দ্বিতীয় অধ্যায়
পরিকল্পনা ও ইমারত নির্মাণ অনুমোদন পত্রের আবেদন, অনুমোদন এবং বসবাস বা ব্যবহার সনদ, ইত্যাদি
বিধি ৩। পরিকল্পনা, ইমারত নির্মাণ ও বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি
-
(১) এই বিধিমালার অধীন পরিকল্পনা, ইমারত নির্মাণ, উহার নকশা এবং বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি নিম্নবর্ণিত পর্যায়ে সম্পন্ন হইবে, যথা:—
- (ক) পরিকল্পনা অনুমোদন (Planning Permit);
- (খ) নির্মাণ অনুমোদন (Construction Permit); এবং
- (গ) বসবাস বা ব্যবহার সনদ (Occupancy Certificate)।
- (২) উপ-বিধি (১) এ উল্লিখিত বিষয়ে আবেদনকারী নিজে বা তাহার প্রতিনিধির মাধ্যমে আবেদন করিতে পারিবে।
- (৩) উপ-বিধি (১) এ উল্লিখিত অনুমোদন বা, ক্ষেত্রমত, সনদ প্রদানের আবেদন ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করিতে হইবে।
বিধি ৪। পরিকল্পনা অনুমোদন পত্রের আবেদন
- (১) নির্মাণ অনুমোদন পত্রের আবেদন দাখিলের পূর্বে কর্তৃপক্ষের আওতাভুক্ত যেকোনো ভূমিতে ইমারত নির্মাণের ক্ষেত্রে, কর্তৃপক্ষের নিকট হইতে পরিকল্পনা অনুমোদন গ্রহণের জন্য আবেদন করিতে হইবে।
-
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদনের সহিত নিম্নবর্ণিত কাগজাদি দাখিল করিতে হইবে, যথা:—
- (ক) আবেদনকারী ও, ক্ষেত্রমত, প্রস্তাবিত উন্নয়ন কাজে ব্যবহৃত ভূমি বা ভবনের মালিকের জাতীয় পরিচয়পত্র, হালনাগাদ ভূমি উন্নয়ন কর, দলিল, সর্বশেষ নামজারি খতিয়ান ও প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য কাগজপত্রের মূল কপির স্ক্যান কপি;
- (খ) পরিশিষ্ট ৪ অনুযায়ী ফি পরিশোধের প্রমাণ পত্র;
- (গ) উপযুক্ত স্কেলের (যেমন- ১:১৯৮০, ১:৭৯২) ন্যূনতম ৪ (চার)টি কো-অর্ডিনেট মানসহ ডিজিটাল সার্ভে (পরিমাপযোগ্য ফরম্যাটে ড্রইং, pdf, jpeg) এবং জমি ও সংলগ্ন রাস্তার স্থিরচিত্র (jpeg format);
- (ঘ) আবেদনকারীর প্রতিনিধি কর্তৃক আবেদন দাখিলের ক্ষেত্রে প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত প্রত্যয়নপত্র।
-
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত কাগজাদি ছাড়াও বিশেষ ক্ষেত্রে, যেমন:- ৫ একরের অধিক পরিমাণের ভূমিতে এপার্টমেন্ট কমপ্লেক্স বা রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প, ব্লকভিত্তিক উন্নয়ন, বিশেষ ইমারত, ইত্যাদি নিম্নবর্ণিত কাগজাদি দাখিল করিতে হইবে, যথা:—
- (ক) বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুসারে অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্প এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট হাউজিং কোম্পানি কর্তৃক প্রদত্ত চূড়ান্ত পজেশন সার্টিফিকেট এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্লট একত্রীকরণ পত্র;
- (খ) বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুযায়ী নাগরিক সুবিধা সংবলিত Pdf ফরম্যাটে লে-আউট প্ল্যান;
- (গ) কনসেপ্ট প্ল্যান সংবলিত পরিকল্পনা প্রতিবেদন;
- (ঘ) ১:১৯৮০ স্কেলে সাইট প্ল্যান;
- (ঙ) প্রক্ষেপিত জনসংখ্যার আলোকে নগর পরিকল্পনা, পারিপার্শ্বিক অবস্থা, প্রস্তাবিত প্রকল্পের সহিত বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা, পলিসি ও অন্যান্য বিধি বিধানের আলোকে সামঞ্জস্যতা, ইত্যাদি বিষয়াদি সংক্রান্ত পরিকল্পনাবিদ কর্তৃক প্রস্তুত ও স্বাক্ষরিত পরিকল্পনা প্রতিবেদন;
- (চ) প্রযোজ্য ক্ষেত্রে, জমির মালিকানার বিষয়ে জেলা প্রশাসকের অনাপত্তিপত্র;
- (ছ) প্রযোজ্য ক্ষেত্রে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা অন্য কোনো স্থানীয় সরকার কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অথবা অন্য কোনো সংশ্লিষ্ট সংস্থা বা মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র;
- (জ) প্রযোজ্য ক্ষেত্রে, পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন এবং পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র ও অবস্থানগত ছাড়পত্র;
- (ঝ) প্রযোজ্য ক্ষেত্রে, ট্রাফিক সমীক্ষা প্রতিবেদন, ইত্যাদি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র;
- (ঞ) প্রযোজ্য ক্ষেত্রে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ হইতে অনুমোদিত Traffic Impact Assessment (TIA) ও Traffic Circulation ছাড়পত্র; এবং
- (ট) প্রযোজ্য ক্ষেত্রে, Key Point Installation (কেপিআই) বা হেরিটেজ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র।
- (৪) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পিত ও উন্নয়নকৃত সাইট অ্যান্ড সার্ভিসেস প্রকল্প এলাকার প্লটের ক্ষেত্রে রাজউক বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এস্টেট ও ভূমি শাখা হইতে জমির মালিকানা ও অনুমোদিত লে-আউটের বিষয়ে অনাপত্তি গ্রহণ করিতে হইবে।
বিধি ৫। পরিকল্পনা অনুমোদনের সাধারণ শর্তাবলি
- (১) যেকোনো অকুপেন্সি টাইপের ইমারতের পরিকল্পনা অনুমোদনের নিমিত্ত উক্ত অকুপেন্সি টাইপের জন্য সারণি-৫ এ উল্লিখিত ন্যূনতম FAR বিবেচনার ক্ষেত্রে উক্ত ন্যূনতম FAR সূচক সাপেক্ষে, কেবল বিদ্যমান রাস্তার প্রশস্ততা বিবেচ্য হইবে।
- (২) বিশেষ ইমারত নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে ইমারত নির্মাণ কমিটি, কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা অনুমোদনপত্রে আরোপিত শর্তের অতিরিক্ত শর্ত আরোপ করিতে পারিবে, যাহা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত শর্তের প্রতিবন্ধক হইবে না:
বিধি ৬। পরিকল্পনা অনুমোদনের আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান ও বাতিল
- (১) পরিকল্পনা অনুমোদনপত্রের আবেদন দাখিলের ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও মহাপরিকল্পনার ভিত্তিতে আবেদন, প্রয়োজনে যেকোনো শর্ত সাপেক্ষে, অনুমোদন বা প্রত্যাখ্যানের মাধ্যমে নিষ্পত্তি করা হইবে: তবে শর্ত থাকে যে, ৫ (পাঁচ) একরের অধিক পরিমাণের ভূমিতে এপার্টমেন্ট কমপ্লেক্স বা রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প, ব্লকভিত্তিক উন্নয়ন ও বিশেষ ইমারতের ক্ষেত্রে পরিকল্পনা অনুমোদনের আবেদন নিষ্পত্তির সময়সীমা হইবে ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবস।
- (২) পরিকল্পনা অনুমোদনপত্রের আবেদন, কর্তৃপক্ষের নগর পরিকল্পনার শাখার উপনগর পরিকল্পনাবিদ পর্যায়ে নিষ্পত্তি হইবে: তবে শর্ত থাকে যে, ৫ (পাঁচ) একরের অধিক পরিমাণের ভূমিতে এপার্টমেন্ট কমপ্লেক্স বা রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প, ব্লকভিত্তিক উন্নয়ন ও বিশেষ ইমারতের ক্ষেত্রে কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ বা প্রধান নগর পরিকল্পনাবিদের অনুমোদনক্রমে, নিষ্পত্তি করিতে হইবে।
