচ) কাঠা অথবা উক্ত এলাকায় একক প্লট হিসাবে কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত সর্বনিম্ন আয়তনের প্লট, যাহা বেশি হইবে, তাহা অপেক্ষা ক্ষুদ্র আয়তনের প্লট হিসাবে বিভাজন করা যাইবে না।
- (৯) কোনো প্লটকে একাধিক উপ-প্লটে বিভাজন করা হইলে উক্ত উপ-প্লটসমূহের ক্ষেত্রে এজমালি রাস্তা ন্যূনতম ৪.৮ মিটার প্রশস্ত হইতে হইবে এবং এজমালী রাস্তার ক্ষেত্রে রোডের FAR সূচক সারণি ৫ অনুযায়ী নির্ধারিত হইবে এবং এই ধরনের প্লটে সম্মুখের সেটব্যাক ১.৫ মিটার এবং অন্যান্য সেটব্যাক সারণি অনুযায়ী প্রাপ্ত হইবে।
- (১০) বিভাজিত প্লটের ক্ষেত্রে অনুমোদনযোগ্য FAR হইতে ০.২৫ কম প্রাপ্ত হইবে।
বিধি ৫২। প্লট একত্রীকরণ।
- (১) উন্নয়নকল্পে একাধিক প্লট একত্রীকরণ করা যাইবে এবং একত্রিত প্লটসমূহ একটি অখণ্ড প্লট হিসাবে গণ্য হইবে।
- (২) উপ-বিধি (১) এ উল্লিখিত অখণ্ড প্লটের ক্ষেত্রে জমির ক্ষেত্রফল বিবেচনা করিয়া সর্বোচ্চ ভূমি আচ্ছাদন এবং সংলগ্ন রাস্তার প্রশস্ততা বিবেচনা করিয়া বিধি অনুযায়ী FAR সূচক নির্ধারণ করিতে হইবে।
- (৩) উপ-বিধি (১) এর অধীন একত্রিত প্লটসমূহে অবস্থিত ভবনাদি নির্মাণকালে বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী অনুমোদিত হইয়া থাকিলে উক্ত ভবনাদি একত্রীকরণকৃত প্লটের জন্য ও অনুমোদিত বলিয়া গণ্য হইবে:
- (ক) এইরূপ ভবন পরিবর্তন, পরিবর্ধন বা উহাতে নূতন ভবন নির্মাণের ক্ষেত্রে জনঘনত্ব নির্ণয়ে অনুমোদিত বিশদ অঞ্চল পরিকল্পনা অনুসরণ করিতে হইবে;
- (খ) ইমারতসহ প্লট একত্রীকরণের ক্ষেত্রে যে বিধিমালা অনুযায়ী ইমারতটি অনুমোদিত হইয়াছে উক্ত বিধিমালায় বর্ণিত ন্যূনতম আবশ্যিক সেটব্যাক, ইমারতসমূহের মধ্যবর্তী সেটব্যাক ও MGC সংরক্ষণ করিতে হইবে।
বিধি ৫৩। পার্কিং।
- (১) বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং পরিসর ও গাড়ি ঘুরাইবার ব্যাসার্ধ নিম্নবর্ণিত সারণি ৬ অনুযায়ী হইতে হইবে, যথা:—
দ্রষ্টব্য:
- পাশাপাশি দুই বা ততোধিক সাধারণ গাড়ি পার্কিং এর ক্ষেত্রে পার্কিং এর বাধামুক্ত প্রস্থ প্রতি গাড়ির জন্য ২.৩ মিটার প্রস্থ ধরিয়া ইহার গুণিতক হারে হিসাব করিতে হইবে।
- বাস ও ট্রাক, মাল্টি এক্সেল ট্রাক বা লম্বা ট্রেলারের ড্রাইভওয়ের মাপ নির্ধারণের জন্য গাড়ি ঘুরাইবার অভ্যন্তরীণ ও বহিঃ ব্যাসার্ধের পরিমাপ বিবেচনা করিতে হইবে।
- সাধারণ গাড়ি ও দুই চাকার মোটর বাইকের ক্ষেত্রে গাড়ি ঘুরাইবার জন্য অভ্যন্তরীণ ও বহিঃব্যাসার্ধের পরিমাপের উল্লেখ করিতে হইবে না।
- (২) বিভিন্ন ধরনের পার্কিং এর জন্য সাধারণ গাড়ির ড্রাইভওয়ের মাপ নিম্নবর্ণিত সারণি ৭ অনুযায়ী নির্ধারিত হইবে যথা:—
দ্রষ্টব্য:
- পাশাপাশি দুই বা ততোধিক সাধারণ গাড়ি পার্কিং এর ক্ষেত্রে পার্কিং এর বাধামুক্ত প্রস্থ প্রতি গাড়ির জন্য ২.৩ মিটার প্রস্থ ধরিয়া ইহার গুণিতক হারে হিসাব করিতে হইবে।
- বাস ও ট্রাক, মাল্টি এক্সেল ট্রাক/লম্বা ট্রেলারের ড্রাইভওয়ের মাপ নির্ধারণের জন্য গাড়ি ঘুরাইবার অভ্যন্তরীণ ও বহিঃ ব্যাসার্ধের পরিমাপ বিবেচনা করিতে হইবে।
- সাধারণ গাড়ি ও দুই চাকার মোটর বাইকের ক্ষেত্রে গাড়ি ঘুরাইবার জন্য অভ্যন্তরীণ ও বহিঃ ব্যাসার্ধের পরিমাপের উল্লেখ করিতে হইবে না।
- (৩) সাধারণ গাড়ির প্রবেশ ও নির্গমন পথ এক হইলেও পার্কিং এর প্রবেশপথের বাধামুক্ত প্রস্থ ৩ মিটারের কম হইবে না এবং এই প্রস্থের মধ্যে কোনো ফুটপাথ বা অন্য বাধা থাকিবে না।
