তৃতীয় অধ্যায়
কমিটি
বিধি ২৯। কমিটি গঠন
- (১) এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নরূপ এক বা একাধিক কমিটি থাকিবে, যথা—
- (ক) ইমারত নির্মাণ কমিটি;
- (খ) আপিল কমিটি;
- (গ) নগর উন্নয়ন কমিটি।
- (২) কর্তৃপক্ষ, প্রয়োজনে, অন্য যেকোনো কমিটি গঠন করিতে পারিবে।
বিধি ৩০। ইমারত নির্মাণ কমিটি
- (১) আইনের section 3 এর sub-section (2) অনুযায়ী বিভিন্ন কারিগরি সদস্যের সমন্বয়ে এক বা একাধিক ইমারত নির্মাণ কমিটি থাকিবে এবং কমিটিতে অথরাইজড অফিসার ও কারিগরি সদস্যের মতামত বাধ্যতামূলক হইবে।
- (২) আপিল কমিটি বা নগর উন্নয়ন কমিটির কোনো সদস্যকে এই কমিটির সদস্য পদে মনোনীত করা যাইবে না।
বিধি ৩১। আপিল কমিটি গঠন
- (১) আপিল কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা—
- (ক) কর্তৃপক্ষের চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন;
- (খ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং
- (গ) কর্তৃপক্ষের প্রধান নগর স্থপতি, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
- (২) আপিল কমিটি, প্রয়োজনে, যেকোনো বিশেষজ্ঞ বা পেশাজীবী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করিতে পারিবে।
- (৩) ইমারত নির্মাণ কমিটির কোনো সদস্যকে আপিল কমিটির সদস্য পদে মনোনীত করা যাইবে না।
বিধি ৩২। নগর উন্নয়ন কমিটি
- (১) নগর উন্নয়ন কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:—
- (ক) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন;
- (খ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ;
- (গ) চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ;
- (ঘ) বিভাগীয় কমিশনার, ঢাকা;
- (ঙ) প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর;
- (চ) প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর;
- (ছ) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা;
- (জ) পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর;
- (ঝ) সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ;
- (ঞ) সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স;
- (ট) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ;
- (ঠ) সভাপতি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ;
- (ড) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের ৪ (চার) জন অধ্যাপক যাহাদের মধ্যে ১ (এক) জন পরিবেশ বিষয়ক, ১ (এক) জন স্থাপত্য বিষয়ক, ১ (এক) জন পরিকল্পনা বিষয়ক ও ১ (এক) পুর-প্রকৌশল বিষয়ক হইবেন;
- (ঢ) সরকার কর্তৃক মনোনীত সুশীল সমাজের ৩ (তিন) জন প্রতিনিধি এবং আইন প্রণয়ন ও ব্যাখ্যা প্রদান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন সরকারের ১ (এক) জন কর্মকর্তা;
- (ণ) নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ;
- (ত) মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর;
- (থ) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও বাস্তবায়ন), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ; এবং
- (দ) প্রধান নগর পরিকল্পনাবিদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
- (২) উপ-বিধি (১) এর দফা (ঠ) ও (ড)-তে উল্লিখিত সদস্যগণের মেয়াদ হইবে মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর।
- (৩) নগর উন্নয়ন কমিটি, প্রয়োজনে, যেকোনো বিশেষজ্ঞ বা পেশাজীবী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করিতে পারিবে।
- (৪) ইমারত নির্মাণ অনুমোদন সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে নগর উন্নয়ন কমিটির সদস্য পদে মনোনীত করা যাইবে না।
বিধি ৩৩। নগর উন্নয়ন কমিটির কার্যাবলি
নগর উন্নয়ন কমিটির কার্যাবলি নিম্নরূপ হইবে, যথা:—
- (ক) কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকার সকল পরিকল্পনা, উন্নয়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ কাজের জন্য নীতি ও ভবিষ্যৎ রূপরেখা বিষয়ে সুপারিশ করা;
- (খ) এই বিধিমালার আওতায় নিষ্পত্তিযোগ্য নহে এইরূপ কোনো বিষয়ে কার্যকর দিক-নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করা;
- (গ) কর্তৃপক্ষের নিকট হইতে কোনো বিষয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণের জন্য লিখিত অনুরোধ প্রাপ্ত হইলে, প্রয়োজনে, সংশ্লিষ্ট পেশাজীবী বা বিশেষজ্ঞের সহিত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা;
- (ঘ) ঢাকা মহানগরীর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সমন্বয়, পরিকল্পনা প্রণয়ন, পরিবহন ব্যবস্থা উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বাস্তবায়নে সার্বিক সহায়তা করা; এবং
- (ঙ) এই বিধিমালার উদ্দেশ্যপূরণকল্পে, ন্যায় ও সমতা বিধানকল্পে প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা প্রদান করা।
বিধি ৩৪। নগর উন্নয়ন কমিটির সভা
- (১) নগর উন্নয়ন কমিটি, প্রয়োজনে, প্রতিমাসে অন্যূন একবার সভায় মিলিত হইবে।
- (২) নগর উন্নয়ন কমিটির যেকোনো সভায় কোরামের জন্য অন্যূন দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।
- (৩) সভায় উপস্থিত নগর উন্নয়ন কমিটির প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোটাধিকার থাকিবে।
- (৪) সভার যেকোনো সিদ্ধান্ত সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভাপতি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবে।
বিধি ৩৫। নগর উন্নয়ন কমিটি কর্তৃক উপ-কমিটি গঠন, ইত্যাদি
- (১) নগর উন্নয়ন কমিটি উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবং এতদ্সংক্রান্ত সুপারিশ প্রদানের এক বা একাধিক উপ-কমিটি গঠন করিতে পারিবে।
- (২) উপ-বিধি (১) এ উল্লিখিত যেকোনো উপ-কমিটিতে, প্রয়োজনে, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ বা পেশাজীবী কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যাইবে।
- (৩) নগর উন্নয়ন কমিটি উপ-কমিটির যেকোনো সুপারিশ সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ অথবা অগ্রাহ্য করিতে পারিবে।
Last modified on September 3, 2026