- (৩) পরিকল্পনা অনুমোদনের আবেদন অনুমোদিত হইলে আবেদনকারীর অনুকূলে পরিকল্পনা অনুমোদনপত্র ইস্যু করা হইবে।
- (৪) কর্তৃপক্ষ পরিকল্পনা অনুমোদনের আবেদন, প্রয়োজনে, যুক্তিসংগত শর্ত সাপেক্ষে, অনুমোদন অথবা প্রত্যাখ্যান করিতে পারিবে।
- (৫) আবেদনকারীর কোনো তথ্যের ঘাটতি থাকিলে অথবা কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হইলে উহা আবেদনকারীকে অবহিত করিতে হইবে এবং অনুরূপ অবহিতকরণের ৩০ (ত্রিশ) দিন অতিবাহিত হইবার পরও কোনো তথ্য প্রদান বা জবাব পাওয়া না গেলে আবেদন প্রত্যাখ্যান করা যাইবে।
- (৬) যদি কোনো আবেদনকারী মহাপরিকল্পনায় বর্ণিত ভূমি ব্যবহারের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ভূমি ব্যবহারের আবেদন করে তাহা হইলেও উক্ত আবেদন প্রত্যাখ্যান করা যাইবে।
- (৭) পরিকল্পনা অনুমোদন কোনো উন্নয়ন বা নির্মাণ কাজের অনুমতি বলিয়া গণ্য হইবে না এবং ইহা আবেদনকারীকে কোনোরূপ কাজ আরম্ভ বা সম্পাদনের অধিকার প্রদান করিবে না।
- (৮) পরিকল্পনা অনুমোদনপত্রের কোনো শর্ত লঙ্ঘন বা মালিকানা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করা হইলে পরিকল্পনা অনুমোদনপত্র বাতিল করিতে হইবে।
- (৯) উপ-বিধি (৮) অনুযায়ী কোনো পরিকল্পনা অনুমোদন বাতিল হইলে বিষয়টি ভবন মালিক ও সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষ কর্তৃক অবহিত করিতে হইবে।
- (১০) পরিকল্পনা অনুমোদন বাতিল হইবার সঙ্গে সঙ্গে নির্মাণ অনুমোদনপত্র ও বসবার বা ব্যবহার সনদ বাতিল করিতে হইবে এবং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করিবে।
বিধি ৭। পরিকল্পনা অনুমোদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল
- (১) কোনো পরিকল্পনা অনুমোদনের আবেদন প্রত্যাখ্যান করা হইলে, আবেদনকারী উক্তরূপে প্রত্যাখ্যাত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধ সাপেক্ষে, কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর আপিল করিতে পারিবে।
- (২) উপ-বিধি (১) এর অধীন কোনো আপিল আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে চেয়ারম্যান আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবেন।
- (৩) উপ-বিধি (২) এর অধীন আপিলে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধ সাপেক্ষে, সরকার বরাবর পুনরায় আপিল করিতে পারিবেন।
- (৪) উপ-বিধি (৩) এর অধীন কোনো আপিল আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে সরকার আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবেন।
- (৫) উপ-বিধি (৪) এর অধীন আপিলে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে সরকার বরাবর উহা পুনর্বিবেচনার আবেদন করা যাইবে এবং সরকার এইরূপ পুনর্বিবেচনার আবেদন ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করিবে।
বিধি ৮। পরিকল্পনা অনুমোদনপত্রের মেয়াদ
- (১) পরিকল্পনা অনুমোদনপত্র প্রাপ্তির পর নকশা অনুমোদনের আবেদন দাখিলের নিমিত্ত পরিকল্পনা অনুমোদনপত্রের মেয়াদ হইবে অনুমোদনের তারিখ হইতে ২ (দুই) বৎসর।
- (২) উপ-বিধি (১) এ বর্ণিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে কোনো আবেদনকারী, পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধপূর্বক, পরিকল্পনা অনুমোদনপত্র নবায়নের জন্য আবেদন করিতে পারিবেন।
- (৩) উপ-বিধি (২) এর অধীন নবায়নের কোনো আবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ, আইন, মহাপরিকল্পনা, কোড এবং এই বিধিমালার সংশ্লিষ্ট বিধির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, অনুমোদনপত্রের মেয়াদ অতিক্রান্ত হইবার পর হইতে অনুমোদনপত্রে উল্লিখিত মহাপরিকল্পনার অনুরূপ প্রস্তাবনা বলবৎ থাকা সাপেক্ষে, এক বৎসরের জন্য পরিকল্পনা অনুমোদনপত্র নবায়ন করিতে পারিবে।
- (৪) পরিকল্পনা অনুমোদনপত্র বা, প্রযোজ্য ক্ষেত্রে, নবায়নকৃত পরিকল্পনা অনুমোদনপত্রের মেয়াদ উত্তীর্ণ হইলে নূতন করিয়া পরিকল্পনা অনুমোদন গ্রহণ করিতে হইবে।
বিধি ৯। নির্মাণ অনুমোদনপত্রের আবেদন
- (১) কোনো ব্যক্তি, সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা নূতন কোনো ইমারত বা স্থাপনা নির্মাণ করিতে চাহিলে অথবা বিদ্যমান ইমারত বা স্থাপনা পরিবর্তন বা সংযোজন করিতে চাহিলে আইন, এই বিধিমালা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হইতে নির্মাণ অনুমোদনপত্রের আবেদন করিতে হইবে।
-
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদনের সহিত নিম্নবর্ণিত তথ্য, কাগজাদি ও নকশা দাখিল করিতে হইবে, যথা:—
- (ক) পরিকল্পনা অনুমোদনপত্র;
- (খ) কারিগরি নিয়োগ পত্র: প্রকল্পে আবেদনকারী এবং কারিগরি ব্যক্তি চুক্তিবদ্ধ হইয়াছেন মর্মে ৩০০ (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌথ স্বাক্ষরে অঙ্গীকারনামা এবং আবেদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারিগরি ব্যক্তির নিয়োগপত্র;
- (গ) নির্ধারিত স্কেলে প্রয়োজনীয় নকশা: নকশা অনুমোদনের জন্য কোড অনুসরণপূর্বক স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এবং প্লাম্বিং নকশা;
- (ঘ) ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে হালনাগাদ আয়কর রিটার্ন স্লিপ;
- (ঙ) অনলাইন সিস্টেম হইতে প্রাপ্ত পরিকল্পনা অনুমোদন পত্র সংশ্লিষ্ট তথ্যাদি;
- (চ) কোড অনুসরণপূর্বক প্রকৌশলীর ডিজাইন প্রতিবেদন; এবং
- (ছ) ইনডেমিনিটি বন্ড: গভীর ভিত্তি (foundation) নির্মাণ, পাইলিং, বেজমেন্ট বা ভূগর্ভস্থ তলা নির্মাণ কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষ অনুমোদিত ফরমে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ইনডেমিনিটি বন্ড (Indemnity bond)।
-
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত কাগজাদি ছাড়াও বিশেষ ইমারত নির্মাণ বা, প্রযোজ্য ক্ষেত্রে, নিম্নবর্ণিত কাগজাদি দাখিল করিতে হইবে, যথা:—
- (ক) রাস্তার জন্য জমি সমর্পণের ইজমেন্ট দলিল;
- (খ) অগ্নিনিরাপত্তা ও নির্বাপণ নকশা;
- (গ) কর্তৃপক্ষ কর্তৃক ডেভেলপারের নিবন্ধনের কপি;
- (ঘ) ইজমেন্ট দলিল;
- (ঙ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অনাপত্তিপত্র;
- (চ) Key Point Installation (কেপিআই) বা হেরিটেজ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র;
- (ছ) ক্যান্টনমেন্ট বোর্ড, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদনপত্র;
- (জ) পূর্বতন অনুমোদিত নকশা, যদি থাকে;
-
(ঝ) বিশেষ ইমারতের ১:১০০ স্কেলে অঙ্কিত লে-আউট ড্রইং যাহাতে নিম্নবর্ণিত তথ্যসমূহ সন্নিবেশিত থাকিবে, যথা:—
- (১) সাইটের সকল দিকের মাপ ও সীমানা;
- (২) প্রযোজ্য ক্ষেত্রে, সাইটের উপর স্থাপিত ভবনসমূহের পরিসীমা, ভবনসমূহের বহিঃস্থ অংশের মাপ, উচ্চতা, তলার সংখ্যা ও বাধ্যতামূলক উন্মুক্ত স্থানের মাপ;