- (৪) বাস ও ট্রাকের পৃথক প্রবেশ ও নির্গমন পথের প্রস্থ ন্যূনতম ৪.২৫ মিটার ও একক প্রবেশ ও নির্গমন পথের ক্ষেত্রে ৬ মিটার হইবে।
- (৫) ইমারতের নকশা অনুমোদনের জন্য দাখিলকৃত নকশাসমূহের ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় পার্কিং স্থান নিম্নবর্ণিত সারণি-৮ অনুযায়ী হইতে হইবে, যথা:—
দ্রষ্টব্য:
১. মিশ্র ব্যবহারের ক্ষেত্রে পার্কিং স্পেসের পরিমাণ ভবনের প্রতিটি ব্যবহারের ধরনকে ভিত্তি করিয়া হিসাব করিতে হইবে এবং উক্ত ব্যবহারের ভিত্তিতে নির্ধারিত পার্কিং চাহিদার যোগফল মিশ্র ব্যবহারের মোট পার্কিং চাহিদা বলিয়া গণ্য হইবে।
২. একাধিক ধরনের অকুপেন্সির ক্ষেত্রে প্রতিটি অকুপেন্সির জন্য আলাদাভাবে প্রয়োজনীয় পার্কিং চাহিদার যোগফল মোট পার্কিং চাহিদা হিসাবে গণ্য হইবে।
৩. পার্কিং স্পেসের চাহিদার ভগ্নাংশের ক্ষেত্রে ১ (একটি) পার্কিং হিসাব করিতে হইবে।
৪. ৯০ ব.মি. পর্যন্ত ক্ষেত্রফল বিশিষ্ট ফ্ল্যাটের ক্ষেত্রে মোটর সাইকেল এবং গাড়ির সমন্বয়ে পার্কিং হইতে হইবে।
৫. A6 এর ক্ষেত্রে শুধু এ্যাম্বুলেন্স পার্কিং এবং অন্য যে কোনো ধরনের ভবনের জন্য ন্যূনপক্ষে ১ (একটি) গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকিতে হইবে, তবে রাস্তা প্রশস্তকরণের প্রস্তাব না থাকিলে ৬ মিটারের কম থাকিলে প্রশস্ত রাস্তা সংলগ্ন আবাসিক ভবনের জন্য ন্যূনতম গাড়ি পার্কিং এর শর্ত বাধ্যতামূলক হইবে না।
৬. হোটেলের ক্ষেত্রে সর্বনিম্ন পার্কিং সংখ্যা নির্ণয়ের সময় হোটেলে সমাবেশ সুবিধাদি থাকিলে সমাবেশ স্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম পার্কিং সংখ্যাও যোগ করিতে হইবে।
৭. টিওডি এলাকার জন্য TOD নীতিমালা অনুযায়ী পার্কিং প্রযোজ্য হইবে। পার্কিং সংশ্লিষ্ট যেকোনো অস্পষ্টতা সৃষ্টি হইলে কোড ও ডিটিসিএ এর নীতিমালা অনুসরণ করিতে হইবে।
৮. ন্যূনতম ১:৮ ঢাল বিশিষ্ট পার্কিং ফ্লোরে পার্কিং করা যাইবে।
-
(৬) অনূর্ধ্ব ৪ (চার)টি পর্যন্ত গাড়ির পার্কিং এর ক্ষেত্রে প্রয়োজনে রাস্তা হইতে সরাসরি কৌণিক পার্কিং নিম্নবর্ণিত শর্তসমূহ পূরণ সাপেক্ষে দেওয়া যাইবে, যথা:—
- (ক) উক্ত কৌণিক পার্কিং ৪৫ ডিগ্রির মধ্যে হইতে হইবে;
- (খ) বাস স্ট্যান্ডের ১৫ মিটারের মধ্যে উক্ত পার্কিং হইবে না;
- (গ) পথচারী পারাপারের চিহ্নিত জায়গা বা কোনো মোড়ের ২৫ মিটারের মধ্যে উক্ত পার্কিং হইবে না; এবং
- (ঘ) উক্ত পার্কিং কোনো অবস্থাতেই জাতীয় মহাসড়কে হইবে না।
- (৭) কোনো পার্কিং এলাকায় প্রবেশ বা নির্গমন পথের নির্মাণের জন্য ফুটপাথ কাটিতে হইলে স্থানীয় সরকার কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পথচারীদের সুযোগ-সুবিধা বিবেচনা করিয়া ফুটপাথের পরিবর্তন বা পরিবর্ধন করিতে হইবে এবং এইক্ষেত্রে নির্মাণ ব্যয় আবেদনকারী বহন করিবে।
- (৮) পার্কিং স্থানে প্রবেশ বা নির্গমনের র্যাম্প ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ ঢাল ১:৮ হইবে এবং র্যাম্প আরম্ভের পূর্বে ৪.২৫ মিটার দীর্ঘ আনুভূমিক পথ থাকিতে হইবে, তবে ০.৭৫ মিটার পর্যন্ত প্রারম্ভিক উচ্চতায় উঠা বা নামিবার জন্য উক্ত শর্ত প্রযোজ্য হইবে না।
- (৯) প্রারম্ভিক উচ্চতায় উঠিবার বা নামিবার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে সিঁড়িসহ) উপ-বিধি (৮) এ উল্লিখিত র্যাম্প সেটব্যাক অংশে নির্মাণ করা যাইবে এবং প্লটের সীমানা হইতে শুরু বা সীমানাতে শেষ হইতে পারিবে।