- (৩) প্রযোজ্য ক্ষেত্রে, সাইটের উপর অবস্থিত ভবন ও কাঠামোসমূহের প্রস্তাবিত ও বিদ্যমান অবস্থান, পুকুর বা জলাশয়ের অবস্থান, বাগানসহ অন্যান্য এলাকা, নিচুভূমি, উন্মুক্ত তৃণভূমি, বনাঞ্চল, ইত্যাদি;
- (৪) এলাকা ও রাস্তাসমূহের নাম, প্রস্থ;
- (৫) পার্শ্ববর্তী রাস্তা ও তাহাদের প্রস্থের সঙ্গে সম্পর্ক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট সাইট ও প্লটের দিকসমূহের নির্দেশক (indication of directions), সাইটের সহিত সংযুক্ত রাস্তার প্রস্থ এবং ব্যক্তিগত বা নিজেদের রাস্তার ক্ষেত্রে সমগ্র রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ;
- (৬) রাস্তা হইতে সাইটের প্রবেশ পথ (entrance) ও নির্গমন পথের (exit) উপর স্থাপিত গেটের অবস্থান, প্রস্তাবিত ও বিদ্যমান ইমারতসমূহের চারপাশ ঘিরে নর্দমার (ড্রেইন), যদি থাকে, অবস্থান ও পানিপ্রবাহের দিক নির্দেশক;
- (৭) ভূগর্ভস্থ জলাধার, সেপটিক ট্যাংক, সোক পিট, Swerage Treatment Plant ও পয়ঃনিষ্কাশন লাইনের সহিত সংযোগসমূহের অবস্থান, যদি থাকে;
- (৮) সাইটের অভ্যন্তরে বর্জ্য বা আবর্জনা সংগ্রহস্থলের অবস্থান;
- (৯) নির্মাণ অনুমোদনের আবেদনের সহিত পরিকল্পনা অনুমোদনপত্র প্রদানকালে অনুমোদনকৃত সকল ধারণাগত নকশা, স্যাটেলাইট ইমেজ, ম্যাপ, প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য সংস্থার অনাপত্তি, পরিকল্পনা প্রতিবেদন;
- (১০) একাধিক ভবন, অন্যান্য কাঠামো ও স্থাপনা অন্তর্ভুক্ত রহিয়াছে এইরূপ বিশেষ ইমারতের ক্ষেত্রে প্রস্তুতকৃত একটি মাস্টারপ্ল্যান যাহা পরিকল্পনা অনুমোদনপত্রের সহিত সংযুক্ত এবং যাহাতে সকল ভবন বা কাঠামো, রাস্তাসমূহের লে-আউট, ভূমির উপর অবস্থিত সকল বস্তু ও সকল ভৌগোলিক উপাদান, যেমন- গাছ, পাহাড়, পুকুর বা জলাশয়, মাটি খনন বা মাটি ভরাট, ইত্যাদির অবস্থান, পরিসীমা ও নাগরিক সুবিধাসমূহ প্রদর্শিত থাকে;
-
(ঞ) বেজমেন্ট ও মেজানাইন (mezzanine) তলাসহ ভবনের সকল তলার ১:১০০ স্কেলে অঙ্কিত ফ্লোর প্ল্যান যাহাতে নিম্নবর্ণিত তথ্যসমূহ সন্নিবেশিত থাকিবে, যথা:—
- (১) দরজা ও জানালার অবস্থান সহকারে সকল কক্ষ ও ফাঁকা জায়গার মাপ, আকার, অবস্থান ও ব্যবহার;
- (২) সিঁড়িঘর, লিফট কোর, র্যাম্প, জরুরি বহির্গমন সিঁড়ির অবস্থান ও ম্যাপ;
- (৩) ছাদের পানি নিষ্কাশন ব্যবস্থা, টেরাস (যদি থাকে), প্রযোজ্য ক্ষেত্রে, লিফটের মেশিনরুম, সিঁড়িঘরের ছাদ, জরুরি বহির্গমন, ছাদে স্থায়ী জলাধার, যদি থাকে, ও পানি বেরিয়ে যাওয়ার পথ প্রদর্শনপূর্বক ছাদের নকশা;
- (৪) প্রযোজ্য ক্ষেত্রে, প্রবেশ পথ (entrance), নির্গমন পথ (exit), ড্রপিং বে, ড্রাইভওয়ে ও পার্কিং স্থান প্রদর্শনপূর্বক পার্কিং পরিকল্পনা এবং নিরাপত্তা চৌকির (security post) অবস্থান;
- (৫) প্রযোজ্য ক্ষেত্রে, বৈদ্যুতিক ও যান্ত্রিক কক্ষের অবস্থান; এবং
- (৬) একাধিক ভবন বা স্থাপনা রহিয়াছে এইরূপ কমপ্লেক্সের ক্ষেত্রে যানবাহন ও পথচারীদের জন্য প্রবেশ পথ, অভ্যন্তরীণ চলাচলের রাস্তা, যাত্রীদের জন্য গাড়ি হইতে অবতরণ এবং আরোহণের ব্যবস্থা;
-
(ট) প্রয়োজনীয় অংশে মাপসহ ১:১০০ স্কেল অনুসরণপূর্বক প্রস্তুতকৃত নকশার অন্তর্গত অন্যূন ২ (দুই)টি সেকশন (লম্বালম্বি ও আড়াআড়ি) যাহার মধ্যে অন্তত একটি সেকশনকে অবশ্যই সিঁড়িঘর ছেদ (cut) করিতে হইবে এবং ছেদ করা নকশায় নিম্নবর্ণিত বিষয়গুলি প্রদর্শন করিতে হইবে, যথা:—
- (১) মেজানাইন (mezzanine) তলাসহ, প্রযোজ্য ক্ষেত্রে, প্রতিটি তলার উচ্চতা, চিলেকোঠা (loft), উপরে স্থাপিত জলাধার (যদি থাকে), লিফটের মেশিন রুম (যদি থাকে), ছাদের কিনারা বরাবর প্যারাপেট (parapet) এর উচ্চতা, বর্তমান ভূমি, রাস্তা ও ফুটপাথের প্রেক্ষিতে ইমারতের সর্বোচ্চ উচ্চতা;
- (২) বিভিন্ন অংশের মাপ, যাহাদের বহিঃস্থ দিকগুলি দেয়াল হইতে সম্প্রসারিত (ব্যালকনি, সানশেড, ইত্যাদি); এবং
- (৩) মেঝে-তল (floor surface) এর বর্তমান ও প্রস্তাবিত লেভেল (level);
- (ঠ) ১:১০০ স্কেলে প্রণীত ভবনের সর্বোচ্চ উচ্চতা ও প্রয়োজনীয় মাপসহ সকল দিকের elevation drawing;
-
(ড) কোড অনুসরণপূর্বক ১:১০০ স্কেল অনুসরণ করিয়া ভবনের প্রস্তুতকৃত নিম্নবর্ণিত কাঠামো নকশা (Structural Design) যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশিত থাকিবে, যথা:—
- (১) কোড মোতাবেক সিসমিক ডিটেইলিং ও প্যারামিটারসহ জেনারেল নোট (General Notes) এবং ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন;
- (২) ফাউন্ডেশন ডিটেইলড প্ল্যান, সেকশন, প্রযোজ্য ক্ষেত্রে, Shore Protection ও Excavation ডিজাইন;
- (৩) কলাম, শিয়ার ওয়াল ও রিটেইনিং ওয়ালের লে-আউট এবং সিডিউল ও ডিটেইলিং;
- (৪) বীম লে-আউট ও ডিটেইলিং;
- (৫) স্লাবের পুরুত্ব (thickness)-সহ রেইনফোর্সমেন্ট (rainforcement) ডিটেইলড (detailed);
- (৬) সিঁড়ির পুরুত্ব (thickness) রেইনফোর্সমেন্ট ডিটেইলড;
- (৭) স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনসহ সেপ্টিক ট্যাংক, আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ওয়াটার ট্যাংকের প্লান, সেকশনসহ রেইনফোর্সমেন্ট ডিটেইলড;
- (৮) প্রযোজ্য ক্ষেত্রে, এক্সপানশন জয়েন্ট, সিসমিক জয়েন্ট ডিটেইলড;
- (৯) র্যাম্প ও লিফট কোরের ডিটেইল্স; এবং
- (১০) কোড অনুসারে প্রকৌশলী কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র;
-
(ঢ) কোড অনুসরণপূর্বক, পঠনযোগ্য ও যথাযথ স্কেল অনুসরণে ভবনের নিম্নবর্ণিত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং (MEP) ও অগ্নি-নিরাপত্তা নকশা (design) যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশিত থাকিবে, যথা:—
- (১) কোডে উল্লিখিত নীতিমালা অনুযায়ী ইমারত বা স্থাপনার বিস্তারিত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রো মেকানিক্যাল নকশা;
- (২) প্রযোজ্য ক্ষেত্রে, Sewage Treatment Plant-সহ কোড অনুসারে ইমারত বা স্থাপনার বিস্তারিত প্লাম্বিং (plumbing) নকশা;
- (৩) এই বিধিমালা বা কোড অনুযায়ী অগ্নি নিরাপত্তা ও নির্বাপন নকশা বা, প্রযোজ্য ক্ষেত্রে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নকশা;
- (৪) প্রযোজ্য ক্ষেত্রে, শীততাপ নিয়ন্ত্রণ, বায়ু চলাচল ও ভেন্টিলেশন ব্যবস্থা;
- (৫) প্রযোজ্য ক্ষেত্রে, ফায়ার হাইড্রেন্ট ও অগ্নি নির্বাপন ব্যবস্থা;
- (৬) প্রযোজ্য ক্ষেত্রে, ফায়ার ডিটেকশন, এলার্ম ও জরুরি নির্গমণ ব্যবস্থা;
- (৭) প্রযোজ্য ক্ষেত্রে, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা;
- (৮) প্রযোজ্য ক্ষেত্রে, আর্থিং, বজ্রপাত নিরোধক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা;
- (৯) প্রযোজ্য ক্ষেত্রে, পানি সরবরাহ পয়ঃ ও পানি নিষ্কাশন ও পয়ঃপরিশোধন ব্যবস্থা;
- (১০) প্রযোজ্য ক্ষেত্রে, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা;