- (১০) একমুখী গাড়ি চলাচলের র্যাম্পের ক্ষেত্রে ন্যূনতম প্রস্থ ৩ মিটার এবং উভয়মুখী গাড়ি চলাচলের র্যাম্পের ক্ষেত্রে ন্যূনতম প্রস্থ সাধারণ গাড়ীর ক্ষেত্রে ৪.২৫ মিটার এবং অন্যান্য ক্ষেত্রে ৬ মিটার হইতে হইবে।
- (১১) আবাসিক সাইটে ন্যূনতম ১০০টি গাড়ি পার্কিং এবং অন্যান্য সাইটে ৫০টি গাড়ি পার্কিং স্থানের ক্ষেত্রে একটি আলাদা ট্রাফিক মার্জিং লেন ও হোল্ডিং বে এর ব্যবস্থা রাখিতে হইবে যাহাতে সংলগ্ন রাস্তায় ট্রাফিকের সহজ চলাচল কোনোভাবেই বিঘ্নিত না হয়।
- (১২) পার্কিং স্থান এবং র্যাম্পের বাধামুক্ত উচ্চতা কমপক্ষে ২.২৫ মিটার হইতে হইবে।
- (১৩) ১০ মিটার পর্যন্ত সম্মুখ প্রস্থবিশিষ্ট জমির ক্ষেত্রে শুধু একটি প্রবেশ ও একটি নির্গমন পথ থাকিতে পারিবে এবং জমির সম্মুখপ্রস্থ ১০ মিটারের অধিক হইলে কর্তৃপক্ষ ২ (দুই)টির অধিক প্রবেশ ও নির্গমনের অনুমতি প্রদান করিতে পারিবে।
-
(১৪) ভবনের বিভিন্ন ফ্লোরে গাড়ি পার্কিং এর উদ্দেশ্যে সংযোগের জন্য র্যাম্প ব্যবহার করিতে হইবে, কেবল স্থানের অপর্যাপ্ততার কারণে র্যাম্পের সংস্থান করা সম্ভব না হইলে, প্রয়োজনে, র্যাম্পের পরিবর্তে নিম্নবর্ণিত শর্তে কার লিফট ব্যবহার করা যাইবে, যথা:—
- (ক) কার লিফট বা ম্যাকানাইজড পার্কিং এ একমুখী রাস্তার সংস্থান করা হইলে, গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য অন্তত ৩.৬ মিটার প্রস্থ এবং দ্বিমুখী রাস্তার সংস্থান করা হইলে প্রবেশ এবং বের হওয়ার জন্য ৬ মিটার রাস্তার প্রস্থ থাকিতে হইবে;
- (খ) কার লিফটসম্পন্ন ভবনের সমগ্র কার পার্কিং এর ১৫% গাড়ি সাইটের অভ্যন্তরে কার লিফটে প্রবেশের পূর্বে অপেক্ষার জন্য স্থান সংকুলান থাকিতে হইবে, তবে এইরূপ অপেক্ষার স্থান ভবনে সাধারণের প্রবেশের জন্য সার্বজনীন অভিগম্যতাকে বাধাগ্রস্ত করিবে না;
- (গ) কার লিফটের সামনে, প্রবেশের স্থান বা বের হওয়ার স্থানে লিফটের বহনকারী গাড়ির সংখ্যার দৈর্ঘ্য ও প্রস্থের সমান স্থান সংরক্ষিত থাকিতে হইবে যাহা কমপক্ষে ৪.৬০ মিটার হইবে;
- (ঘ) প্রচলিত পার্কিং এর দৈর্ঘ্য ও প্রস্থের মান বিবেচিত হইবে, কার লিফটের অভ্যন্তরীণ কক্ষের সর্বনিম্ন মাপ হইবে ২.৬ মি. × ৬.২ মি.;
- (ঙ) প্রতি ৫০টি গাড়ির জন্য নিম্নবর্ণিত চিত্র অনুসারে একটি কার লিফট ব্যবহার করিতে হইবে, যথা:—
- (১৫) পার্কিং পরিসরের লে-আউট প্ল্যান এমনভাবে হইতে হইবে যাহাতে প্রতিটি গাড়ি অন্য গাড়ির জন্য সমস্যার সৃষ্টি না করিয়া ড্রাইভওয়ে অথবা সার্কুলেশন ক্ষেত্র হইতে সরাসরি পার্কিং এ প্রবেশ ও বাহির হইতে পারে।
বিধি ৫৪. বৃষ্টির পানি সংগ্রহ এবং ভূগর্ভস্থ পানি রিচার্জ (Rain Water harvesting and Ground Water recharge)
- (১) ইমারতের ছাদে পতিত বৃষ্টির পানি সংগ্রহ এবং উহা ব্যবহারের উপযুক্ত ব্যবস্থাদি ইমারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে থাকিতে হইবে:
- (২) এই বিধিমালা জারির পূর্বে অনুমোদিত (নির্মিত ও নির্মাণাধীন উভয় ক্ষেত্রে) ভবনসমূহের ছাদে পতিত বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ব্যবস্থাদি স্থাপন ও ভূগর্ভস্থ স্থাপনা রিচার্জের জন্য রিচার্জ পিট নির্মাণ করিলে উক্ত সকল ইমারতের সংশোধিত নকশা অনুমোদনের আবেদনে, প্রযোজ্য ক্ষেত্রে, অথবা ব্যবহার সনদ প্রদানের ফি মওকুফ করা হইবে।