- (১১) প্রযোজ্য ক্ষেত্রে, লিফট, এসকেলেটর, মুভিং ওয়াক, ইত্যাদির ব্যবস্থা; এবং
- (১২) কোড অনুসারে প্রকৌশলী কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র;
-
(ণ) ডিজাইন প্রতিবেদন যাহাতে নিম্নবর্ণিত বিষয় সন্নিবেশিত থাকিবে, যথা:—
- (১) সাইটের মৃত্তিকা পরীক্ষা প্রতিবেদন;
- (২) কোড অনুযায়ী ক্যালকুলেশনসহ বিস্তারিত ডিজাইন প্রতিবেদন;
- (৩) ম্যাটেরিয়ালস স্পেসিফিকেশনসহ স্ট্রাকচারাল ডিজাইন রিপোর্ট, কারিগরি তথ্যাদি ও কর্মপদ্ধতি (Construction Work Safety Plan) যাহাতে নির্মাণ কার্যক্রমের কারণে পার্শ্ববর্তী কোনো ইমারত, স্থাপনা, সাইট, ইউটিলিটি সার্ভিস লাইন, রাস্তা বা অন্য কোনো অবকাঠামো বা জানমাল ও পরিবেশের ক্ষতি না হয়;
- (৪) প্লাম্বিং ও পানি সরবরাহ এবং, প্রযোজ্য ক্ষেত্রে, Sewage Treatment Plant (STP) এর ডিজাইন ক্যালকুলেশন রিপোর্ট।
- (৪) পরিকল্পনা অনুমোদনপত্র গ্রহণ করা হইয়া থাকিলে নির্মাণ অনুমোদন আবেদনকালে মালিকানা সংক্রান্ত কাগজপত্র পুনরায় দাখিল করিতে হইবে না।
- (৫) নির্মাণ অনুমোদনের আবেদনের প্রেক্ষিতে নির্মাণ সময়ের জন্য কর্তৃপক্ষ কর্তৃক ইমারত বা স্থাপনার স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং নকশা এবং, প্রযোজ্য ক্ষেত্রে, মেকানিক্যাল, অগ্নিনিরাপত্তা ও নির্বাপন নকশা ‘নির্মাণ অনুমোদন নকশা’ হিসাবে গণ্য হইবে।
- (৬) ইমারত বা স্থাপনার সম্পূর্ণ বা আংশিক নির্মাণ শেষে বসবাস বা ব্যবহার সনদ প্রাপ্তি ইমারতের সম্পূর্ণ বা আংশিক অংশের চূড়ান্ত অনুমোদন হিসাবে গণ্য হইবে।
বিধি ১০। বিশেষ ইমারত
-
(১) নিম্নবর্ণিত যেকোনো বৈশিষ্ট্যসম্পন্ন স্থাপনার ক্ষেত্রে উহা বিশেষ ইমারত হিসাবে গণ্য হইবে, যথা:—
- (ক) ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) বর্গমিটারের অধিক (গ্রস এরিয়া) মেঝে বিশিষ্ট যেকোনো ইমারত;
- (খ) জাতীয় মহাসড়কের সহিত সরাসরি সংযোগ বিশিষ্ট যেকোনো ইমারত;
- (গ) মহাপরিকল্পনায় নির্দেশিত ২ (দুই) বা ততোধিক প্রধান সড়কের ১০০ (একশত) মিটার সংযোগস্থলে প্রস্তাবিত স্থাপনা;
- (ঘ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকার ২৫০ (দুইশত পঞ্চাশ) মিটার দূরত্বের মধ্যে যেকোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন;
- (ঙ) ইটের ভাটাসহ পরিবেশ দূষণমূলক বা বিপজ্জনক ব্যবহারের ভবন (J) বা স্বাস্থ্যসেবা (D);
- (চ) সরকার কর্তৃক চিহ্নিত ঐতিহ্যবাহী ইমারত বা স্থাপনার সীমানা প্রাচীর হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) মিটার দূরত্বের মধ্যে যেকোনো নির্মাণ বা উন্নয়ন;
- (ছ) মহাপরিকল্পনায় চিহ্নিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার ১৫০ (একশত পঞ্চাশ) মিটার দূরত্বের মধ্যে যেকোনো নির্মাণ বা উন্নয়ন (Water Based Park, বন্যাপ্রবাহ এলাকা, বনভূমি, উদ্যান);
- (জ) মহাপরিকল্পনায় চিহ্নিত বনাঞ্চল, পাহাড়ি এলাকা অথবা পাহাড় হিসাবে দৃশ্যমান ভূমি অথবা এইরূপ ভূমির ১৫০ (একশত পঞ্চাশ) মিটারের মধ্যে যেকোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন;
- (ঝ) নদী তীরবর্তী ২৫০ (দুইশত পঞ্চাশ) মিটার দূরত্বের মধ্যে যেকোনো ধরনের নির্মাণ বা উন্নয়ন;
- (ঞ) ৫,০০০ (পাঁচ হাজার) বর্গমিটারের অধিক (গ্রস এরিয়া) মেঝে বিশিষ্ট কোনো বিপণী কেন্দ্র; এবং
- (ট) প্রযুক্তিগত অথবা পরিবেশগত কারণে এই বিধিমালার বিধানাবলি সরাসরি প্রয়োগ করা যাইবে না এইরূপ বৈশিষ্ট্যসম্পন্ন স্থাপনা যাহা সন্নিহিত এলাকায় বিশেষ প্রভাব তৈরি করিতে পারে।
- (২) বিশেষ ইমারতের জন্য কোনো অতিরিক্ত নকশা অনুমোদন গ্রহণ করিতে হইবে না।
বিধি ১১। বিশেষ ইমারতের নির্মাণ অনুমোদনে বিবেচ্য বিষয়
-
(১) বিশেষ ইমারত নির্মাণ অনুমোদনে ইমারত নির্মাণ কমিটি কর্তৃক নকশা ও প্রতিবেদন যাচাইকালে নিম্নবর্ণিত বিষয়াদিসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনা করিতে হইবে, যথা:—
- (ক) পরিকল্পনা অনুমোদনপত্রের শর্তাবলি পালন করা হইয়াছে কিনা এবং কোনো অতিরিক্ত শর্তাদি প্রযোজ্য কিনা;
- (খ) ঐতিহ্যবাহী ইমারত (heritage) সংলগ্ন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার ক্ষেত্রে প্রস্তাবিত ইমারতের উচ্চতা, ব্যবহার, নির্মাণ সময়ের সঙ্গে প্রস্তাবিত ইমারতের সামঞ্জস্যতা, প্রভৃতি;
- (গ) পরিকল্পনা প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত প্রকল্প সন্নিহিত পারস্পরিক এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা;
- (ঘ) প্রয়োজনীয় নাগরিক সুবিধাদির সংস্থান করা হইয়াছে কিনা;
- (ঙ) সমাবেশ, বাণিজ্যিক, ইত্যাদি ব্যবহারের কারণে অধিক পরিমাণে যানবাহন সমাগমের জন্য পর্যাপ্ত ট্রাফিক সার্কুলেশন ব্যবস্থার সংস্থান করা হইয়াছে কিনা;
- (চ) নদী তীরবর্তী বা বন্যাপ্রবণ এলাকার ক্ষেত্রে প্রকল্পের অবস্থান বন্যার প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত করিবে কিনা, প্রকল্প বাস্তবায়ন করা হইলে বন্যার পানির স্বাভাবিক উচ্চতা, গতিবেগ, ইত্যাদি বৃদ্ধি পাইবে কিনা কিংবা বৃষ্টির পানি নিষ্কাশন কিরূপ প্রভাব সৃষ্টি করিবে;
- (ছ) প্রকল্প বাস্তবায়নের ফলে কোনো পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইবে কিনা এবং হইলে সেক্ষেত্রে সম্ভাব্য করণীয়; এবং
- (জ) বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ইউটিলিটি সরবরাহ পর্যাপ্ত কিনা।
- (২) জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অথবা বিশেষ প্রভাবসম্পন্ন কোনো প্রকল্পের ক্ষেত্রে অথবা পরিবেশের উপর বৈরী প্রভাব ফেলিতে পারে এইরূপ কোনো প্রকল্পের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রকল্পের সকল নকশা জনসাধারণের অবলোকন ও মতামতের জন্য ১৫ (পনেরো) দিন যাবৎ সহজে দৃশ্যমান কোনো স্থানে প্রদর্শনের ব্যবস্থা করিবে।
- (৩) উপ-বিধি (২) এর অধীন প্রদর্শনের পর যদি কোনো ব্যক্তি বিবেচনা করেন যে, কোনো প্রকল্প আইন, এই বিধিমালা অথবা বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি-বিধানের পরিপন্থি হইবে বা উহা জনগণ অথবা পরিবেশকে ক্ষতিগ্রস্ত বা বিপন্ন করিবে তাহা হইলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত প্রকল্পের নকশাসমূহ তাহাকে পর্যবেক্ষণের সুযোগ প্রদান করিতে হইবে।
- (৪) উপ-বিধি (২) এর অধীন প্রদর্শনের পর জনগণের নিকট হইতে প্রাপ্ত সকল মতামত, যদি থাকে, বিবেচনাক্রমে ইমারত নির্মাণ কমিটি অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ করিবে।
বিধি ১২। নকশা বিষয়ে কারিগরি ব্যক্তির করণীয়
- (১) আবেদনকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কারিগরি ব্যক্তি তদকর্তৃক প্রণীত ও নির্মাণ অনুমোদনের জন্য দাখিলকৃত নকশায় স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর প্রদান করিবেন।