- (৩) কোনো ইমারত বা কমপ্লেক্সের আচ্ছাদিত ক্ষেত্রফলের উপর ভিত্তি করিয়া কোড অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ও আকারের রিচার্জপিট নির্মাণ করিতে হইবে।
- (৪) বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহার এবং ভূগর্ভস্থ পানি রিচার্জের ব্যবস্থাদি কোড বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত স্পেসিফিকেশন অনুযায়ী করিতে হইবে।
-
(৫) বৃষ্টির পানি সংগ্রহ ও পানি রিচার্জে ব্যবহারের জন্য নির্মিত রিচার্জপিট—
- (ক) বৃষ্টির পানি সংরক্ষণ ও পানি রিচার্জ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাইবে না;
- (খ) বৃষ্টির পানি ব্যতীত অন্য কোনো উৎসের পানি রিচার্জের জন্য রিচার্জপিট ব্যবহার করা যাইবে না;
- (গ) রিচার্জপিট যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ, এবং সংরক্ষিত পানি দূষণমুক্ত রাখিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
- (৬) উপ-বিধি (৫) এ উল্লিখিত বিধান লঙ্ঘন করিলে উহা নির্মাণ অনুমোদনের শর্ত লঙ্ঘন বলিয়া গণ্য হইবে।
- (৭) কর্তৃপক্ষ, এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, একটি মনিটরিং কমিটি গঠন করিবে এবং উহা উপ-বিধি (১) হইতে উপ-বিধি (৬) এর বাস্তবায়ন এবং নির্মিত রিচার্জপিট রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও ব্যবহার পর্যবেক্ষণ করিবে।
- (৮) রিচার্জ পিট আবশ্যিক বা অতিরিক্ত ভূমি আচ্ছাদনের অংশ হিসাবে গণ্য হইবে না।
- (৯) বৃষ্টির পানি সংগ্রহ এবং ভূগর্ভস্থ পানি রিচার্জের ব্যবস্থাসহ ইমারত নির্মাণ করিলে ব্যবহার সনদপত্র গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে কোনো ফি প্রদান করিতে হইবে না।
বিধি ৫৫। বৃক্ষরোপণ
- (১) প্লটের পরিমাণ ১৩৪০ বর্গ মিটার (২০ কাঠা) এর অধিক হইলে প্লটের ন্যূনতম ১০% জায়গায় আবশ্যিকভাবে বৃক্ষরোপণ করিতে হইবে।
- (২) বৃক্ষরোপনের স্থান আবশ্যিক অনাচ্ছাদিত স্থান ও সেটব্যাক স্থান সমন্বয়ে করা যাইবে এবং অনুরূপ স্থান সর্বোচ্চ ২ (দুই) ভাগে বিভক্ত করা যাইবে, তবে কোনো একক অংশ এক-তৃতীয়াংশের কম করা যাইবে না।
- (৩) ১৩৪০ বর্গমিটার (১৪ কাঠা) এর নিচের ক্ষেত্রফল বিশিষ্ট প্লটে আবশ্যিক উন্মুক্ত স্থানের অন্তর্ভুক্ত ব্যধ্যতামূলক সবুজ এলাকায় লতা, গুল্ম বা মাঝারি আকৃতির গাছপালার বিশদ অঞ্চল পরিকল্পনায় বর্ণিত সংস্থান রাখিতে হইবে।
- (৪) ইমারতের মালিক বা, ক্ষেত্রমত, মালিক সমিতি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করিবেন।
- (৫) প্লটে অবস্থিত বিদ্যমান পরিণত বৃক্ষ সংরক্ষণপূর্বক নকশা অনুমোদন ও নির্মাণ করা হইলে এবং বৃক্ষের সুরক্ষা নিশ্চিত করা হইলে নিম্নবর্ণিত সারণি-৯ এ উল্লিখিত প্রণোদনা প্রযোজ্য হইবে, যাহা মোট মেঝের ক্ষেত্রফলের সহিত যুক্ত করা যাইবে, তবে নির্মাণকালে এবং পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে উক্ত সংরক্ষিত বৃক্ষের কোনোরূপ ক্ষতি সাধন করা হইলে বিধি ৬৯ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:—
বিধি ৫৬। ব্লকভিত্তিক উন্নয়ন
ব্লকভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে ইমারত নির্মাণ করিতে চাহিলে মহাপরিকল্পনায় উল্লিখিত ব্লকভিত্তিক উন্নয়নের শর্তাবলি প্রযোজ্য হইবে।বিধি ৫৭। ইমারতের পরিসরের ন্যূনতম চাহিদা