- (২) উপ-বিধি (১) এ বর্ণিত নকশা কম্পিউটার এইডেড ড্রইং এবং JPEG বা pdf উভয় ফরম্যাটে দাখিল করিতে হইবে।
-
(৩) নির্মাণ অনুমোদনের জন্য দাখিলকৃত সকল নকশায় নিম্নবর্ণিত তথ্যসমূহ সন্নিবেশিত থাকিতে হইবে, যথা:—
- (ক) নকশার শিরোনাম;
- (খ) পরিকল্পনা অনুমোদনপত্রের স্মারক নম্বর ও তারিখ;
- (গ) আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল, অনুস্বাক্ষরিত বা ডিজিটাল স্বাক্ষর;
- (ঘ) সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তিবর্গের নাম, ঠিকানা, ফোন নম্বর, সংশ্লিষ্ট পেশাজীবী ইনস্টিটিউশনের সদস্য নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর;
- (ঙ) আবেদনকারীর প্রতিনিধি কর্তৃক আবেদনকৃত নকশায় সংশ্লিষ্ট প্লট বা হোল্ডিং মালিকের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল, আবেদনকৃত প্লট সংলগ্ন রাস্তা বা সড়কের নাম;
- (চ) কোড অনুসারে ইমারত নির্মাণ ও প্রস্তাবিত ব্যবহারের ধরন; এবং
- (ছ) নির্মাণ সাইটটি যে থানার অন্তর্গত সেই থানা ও মৌজার নাম, এবং সিএস খতিয়ান বা এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা/ এবং মহানগর জরিপে উল্লিখিত দাগ নম্বর ও, প্রযোজ্য ক্ষেত্রে, প্লট নম্বর।
বিধি ১৩। নির্মাণ অনুমোদনের আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান ও বাতিল
- (১) কর্তৃপক্ষের নিকট নির্মাণ অনুমোদনপত্রের কোনো আবেদন অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বিবেচিত হইলে আবেদনপত্র প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কর্তৃপক্ষ আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রাদি জমা প্রদানের জন্য লিখিতভাবে অনুরোধ জানাইবে।
- (২) উপ-বিধি (১) অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রাদি জমা প্রদানের অনুরোধ সংবলিত নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদনকারী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করিবে এবং উক্ত সময়সীমার মধ্যে তিনি চাহিদাকৃত তথ্য ও কাগজপত্র জমা প্রদানে ব্যর্থ হইলে দাখিলকৃত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, তথ্য ও কাগজাদি দাখিলের এইরূপ অনুরোধ ২ (দুই) বারের বেশি করা যাইবে না।
- (৩) সকল ধরনের ইমারত বা স্থাপনার নির্মাণ আবেদনের নকশা অনুমোদন বা সংশোধনের আবেদন এক বা একাধিক স্তরে দাখিল করা যাইবে।
- (৪) স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং, প্রযোজ্য ক্ষেত্রে, মেকানিক্যাল, ট্রাফিক সার্কুলেশন প্ল্যান, অগ্নিনিরাপত্তা ও নির্বাপন নকশা একত্রে জমা প্রদান করা হইলে ইমারত নির্মাণ কমিটির সুপারিশক্রমে নকশা অনুমোদন বা প্রত্যাখ্যানক্রমে নিষ্পত্তি করা হইবে: তবে শর্ত থাকে যে, প্রথমে অন্যান্য নকশা ব্যতীত কেবল স্থাপত্য নকশা দাখিল করা হইলে এবং স্থাপত্য নকশা ইমারত নির্মাণ কমিটি কর্তৃক অনুমোদনযোগ্য বিবেচিত হইলে ইমারত নির্মাণ কমিটি স্থাপত্য নকশা দাখিলের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তাহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে এবং একই সঙ্গে ১৮০ (একশত আশি) দিনের মধ্যে কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং, প্রযোজ্য ক্ষেত্রে, মেকানিক্যাল, ট্রাফিক সার্কুলেশন প্ল্যান, অগ্নিনিরাপত্তা ও নির্বাপন নকশা দাখিলের জন্য আবেদনকারীকে অনুরোধ জানাইবে।
- (৫) কাঠামোগত নকশার সহিত স্থাপত্য নকশা অসামঞ্জস্যপূর্ণ হইলে ইমারত নির্মাণ কমিটি আবেদনকারীকে ১৮০ (একশত আশি) দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী দাখিলের লক্ষ্যে জন্য অনুরোধ জানাইবে এবং উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী দাখিল করা না হইলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবে।
- (৬) স্থাপত্য নকশা অনুমোদনযোগ্য বিবেচিত হইলেও ১৮০ (একশত আশি) দিনের মধ্যে কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং নকশা দাখিল করা না হইলে নির্মাণ অনুমোদন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবে।
- (৭) সকল নকশা অনুমোদনের পূর্বে ইমারত নির্মাণ কাজ আরম্ভ করা যাইবে না।
- (৮) ইমারত নির্মাণ কমিটি সকল নকশা প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে অনুমোদনের সুপারিশ বা প্রত্যাখ্যান করিবে।
- (৯) নির্মাণ অনুমোদনপত্রের আবেদন সুপারিশ প্রাপ্ত হইলে পরিশিষ্ট ৪ অনুসারে নির্মাণ অনুমোদন ফি জমা দিতে হইবে এবং উক্তরূপ ফি জমাদানের পর ইমারত নির্মাণ কমিটি অনুমোদিত নকশায় স্বাক্ষর প্রদান করিবে।
- (১০) কোনো নির্মাণ অনুমোদনপত্রের আবেদন প্রত্যাখ্যান করা হইলে নির্মাণ অনুমোদন ফি গ্রহণ ব্যতিরেকে অথরাইজড অফিসার আইন, এই বিধিমালা, কোড বা অন্যান্য আইন ও বিধি-বিধানের সুনির্দিষ্ট বিধান ও কারণ উল্লেখপূর্বক আবেদনকারীকে প্রত্যাখ্যান পত্র প্রেরণ করিবে।
বিধি ১৪। নির্মাণ অনুমোদনের আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল
- (১) কোনো নির্মাণ অনুমোদনপত্রের আবেদন প্রত্যাখ্যান করা হইলে, আবেদনকারী উক্তরূপে প্রত্যাখ্যাত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধ সাপেক্ষে, আপিল কমিটি বরাবর আপিল আবেদন করিতে পারিবে।
- (২) উপ-বিধি (১) এর অধীন কোনো আপিল আবেদন প্রাপ্তির পর আপিল কমিটি, উপ-বিধি (৩) ও (৪) এর বিধান সাপেক্ষে, ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে।
- (৩) উপ-বিধি (২) অনুযায়ী আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল কমিটি আইনি স্পষ্টতা ও অধিকতর সিদ্ধান্তের জন্য বিষয়টি নগর উন্নয়ন কমিটিতে প্রেরণ করিতে পারিবে।
- (৪) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, নগর উন্নয়ন কমিটি উপ-বিধি (৩) এর অধীন কোনো আবেদন প্রাপ্ত হইলে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সুপারিশ প্রদান করিবে এবং নগর উন্নয়ন কমিটির সুপারিশের আলোকে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করিবে।
- (৫) আপিলে নির্মাণ অনুমোদনের আবেদন—
- (ক) প্রত্যাখ্যাত হইলে আবেদনকারীকে বিষয়টি লিখিতভাবে অবহিত করিতে হইবে; অথবা
- (খ) অনুমোদিত হইলে বিধি ১৩ এর উপ-বিধি (৯) অনুসরণ করিয়া সংশ্লিষ্ট অথরাইজড অফিসার অনুমোদিত নকশাসহ অনুমোদনপত্র আবেদনকারীকে প্রেরণ করিবে।
বিধি ১৫। নির্মাণ অনুমোদনপত্রের মেয়াদ
- (১) বিধি ১৩, বা ক্ষেত্রমত, বিধি ১৪ এর অধীন প্রদত্ত ইমারত বা অবকাঠামোর নির্মাণ অনুমোদনপত্রের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর এবং এইরূপ মেয়াদের মধ্যে ইমারতের অন্যূন প্লিন্থ লেভেল পর্যন্ত নির্মাণ সম্পন্ন করিতে হইবে।
- (২) আবেদনকারী উপ-বিধি (১) অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হইলে নূতন করিয়া নির্মাণ অনুমোদনপত্র গ্রহণ করিতে হইবে।
বিধি ১৬। অনুমোদিত নকশা সংশোধন
- (১) এই বিধিমালা জারির পূর্বে নির্মিত ও নির্মাণাধীন উভয় ক্ষেত্রে অনুমোদিত ভবনসমূহের সর্বমোট ক্ষেত্রফলসহ তলা প্রতি ক্ষেত্রফল অপরিবর্তিত ও নকশার বহিঃঅবয়ব (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) অনুমোদিত পরিমাপের মধ্যে রাখিয়া যে বিধিমালার অধীন নকশা অনুমোদিত হইয়াছে সেই বিধিমালা অনুযায়ী অভ্যন্তরীণ পরিবর্তন বা সংশোধন করা যাইবে।
- (২) এই বিধিমালার অধীন অনুমোদিত নকশার ক্ষেত্রে শুধু অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের ক্ষেত্রে সর্বমোট মেঝের আয়তন, FAR, আবাসন ইউনিট, কাঠামোগত নকশা, ভূমি আচ্ছাদনের পরিমাণ, বাইরের পরিসীমা এবং ভার্টিক্যাল সার্কুলেশন পদ্ধতি বা পথের অবস্থানগত পরিবর্তন না হইলে নূতন করিয়া অনুমোদনের প্রয়োজন হইবে না।
- (৩) কক্ষের উচ্চতায় পরিবর্তন ২০ (বিশ) সেন্টিমিটারের মধ্যে হইলে নূতন কোনো অনুমোদনের প্রয়োজন হইবে না যদি না উচ্চতার সহিত সংশ্লিষ্ট অন্যান্য বাধ্যবাধকতা যথাযথ থাকে।
- (৪) নির্মাণ অনুমোদনপত্রের মেয়াদে অনুমোদিত নকশার কোনো সংশোধনের প্রয়োজন হইলে আবেদনকারী অনুমোদিত নকশাসহ সংশোধিত নকশা সংযুক্ত করিয়া আবেদন দাখিল করিবেন।
- (৫) নকশা সংশোধনের কারণে মেঝের ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে পরিশিষ্ট ৪ অনুযায়ী ফি পরিশোধ করিতে হইবে।
- (৬) সংশোধিত নকশা পুনরায় অনুমোদনের পূর্বে ভবনের সংশোধিত অংশের নির্মাণকাজ সম্পন্ন করা হইলে এবং অনুরূপ পরিবর্তন এই বিধিমালার অধীন অনুমোদনযোগ্য হইলে পরিশিষ্ট ৪ এ বর্ণিত নির্মাণ অনুমোদনের দশগুণ ফি এবং Building Construction Act, 1952 অনুসারে ধার্যকৃত জরিমানা প্রদানপূর্বক পুনরায় নির্মাণ অনুমোদনপত্র গ্রহণ করিতে হইবে।
বিধি ১৭। নির্মাণ সংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারী, কারিগরি ব্যক্তি ও অন্যান্যদের দায়িত্ব ও দায়িত্বে অবহেলা
- (১) ইমারত নির্মাণে অনুমোদনপ্রাপ্ত আবেদনকারী কোনো অবস্থাতেই অনুমোদিত নকশা ও দলিলাদির পরিপন্থি কোনো কাজ করিতে পারিবে না।
- (২) নির্মাণ অনুমোদনপত্র ইস্যু করিবার পর সংশ্লিষ্ট অথরাইজড অফিসারকে অবহিত না করিয়া কোনো নির্মাণ, খনন, অপসারণ বা সাইটে কোনো কাজ আরম্ভ করা যাইবে না।
- (৩) সকল স্থাপত্য, কাঠামোগত ও সার্ভিস নকশা তদারকির জন্য আবেদনকারী কর্তৃক কারিগরি ব্যক্তি নিয়োজিত করিতে হইবে।
- (৪) নির্মাণ সম্পর্কিত তথ্যাবলি সংবলিত সাইনবোর্ড ও অনুমোদিত নকশাসমূহের কপি সাইটে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে।
- (৫) আবেদনকারীর স্থগিতকৃত কাজ পুনরায় আরম্ভ করিবার কমপক্ষে ১৫ (পনেরো) দিন পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে কাজ আরম্ভ করিবার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।
- (৬) প্রকল্পে নিয়োজিত কোনো কারিগরি ব্যক্তির নূতন নিয়োগ অথবা পরিবর্তন সম্পর্কে কর্তৃপক্ষকে নিয়োগ বা পরিবর্তনের ১৫ (পনেরো) দিনের মধ্যে অবহিত করিতে হইবে এবং কারিগরি ব্যক্তি পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের কারিগরি ব্যক্তিকে অবহিতকরণপূর্বক নূতন নিয়োগপ্রাপ্ত কারিগরি ব্যক্তি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত নির্মাণ কাজ স্থগিত থাকিবে।
- (৭) ইমারতের নকশা প্রণয়ন, ইমারত নির্মাণকাল, ইমারত নির্মাণ শেষে অথবা ব্যবহারের সময়ে ত্রুটিপূর্ণ নকশা বা ভুল তথ্য প্রদান, ডিজাইনে বর্ণিত স্পেসিফিকেশন হইতে অপেক্ষাকৃত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, নির্মাণ নকশার ব্যত্যয় করিয়া নির্মাণ কাজ পরিচালনা, নির্মাণ নকশায় বর্ণিত নির্মাণ সামগ্রীর ব্যবহার না করিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে নির্মাণজনিত ত্রুটি এবং অন্যান্য আনুষঙ্গিক ত্রুটির জন্য নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠান, স্ব স্ব দায়িত্বে অবহেলা ও সংশ্লিষ্ট নির্মাণ ত্রুটির জন্য দায়ী থাকিবেন, যথা:—
- (ক) বিধি ৩৬ অনুসারে আবেদনকারীর সহিত চুক্তিবদ্ধ কারিগরি ব্যক্তি;
- (খ) নির্মাণ তদারকিতে নিযুক্ত কারিগরি ব্যক্তি; এবং
- (গ) ভবন মালিক, আবেদনকারী, ডেভেলপার বা ঠিকাদার।
- (৮) ভূমির মালিকানা ও আবেদনকারী কর্তৃক দাখিলকৃত যেকোনো অসত্য তথ্যের জন্য আবেদনকারী দায়ী থাকিবেন।
- (৯) ইমারত বা স্থাপনার স্থাপত্য, কাঠামোগত, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, অগ্নি নিরাপত্তা, পরিকল্পনা প্রতিবেদনসহ যাবতীয় নকশার ডিজাইন পর্যাপ্ততা (design adequacy) ও উপযুক্ততার যাবতীয় দায়িত্বভার সংশ্লিষ্ট নকশা প্রণয়নকারী স্থপতি, প্রকৌশলী, ডিপ্লোমা স্থপতি/ ডিপ্লোমা প্রকৌশলী বা, ক্ষেত্রমত, পরিকল্পনাবিদের উপর বর্তাইবে।
- (১০) ইমারত নির্মাণকালীন যেকোনো দুর্ঘটনা সংক্রান্ত ঝুঁকি প্রশমন করিবার লক্ষ্যে ইমারত মালিক, ডেভেলপার এবং ঠিকাদার নির্মাণ মেয়াদকালের জন্য বাধ্যতামূলক দায় বীমা গ্রহণ করিবেন এবং ইমারত নির্মাণ শেষে শিল্প, বাণিজ্যিক এবং এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অকুপেন্সি টাইপ ইমারতের ক্ষেত্রে বসবাস বা ব্যবহার সনদ গ্রহণ সাপেক্ষে, ইমারতের ব্যবহার আরম্ভ হইতে অন্যূন ১০ (দশ) বৎসর পর্যন্ত যেকোনো দুর্ঘটনা সংক্রান্ত ঝুঁকি প্রশমন করিবার লক্ষ্যে ইমারত মালিক বাধ্যতামূলক দায় বীমা গ্রহণ করিবেন।
- (১১) আবেদনকারী বা নিয়োজিত কারিগরি ব্যক্তি, কর্তৃপক্ষের পরিদর্শনের সময়, নিজ খরচে প্রয়োজনীয় তথ্য, ড্রইং ও নির্মাণ উপকরণ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করিবেন।
- (১২) ইমারত বা স্থাপনার নকশা প্রণয়ন ও পর্যায়ভিত্তিক পরিদর্শন, নির্মাণ তদারকি অথবা কেবল নির্মাণ তদারকিতে নিযুক্ত কোনো কারিগরি ব্যক্তির ইমারত বা প্রকল্পের সহিত তাহার সংশ্লিষ্টতার মেয়াদ নির্মাণ কাজ সম্পূর্ণ হইবার পূর্বেই সমাপ্ত হইলে ১৫ (পনেরো) দিনের মধ্যে সম্পূর্ণ বা আংশিক কাজ তদারকি বিষয়ে লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।
- (১৩) ইমারত বা যেকোনো স্থাপনা নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নে নিযুক্ত কোনো কারিগরি ব্যক্তি কর্তৃক প্রণীত নকশা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর কারিগরি ব্যক্তিকে অবহিত না করিয়া নির্মাণ কাজ আরম্ভ করা হইলে অথবা নির্মাণকালে অনুমোদিত নকশার ব্যত্যয় করা হইলে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি অবিলম্বে আবেদনকারীকে লিখিতভাবে সতর্ক করিবেন এবং কর্তৃপক্ষকে অবহিত করিবেন।
- (১৪) উপ-বিধি (১৩) এর অধীন সতর্ক করা সত্ত্বেও আবেদনকারী নির্মাণ কাজ অব্যাহত রাখিলে কারিগরি ব্যক্তি বিষয়টি কর্তৃপক্ষকে এবং তাহার পেশাজীবী প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করিবেন এবং তিনি উক্ত নির্মাণ কাজে সংশ্লিষ্ট থাকিবেন না মর্মে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন।