সাশ্রয়ী আবাসন ব্যতীত অন্যান্য ইমারতের বিভিন্ন কক্ষ বা স্থানের আয়তন বা পরিসরের ক্ষেত্রে নিম্নবর্ণিত পরিমাপ ও শর্ত অনুসরণ করিতে হইবে, তবে উহা, প্রয়োজনে, সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে ইমারত নির্মাণ কমিটি কর্তৃক শিথিলযোগ্য হইবে, যথা:—(ক) বসবাসযোগ্য কক্ষ:
- (১) আবাসিক ভবনের প্রতিটি ইউনিটের ক্ষেত্রে ন্যূনতম ২.৯ মিটার প্রস্থ ও ৯.৫ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট অন্তত একটি কক্ষ থাকিতে হইবে এবং অন্যান্য বাসযোগ্য কক্ষসমূহের জন্য সর্বনিম্ন ক্ষেত্রফল ৫ বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ ২ মিটার হইতে হইবে; এবং
- (২) বসবাসযোগ্য কক্ষের ন্যূনতম উচ্চতা ২.৭৫ মিটার হইবে এবং উন্মুক্ত বিমের নিচের উচ্চতা ন্যূনতম ২.১৫ মিটার থাকিতে হইবে, তবে ফলস সিলিং যুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ক্ষেত্রে ফলস সিলিং এর নিচে ন্যূনতম উচ্চতা ২.৪৪ মিটার হইতে হইবে;
(খ) রান্নাঘর:
- (১) রান্নাঘরের ন্যূনতম ক্ষেত্রফল ৪ বর্গমিটার এবং প্রস্থ ন্যূনতম ১.৫ মিটার হইবে, তবে এই এলাকা দেয়াল দ্বারা আবদ্ধ হওয়ার বাধ্যবাধকতা নাই;
- (২) রান্নাঘরের ন্যূনতম উচ্চতা ২.৭৫ মিটার হইবে এবং প্রযোজ্য ক্ষেত্রে উপরের ফ্লোরে ট্রাপ থাকিলেও ট্রাপের নিচ হইতে ন্যূনতম উচ্চতা ২.১৫ মিটার হইতে পারিবে;
- (৩) বাসগৃহের রান্নাঘরের জানালা ন্যূনতম ১ বর্গমিটার হইতে হইবে এবং উহা সরাসরি অথবা বারান্দার মাধ্যমে বহিঃপরিসর অথবা অভ্যন্তরীণ আঙ্গিনার সহিত খোলা থাকিতে পারিবে;
(গ) গোসলখানা ও টয়লেট:
- (১) বেসিন, ওয়াটার ক্লোজেট এবং গোসলের স্থান সংবলিত টয়লেটের ক্ষেত্রে ন্যূনতম ফ্লোর এরিয়া ৩.০ বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ ১.২৫ মিটার হইবে;
- (২) বেসিন ও ওয়াটার ক্লোজেট সংবলিত টয়লেটের ক্ষেত্রে ন্যূনতম ফ্লোর এরিয়া ১.২ বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ ১ মিটার হইবে;
- (৩) বেসিন এবং গোসলের স্থান সংবলিত টয়লেটের ক্ষেত্রে ন্যূনতম ফ্লোর এরিয়া ১.৫ বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ ১ মিটার হইবে;
- (৪) ওয়াটার ক্লোজেট এবং গোসলের স্থান সংবলিত টয়লেটের ক্ষেত্রে ন্যূনতম ফ্লোর এরিয়া ২.৮ বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ ১ মিটার হইবে;
- (৫) শুধু ওয়াটার ক্লোজেট সংস্থানের জন্য ন্যূনতম ফ্লোর এরিয়া ১.২ বর্গমিটার ও প্রস্থ ১ মিটার হইবে, অনুরূপ ক্ষেত্রে টয়লেট কিউবিকেলের পাল্লা বাহিরের দিকে খুলিতে হইবে;
- (৬) গোসলখানা ও টয়লেট এর উচ্চতা ২.১৫ মিটারের কম হইতে পারিবেনা এবং অনুরূপ উচ্চতা ফিনিসড্ ফ্লোর হইতে ফিনিসড্ সিলিং বা ফলস সিলিং, উন্মুক্ত বিমের নিচ পর্যন্ত অথবা উপরের ফ্লোরের প্লাম্বিং সিস্টেম এর ট্রাপ বা অন্যান্য পাইপ লাইনের নিচ পর্যন্ত পরিমাপযুক্ত হইবে; এবং
- (৭) গোসলখানা ও টয়লেটের জানালা ন্যূনতম ০.৩৭ বর্গমিটার ক্ষেত্রফলব্যাপী অভ্যন্তরীণ আঙ্গিনা, বহিঃপরিসর বা যে-কোনো এয়ারওয়েল বা লাইটওয়েলের সহিত সরাসরি খোলা থাকিতে হইবে: তবে শর্ত থাকে যে, শীতাতপ নিয়ন্ত্রিত বা যান্ত্রিক উপায়ে যথাযথভাবে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের ব্যবস্থাপনা থাকিলে জানালা থাকা বাধ্যতামূলক হইবে না;
(ঘ) সিঁড়ি:
- (১) বিভিন্ন ধরনের সিঁড়ির প্রতিটি ফ্লাইটের বাধামুক্ত ন্যূনতম প্রশস্ততার পরিমাপ নিম্নবর্ণিত সারণি ১০ অনুযায়ী হইবে, যথা:—
নোট:
- (১) একাধিক ফ্লোর বিশিষ্ট পার্কিং এর ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের সহিত সংযোগকারী সিঁড়ির (সাধারণ বা অগ্নি নিরাপদ উভয়ের ক্ষেত্রে) ন্যূনতম বাধামুক্ত প্রশস্ত হ্যান্ড রেইল ব্যতীত ১.১৫ মিটার হইবে।
- (২) রেস্টুরেন্ট এর জন্য ন্যূনতম সিঁড়ির প্রস্থ ১.৫ মিটার হইবে।
- (২) সিঁড়ির রাইজার ও ট্রেডের পরিমাপ এমন হইবে যেন একটি রাইজার ও একটি ট্রেডের যোগফল কমপক্ষে ৪০০ মিলিমিটার হয় এবং রাইজারের সর্বোচ্চ মাপ ১৭৫ মিলিমিটার এবং ট্রেডের সর্বনিম্ন মাপ ২২৫ মিলিমিটার হয়।
- (৩) নোজিং এবং হেলানো রাইজারের কারণে বৃদ্ধিপ্রাপ্ত মাপ ট্রেডের মাপের মধ্যে গণ্য করা যাইবে এবং সিঁড়ির একটি ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মাপের রাইজার এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মাপের ট্রেডের পার্থক্য উভয় ক্ষেত্রে গড় মাপের ২ শতাংশের বেশি হইবে না এবং পাশাপাশি অবস্থিত রাইজার ও ট্রেডের মাপের পার্থক্য ৫ মিলিমিটার এর বেশি হইতে পারিবে না;
- (৪) সিঁড়ির যে কোনো একটি ফ্লাইটে মোট ধাপের সংখ্যা সর্বোচ্চ ২০ এর মধ্যে সীমাবদ্ধ থাকিতে হইবে;
- (৫) সিঁড়ির ফ্লাইটসমূহের অন্তর্বতী সর্বনিম্ন উচ্চতা (Head Room) ২.১৫ মিটার হইতে হইবে;
- (৬) সিঁড়িঘরের যে কোনো ল্যান্ডিং এর তলার প্যাসেজ, যাহা আবাসযোগ্য নহে এইরূপ সার্ভিস স্পেসকে যুক্ত করিয়া তাহার সর্বনিম্ন উচ্চতা ২.০৩ মিটার হইবে এবং ল্যান্ডিং এর তলার অন্য সকল প্যাসেজ ও স্পেস এর ন্যূনতম উচ্চতা ২.১৫ মিটার হইতে হইবে;
- (৭) সিঁড়ির রেলিং এর ন্যূনতম উচ্চতা ০.৯০ মিটার হইবে এবং অনুরূপ মাপ সিঁড়ির ধাপের নোজ হইতে রেলিং এর উপরিতল পর্যন্ত উলম্ব দৈর্ঘ্য বুঝাইবে এবং শিশুরা এইরূপ ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করিবে তবে ব্যালাস্ট্রেড ডিজাইন শিশুদের জন্য যথেষ্ট নিরাপদ হইতে হইবে;
- (৮) ল্যান্ডিং এর গভীরতা (depth) যে কোনো লেভেলে ন্যূনতম সিঁড়ির প্রস্থের সমান হইতে হইবে;
- (৯) ছাদের সিঁড়িঘরের ন্যূনতম উচ্চতা ২.১০ মিটার হইতে হইবে;
- (১০) পাশাপাশি দুইটি ফ্লাইটের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম ১৫০ মি.মি: হইতে হইবে;
(ঙ) আবাসিক ভবনে কক্ষের উচ্চতার হিসাব ও অন্যান্য মাপসমূহ:
- (১) মেঝের উপরের ফিনিসড তল হইতে ছাদের নিচের ফিনিসড তল পর্যন্ত কক্ষের উচ্চতা হিসাব করিতে হইবে;
-
(২) কক্ষ বা স্পেসের বাধামুক্ত উচ্চতা হইবে নিম্নরূপ, যথা:—
- (ক) স্টোর রুম, ইউটিলিটি রুম ও বক্স রুম ন্যূনতম ২.১০ মিটার;
- (খ) বাথরুম, ল্যাভেটরি, টয়লেট, ব্যালকনি, পোর্চ, ইত্যাদি ন্যূনতম ২.১০ মিটার;
- (গ) ঢালু ছাদের ক্ষেত্রে ছাদের গড় উচ্চতা ন্যূনতম ২.৪৪ মিটার হইতে হইবে এবং, ক্ষেত্রমত, মেঝে হইতে ছাদের সর্বনিম্ন তলার ন্যূনতম উচ্চতা ২.০০ মিটার হইতে পারিবে;
- (ঘ) ছাদ, ফোল্ডেড প্লেট, শেল, ইত্যাদি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ফলস্ সিলিং এর নিচে অথবা ফলস সিলিং না থাকিলে ডাক্ট এর নিচে মেঝে হইতে ন্যূনতম উচ্চতা ২.৪৪ মিটার হইতে হইবে; এবং
- (৬) আবাসিক নহে এইরূপ ইমারতের ক্ষেত্রে ছাদের নিম্ন তলের উচ্চতা নির্ধারণের প্রয়োজনীয় শর্তসমূহ নিম্নবর্ণিত সারণি ১১ ছক অনুযায়ী হইতে হইবে, যথা:—