- (১৫) নির্মাণ কাজ আংশিক বা সম্পূর্ণ সমাপনান্তে বসবাস বা ব্যবহার সনদ গ্রহণের জন্য নির্মাণ সমাপ্তি সনদ প্রদান করা পর্যন্ত কারিগরি ব্যক্তির দায়িত্বের সংশ্লিষ্টতা থাকিবে।
- (১৬) নিম্নবর্ণিত কার্যাবলি কারিগরি ব্যক্তির দায়িত্বে অবহেলা হিসাবে গণ্য হইবে, যথা:—
- (ক) কারিগরি ব্যক্তির তত্ত্বাবধানে ইমারত বা স্থাপনা নির্মাণে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশার কোনো ব্যত্যয়;
- (খ) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা, যেমন- স্থাপত্য নকশা, কাঠামো নকশা ও অন্যান্য সার্ভিস ড্রইং, ইত্যাদি সম্পর্কিত ভুল তথ্য প্রদান;
- (গ) অগ্নি-প্রতিরোধক অথবা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত ভুল তথ্য প্রদান;
- (ঘ) পরিকল্পনা প্রতিবেদনে ভুল তথ্য প্রদান; এবং
- (ঙ) নির্মাণ অনুমোদন কমিটিকে অসৎ উদ্দেশ্যে প্রভাবিতকরণ।
বিধি ১৮। কারিগরি ব্যক্তি ও আবেদনকারীর মধ্যে বিরোধ নিষ্পত্তি
- (১) কারিগরি ব্যক্তি ও আবেদনকারীর মধ্যে নির্মাণ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিরোধ সৃষ্টি হইলে সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে নিষ্পত্তি করিয়া কর্তৃপক্ষকে অবহিত না করা পর্যন্ত নির্মাণ কাজ স্থগিত থাকিবে।
- (২) উপ-বিধি (১) এর অধীন পেশাজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হইলে উক্ত বিরোধ কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তি করা হইবে এবং এই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
বিধি ১৯। নির্মাণ প্রকল্পের তদারকি
- (১) আবেদনকারী কর্তৃক নিয়োজিত কারিগরি ব্যক্তি তাহার স্বাক্ষরসহ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত চেকলিস্ট অনুযায়ী স্থাপনা ও প্রকল্পের নির্মাণকাজ তদারকি প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর দাখিল করিবেন।
- (২) উপ-বিধি (১) এ উল্লিখিত প্রতিবেদনে কারিগরি ব্যক্তি এই মর্মে প্রত্যয়ন করিবেন যে,—
- (ক) যে সকল ছবি, তথ্য ও প্রতিবেদন জমা দেওয়া হইয়াছে তাহা সম্পন্ন নির্মাণ কাজের সত্য ও সঠিক চিত্র; এবং
- (খ) কাজটি আইন, অনুমোদিত নকশা, কোড এবং এই বিধিমালা অনুযায়ী সম্পন্ন হইয়াছে।
- (৩) উপ-বিধি (১) এ উল্লিখিত প্রতিবেদনে কারিগরি ব্যক্তি কর্তৃক পরবর্তীতে প্রতিবেদনের ভুল-ত্রুটি গোচরীভূত হইলে তিনি অনুরূপ ভুল সংশোধন করিবার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিবেন।
- (৪) ইমারত বা স্থাপনা নির্মাণকালে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম বা পদ্ধতি অনুসারে পর্যায়ক্রমে নিম্নবর্ণিত প্রতিবেদন জমা প্রদান করিতে হইবে, যথা:—
- (ক) ভিত্তি (foundation) নির্মাণ আরম্ভের প্রাক্কালে ও নির্মাণের পর এতদ্সংশ্লিষ্ট প্রতিবেদন;
- (খ) প্লিন্থ লেভেল এবং প্রত্যেকটি তলা ও ছাদ লেভেল নির্মাণের পর এতদ্সংশ্লিষ্ট প্রতিবেদন;
- (গ) ইলেকট্রিক্যাল বা ইলেকট্রো মেকানিক্যাল, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা (plumbing system) এর সংকটপূর্ণ পর্যায় (critical phase) সম্পন্ন হইবার পর এতদ্সংশ্লিষ্ট প্রতিবেদন; এবং
- (ঘ) নির্মাণকাজ সম্পন্ন হইবার পর এতদ্সংশ্লিষ্ট প্রতিবেদন।
- (৫) অনুমোদিত নকশা ও এই বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট নির্মাণ সম্পন্ন করা না হইলে কর্তৃপক্ষ প্রচলিত আইন এবং এই বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
- (৬) নির্মাণ সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ভুল বা অসত্য তথ্য বা কাগজপত্র জমা প্রদান করিলে বা জমাদানের পর উক্ত অসত্য ও ভুল তথ্য সম্পর্কে অবগত হইবার পর তাহা সংশোধন করিতে অনিচ্ছুক বা ব্যর্থ হইলে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তির কার্যক্রম স্থগিত রাখিতে পারিবে অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে, এবং তাহার বিরুদ্ধে সদস্য পদ বাতিল বা স্থগিতের নিমিত্ত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনকে বিষয়টি অবহিত করিবে।
বিধি ২০। নির্মাণ সংশ্লিষ্ট নিরাপত্তা
- (১) নির্মাণ কাজের ফলে কোনো রাস্তায় বা স্থানে জনসাধারণের জন্য বাধা, বিপত্তি অথবা অসুবিধা সৃষ্টি হইলে আবেদনকারী কর্তৃক উক্ত স্থানে অস্থায়ী ঘের, জীবনরক্ষাকারী বাধা (Shield) এবং বিকল্প চলাচল পথ তৈরি করিয়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে।
- (২) নির্মাণ প্রকল্পের দ্রব্যাদি ও জিনিসপত্র জনপথে কিংবা ফুটপাতে রাখিয়া জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি অথবা দিবারাত্রির কোনো সময়ই সাইটে পাথর বা খোয়া ভাঙ্গানো মেশিন ব্যবহার করা যাইবে না।
- (৩) আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টা হইতে সকাল ৬টা পর্যন্ত কোনো যন্ত্রপাতি ব্যবহার বা নির্মাণ পদ্ধতির মাধ্যমে নির্মাণ সাইট বা প্রকল্পস্থলে বিরক্তিকর কোনো আওয়াজ বা কোডে বর্ণিত গ্রহণযোগ্য মাত্রার অধিক শব্দের সৃষ্টি করা যাইবে না।
- (৪) উপ-বিধি (২) হইতে (৩) এ বর্ণিত বিধানের ব্যত্যয় ঘটিলে কর্তৃপক্ষ আবেদনকারী কিংবা নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
- (৫) বিদ্যমান আইন, বিধিমালা, এবং সরকার কর্তৃক, সময় সময়, প্রণীত বিধি-বিধান অনুযায়ী নিরাপত্তা সংক্রান্ত সকল বিধান যথাযথভাবে অনুসরণ করিতে হইবে।
- (৬) নির্মাণ প্রকল্পে নিয়োজিত শ্রমিক ও কারিগরি ব্যক্তিবর্গের সুরক্ষার নিমিত্ত কোডে উল্লিখিত শর্তাবলির বাস্তবায়ন নিশ্চিত করিতে হইবে।
বিধি ২১। নির্মাণ কাজ স্থগিতকরণ অথবা অননুমোদিত কাঠামো ভাঙ্গিয়া দেওয়া, ইত্যাদি
-
(১) কর্তৃপক্ষ নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্মাণ কাজ স্থগিত, ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্নকরণ, সঠিক পদ্ধতি প্রয়োগ অথবা কাঠামো ভাঙ্গিবার আদেশ প্রদান করিতে পারিবে, যদি—
- (ক) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় করা হয়;
- (খ) কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে ইমারত নির্মাণ কাজ করা হয়;
- (গ) যেকোনো পর্যায়ে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ কাজ গোচরীভূত হয়;
- (ঘ) কর্তৃপক্ষকে বিধি মোতাবেক অবহিতকরণ ব্যতিরেকে নির্মাণ কাজ আরম্ভ বা পরিচালনা করা হয়;
- (ঙ) পরিকল্পনা অনুমোদনপত্র ও নির্মাণ অনুমোদনপত্রের নিয়ম ও শর্তসমূহ লঙ্ঘন করা হয়;
- (চ) নির্মাণ কাজ চলাকালে পার্শ্ববর্তী জনগণের জীবন ও ধন-সম্পত্তির ক্ষতিসহ পরিবেশের জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ হয়।
-
(২) নির্মাণ অনুমোদনপত্র স্থগিত বা বাতিল করা যাইবে, যদি—