(চ) কমিউনিটি স্পেস:
- (১) FAR এর আওতাভুক্ত সর্বমোট ৩০০০ (তিন হাজার) বর্গমিটারের অধিক ক্ষেত্রফলবিশিষ্ট আবাসিক ভবনে বসবাসকারীদের ব্যবহারের জন্য FAR-ভুক্ত মেঝের আয়তনের ন্যূনতম ৫% স্থান বিভিন্ন সামাজিক সম্মেলন অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করিয়া কমিউনিটি স্পেস হিসাবে রাখিতে হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কমিউনিটি স্পেস এ সামাজিক সম্মেলনের স্থানের সহিত পাঠাগার ও জিমনেসিয়াম, অনূর্ধ্ব ১০০ বর্গমিটারের ক্লাব, ধর্মীয় উপাসনার স্থান সংস্থান করা যাইবে: আরও শর্ত থাকে যে, সামাজিক সম্মেলন ব্যবহারের স্থানের সহিত উপরে কোনো একক ব্যবহার প্রযোজ্য সর্বমোট ক্ষেত্রফলের ২৫% এর অধিক হইতে পারিবে না;
- (২) ব্লক ভিত্তিক উন্নয়ন ব্যতীত ১৩০০ (এক হাজার তিনশত) বর্গমিটার বা তদূর্ধ্ব পরিমাণের আবাসিক জমিতে এ্যাপার্টমেন্ট নির্মাণ করিতে চাহিলে সম্পূর্ণ জমির অন্তত ১০% উক্ত এ্যাপার্টমেন্টের বসবাসকারীগণের খেলার জায়গা হিসাবে একটি নির্দিষ্ট স্থানে রাখিতে হইবে, যাহার অর্ধেক আচ্ছাদিত এলাকায় হইতে পারিবে কিন্তু কোনো দেওয়াল দ্বারা আবদ্ধ করা যাইবে না এবং এই আচ্ছাদিত এলাকা FAR এর হিসাবে অন্তর্ভুক্ত হইবে না এবং সেটব্যাক এর জন্য সংরক্ষিত জায়গা সংক্রান্ত খেলার জায়গার অন্তর্ভুক্ত হইতে পারিবে।
বিধি ৫৮। বিদ্যমান ইমারত নির্মাণ সংক্রান্ত বিধান।
- (১) ইমারত নির্মাণের ক্ষেত্রে মহাপরিকল্পনা, বিএনবিসি কোড ও এই বিধিমালা অনুসরণ করিতে হইবে:
- (২) কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ব্যতীত কোনো ইমারত বা ইমারতের অংশবিশেষ নির্মিত হইলে এবং অনুরূপ ইমারত বা ইমারতের অংশ বিশেষ এই বিধিমালার আলোকে অনুমোদনযোগ্য বলিয়া বিবেচিত হইলে, অনুরূপ নির্মিত ইমারত বা ইমারতের অংশ বিশেষের জন্য Building Construction Act, 1952 এর section 3 এর ধারা অনুযায়ী প্রযোজ্য জরিমানা এবং ফি গ্রহণপূর্বক অনুমোদন প্রদান করা যাইবে।
বিধি ৫৯। নির্মাণ ও নির্মাণ অনুমোদন সংশ্লিষ্ট সাধারণ জ্ঞাতব্য বিষয়সমূহ।
- (১) ১৮ (আঠারো) মিটারের অতিরিক্ত উচ্চতায় এক বা একাধিক তলা বিশিষ্ট ইমারতে লিফট স্থাপন করিতে হইবে এবং এইরূপ উচ্চতা নির্ধারণের জন্য ইমারতের বসবাস বা ব্যবহারযোগ্য সর্বোচ্চ তলার ছাদের উপরিভাগের উচ্চতা গণ্য করা হইবে।
- (২) ৩৩ (তেত্রিশ) মিটার বা ১০ (দশ) তলার অধিক উচ্চতা বিশিষ্ট ইমারতের জন্য সংশ্লিষ্ট ইমারতের উচ্চতা, লিফটের ধারণ ক্ষমতা, ব্যবহারকারীর অপেক্ষার সময়, ব্যবহারকারীর সংখ্যা, ইত্যাদির উপর নির্ভর করিয়া লিফটের সংখ্যা নির্ধারিত হইবে, অনুরূপ ইমারতে ন্যূনতম ২টি লিফটের সংস্থান রাখিতে হইবে এবং কমপক্ষে ১টি লিফট স্ট্রেচার লিফট হইতে হইবে: তবে শর্ত থাকে যে, সাধারণ লিফটের ক্ষেত্রে লিফট লবির ন্যূনতম পরিমাপ লিফট ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করিয়া নির্ধারিত হইবে এবং লিফট লবির গভীরতা ১.৫ মিটার এর কম হইতে পারিবে না: আরও শর্ত থাকে যে, স্ট্রেচার লিফট সংস্থান করা হইলে স্ট্রেচার লিফট এর জন্য লিফট লবির গভীরতার মাপ ন্যূনতম ২.১ মিটার হইতে হইবে।
- (৩) ইমারতের বিভিন্ন যান্ত্রিক ও বৈদ্যুতিক পরিসেবা যথা: আলোক ব্যবস্থা, বৈদ্যুতিক স্থাপনা, শীতাতপ নিয়ন্ত্রণ, উত্তাপ, বায়ু চলাচল ব্যবস্থা, শব্দ নিয়ন্ত্রণ, শব্দ নিরোধ, লিফট, এসকেলেটর, মুভিং ওয়াক সংক্রান্ত সকল প্রয়োজনীয় নকশা সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি কর্তৃক প্রণীত হইতে হইবে।
- (৪) জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, সাব-স্টেশন এবং অন্যান্য বৈদ্যুতিক ও যান্ত্রিক স্থাপনা হইতে নির্গত শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখিতে হইবে এবং উপরি-বর্ণিত যন্ত্রাদি হইতে উৎপন্ন ধোঁয়া, তাপ, পানি, ইত্যাদি যাহাতে সাইটস্থ বা সন্নিহিত প্লটসমূহের সাধারণ বায়ুপ্রবাহ এবং আয়াস ও স্বাচ্ছন্দ্যকে ব্যাহত না করে তাহা নিশ্চিত করিতে হইবে।
- (৫) কর্তন বা ধ্বংস সাধনের জন্য অনুমোদনপ্রাপ্ত পাহাড়ের পাদদেশে টার্ফিং এবং ঢালকে স্ট্যাবিলাইজ করিয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে হইবে এবং যে সমস্ত নালা বা খালের উৎস, কর্তনের জন্য অনুমোদনপ্রাপ্ত পাহাড়ে সংযুক্ত, সেইসব নালা বা খালের মুখে স্পিলওয়ে, সিল্ট্র্যাপ, ইত্যাদি নির্মাণ করিতে হইবে।
- (৬) পুকুর খনন করিতে হইলে সাইটের সীমানা হইতে কমপক্ষে ৩ (তিন) মিটার দূরত্বে খনন করিতে হইবে, যাহার ঢাল পার্শ্ববর্তী সীমানা হইতে ৪৫ (পঁয়তাল্লিশ) ডিগ্রি কোণের অধিক হইবে না।
- (৭) কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত বা যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত ও অন্যান্য ইলেক্ট্রো মেকানিক্যাল ব্যবস্থার কারণে নির্গত উষ্ণ বায়ু বা ধোঁয়া পরিবেশ দূষণকারী উপাদান প্রশমন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কোডের অনুসরণপূর্বক প্রতিপালন করিতে হইবে।
বিধি ৬০। মিশ্র উন্নয়ন (Mixed Use Development)।
- (১) যদি আবাসিক ব্যবহার বাণিজ্যিক ব্যবহারের সহিত মিশ্রিত হয় তাহা হইলে FAR ও ভূমি আচ্ছাদন নির্ধারণের জন্য আবাসিক ব্যবহারের প্রযোজ্য বিধান কার্যকর হইবে।
- (২) উপ-বিধি (১) এ বর্ণিত মিশ্র ব্যবহার ব্যতীত অন্য সকল মিশ্র ব্যবহার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির জন্য প্রযোজ্য বিধানাবলির কঠোরতমটি (Stringent Requirements) যেমন সর্বনিম্ন FAR, সর্বনিম্ন ভূমি আচ্ছাদন (Ground Coverage), সর্বোচ্চ সেটব্যাক (Setback) এর বিষয়টি গণ্য করা হইবে; তবে এক্ষেত্রে যে অকুপেন্সি টাইপের ফ্লোর স্পেস (পার্কিং বাদে) সর্বোচ্চ হইবে সেই বিশেষ অকুপেন্সি টাইপ সংক্রান্ত বিধি প্রযোজ্য হইবে।
- (৩) সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আবাসিক প্রকল্পের যে সকল প্লট প্রশস্ত রাস্তা থাকিবার কারণে আবাসিক হইতে মিশ্র ব্যবহারে রূপান্তর করা হইয়াছে, সেই সকল জমিতে অনাবাসিক ব্যবহারের জন্য গাড়ীর প্রবেশ এবং নির্গমন কেবল উক্ত প্রশস্ত রাস্তা হইতে হইবে এবং অনুরূপ মিশ্র ব্যবহার কর্নার প্লটে হইলে আবাসিক ব্যবহারের জন্য যে কোনো রাস্তা ব্যবহার করা যাইবে।
- (৪) আবাসিক জমি সংলগ্ন জমিতে মিশ্র ব্যবহার ইমারত নির্মাণের ক্ষেত্রে, আবাসিক জমির দিকে সীমানা হইতে ২.৫ মিটার সেটব্যাক রাখিতে হইবে।
- (৫) মিশ্র ব্যবহারের ক্ষেত্রে আবাসিক ব্যবহারের অংশে জানালা বা বারান্দা পার্শ্ববর্তী আবাসিক জমির দিকে দেওয়া যাইবে, তবে অনাবাসিক ব্যবহারের অংশে পার্শ্ববর্তী আবাসিক জমির দিকে বারান্দা দেওয়া যাইবে না।
- (৬) সকল মিশ্র ব্যবহার উন্নয়নের ক্ষেত্রে বিশদ অঞ্চল পরিকল্পনা এবং কোড অনুসরণপূর্বক অকুপেন্সি মিশ্রণের নির্দেশনা নিশ্চিত করিতে হইবে।