- (ক) সংশ্লিষ্ট জমি বা প্লটের বিষয়ে কোনো আইনগত জটিলতা দেখা দেয়;
- (খ) অনুমোদনের শর্তাবলি ভঙ্গ করা হয়;
- (গ) আবেদনপত্র বা অন্যান্য প্রযোজ্য ফরমসমূহে ভুল অথবা মিথ্যা তথ্য পরিবেশন করা হয়;
- (ঘ) অনুমোদন গ্রহণের পর ব্যবহারের ধরন পরিবর্তন করা হয়;
- (ঙ) নির্মাণ কাজ চলাকালে পার্শ্ববর্তী জনগণের জীবন ও ধন-সম্পত্তির ক্ষতিসহ পরিবেশের জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ হয়।
- (৩) কোনো ইমারতের অনুমোদিত নকশা বাতিল বা স্থগিত করা হইলে কর্তৃপক্ষ কর্তৃক তাহা আইন প্রয়োগকারী সংস্থা, সেবাদানকারী প্রতিষ্ঠান, বিধি বহির্ভূত নকশা প্রণয়নকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠান এবং, প্রযোজ্য ক্ষেত্রে, ব্যাংক বা অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অবহিত করিতে হইবে।
- (৪) যে সকল ইমারতের অনুমোদিত নকশা বাতিল বা স্থগিত করা হয় সেই সকল ইমারতে কোনোরূপ সেবা প্রদান না করিবার জন্য অথবা ইতোমধ্যে প্রদত্ত সেবা প্রত্যাহার করিবার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে অবহিত করিবে।
বিধি ২২। বসবাস বা ব্যবহার সনদ
- (১) ইমারত বা স্থাপনার নির্মাণের পর বসবাস বা ব্যবহারের জন্য বসবাস বা ব্যবহার সনদ গ্রহণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ইমারত বা স্থাপনার আংশিক অংশের বসবাস বা ব্যবহারের জন্যও সনদ গ্রহণ করিতে হইবে।
- (২) পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি প্রদান সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট বসবাস বা ব্যবহার সনদের আবেদন করিতে হইবে।
- (৩) অথরাইজড অফিসার উপ-বিধি (২) এর অধীন আবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে আবেদনকারী ও কারিগরি ব্যক্তির উপস্থিতিতে ইমারতটি পরিদর্শন করিবেন।
-
(৪) উপ-বিধি (৩) এর অধীন পরিদর্শনের ক্ষেত্রে নিম্নবর্ণিত প্রতিবেদন ও কাগজাদি বিবেচনা করিতে হইবে, যথা—
- (ক) ভিত্তি, প্লিন্থ লেভেল এবং প্রত্যেকটি ফ্লোর ও রুফ লেভেলের আংশিক নির্মাণ সমাপ্তির প্রতিবেদন;
- (খ) অনুমোদিত নকশা অনুসরণপূর্বক নির্মাণ কাজটি সম্পন্ন হইয়াছে এবং নির্মাণ কাজ সঠিক রহিয়াছে মর্মে নির্মাণ তদারককারী কারিগরি ব্যক্তি বা, ক্ষেত্রমত, নির্মাণকারী প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত তদারকি প্রতিবেদন ও প্রত্যয়নপত্র;
- (গ) প্রযোজ্য ক্ষেত্রে, ইমারতের নির্মিত নকশা।
- (৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত পরিদর্শন প্রতিবেদন ও অন্যান্য কাগজপত্র, পরিষেবা, কাঠামোগত নিরাপদ্তা, অগ্নি নিরাপদ্তা ও পরিকল্পনা সংশ্লিষ্ট প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনাপূর্বক অথরাইজড অফিসার আবেদনের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন অনুমোদন বা, ক্ষেত্রমত, প্রত্যাখ্যান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোনো আবেদন প্রত্যাখ্যান করিতে হইলে দায় দায়িত্ব নিরূপণসহ প্রত্যাখ্যান করিতে হইবে।
- (৬) বসবাস বা ব্যবহার সনদ ইমারত বা স্থাপনার চূড়ান্ত অনুমোদন বলিয়া গণ্য হইবে।
বিধি ২৩। বসবাস বা ব্যবহার সনদ প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল
- (১) কোনো বসবাস বা ব্যবহার সনদ আবেদন প্রত্যাখ্যান করা হইলে, আবেদনকারী উক্তরূপে প্রত্যাখ্যাত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধ সাপেক্ষে, আপিল কমিটি বরাবর আপিল আবেদন করিতে পারিবে।
- (২) উপ-বিধি (১) এর অধীন কোনো আপিল আবেদন প্রাপ্তির পর আপিল কমিটি, উপ-বিধি (৪) ও (৫) এর বিধান সাপেক্ষে, ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে।
- (৩) উপ-বিধি (২) অনুযায়ী আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল কমিটি আইনি স্পষ্টতা ও অধিকতর সিদ্ধান্তের জন্য বিষয়টি নগর উন্নয়ন কমিটিতে প্রেরণ করিতে পারিবে।
- (৪) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, নগর উন্নয়ন কমিটি উপ-বিধি (৩) এর অধীন আবেদন প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সুপারিশ প্রদান করিবে এবং নগর উন্নয়ন কমিটির সুপারিশের আলোকে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করিবে।
- (৫) আপিলে বসবাস বা ব্যবহার সনদ আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যাত হইলে আবেদনকারীকে বিষয়টি লিখিতভাবে অবহিত করিতে হইবে।
বিধি ২৪। ইমারতের ব্যবহার
- (১) অনুমোদিত বসবাস বা ব্যবহার সনদ ব্যতীত কোনো ভবন, ফ্ল্যাট বা স্পেস আবাসিক, বাণিজ্যিক, শিল্প বা অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাইবে না।
- (২) কোনো ডেভেলপার কোম্পানি কর্তৃক আবাসিক প্রকল্পের লে-আউট প্ল্যান অনুমোদনের পূর্বে উক্ত প্রকল্পের অন্তর্গত ভূমি বা প্লট হস্তান্তর, বিক্রয় অথবা রেজিস্ট্রি করা যাইবে না।
- (৩) কোনো ইমারত বা স্থাপনা বসবাস বা ব্যবহার সনদে উল্লিখিত ব্যবহারের উদ্দেশ্য বহির্ভূত অন্য কোনো কাজে ব্যবহার করা যাইবে না বা অন্য কাউকে এইরূপ ব্যবহার করিতে দেওয়া যাইবে না।
- (৪) বসবাস বা ব্যবহার সনদ ব্যতীত কোনো ভবনে কোনো প্রকার ইউটিলিটি সার্ভিসের নতুন সংযোগ প্রদান করা যাইবে না।
- (৫) বসবাস বা ব্যবহার সনদ ব্যতীত কোনো ইমারতের সম্পূর্ণ বা আংশিক (এ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট) হস্তান্তর, নামজারি ও রেজিস্ট্রেশন করা যাইবে না।
- (৬) ডেভেলপার, রিয়েল এস্টেট এজেন্ট, আইনসম্মত প্রতিনিধি (আম্মোক্তার), বন্ধককারী প্রতিষ্ঠান (মর্টগেজ), বা সম্পদ বিক্রয় বা হস্তান্তরের সঙ্গে সম্পৃক্ত কোনো স্বত্বাধিকারী কোম্পানী (title company) কর্তৃক নূতন মালিক বা ব্যবহারকারীকে বসবাস বা ব্যবহার সনদের কপি প্রদান করিতে হইবে।
বিধি ২৫। বসবাস বা ব্যবহার সনদ নবায়ন
-
(১) নিম্নবর্ণিত ক্ষেত্রে বসবাস বা ব্যবহার সনদ নবায়ন করিতে হইবে, যথা—
- (ক) ইমারতের সম্পূর্ণ বা আংশিক ব্যবহার পরিবর্তন;
- (খ) নকশা সংশোধনের ক্ষেত্র ব্যতীত অনুমোদিত নকশার ব্যত্যয় বা পরিবর্তন;
- (গ) যেকোনো ধরনের দুর্যোগ, যেমন- অগ্নি, ভূমিকম্প, ইত্যাদি কারিগরি ব্যক্তি কর্তৃক যাচাইক্রমে ইমারতের কাঠামো বা ইউটিলিটি সার্ভিস ক্ষতিগ্রস্ত হওয়া।
- (২) বসবাস বা ব্যবহার সনদ নবায়নের জন্য পরিশিষ্ট ৪ এ উল্লিখিত ফি প্রদানপূর্বক কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।
- (৩) উপ-বিধি (২) অনুসারে আবেদন প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে কর্তৃপক্ষ ভবনটি পরিদর্শন করিবে এবং পরিদর্শনকালে, অনুমোদিত নকশার কোনো প্রকার বিচ্যুতি বা অসংগতি বিদ্যমান না থাকিলে পরবর্তী ২০ (বিশ) দিনের মধ্যে বসবাস বা ব্যবহার সনদ নবায়ন করিবে, অন্যথায় শনাক্তকৃত বিচ্যুতি বা অসংগতি লিপিবদ্ধ করিয়া আবেদনটি প্রত্যাখ্যান করিবে।
বিধি ২৬। বসবাস বা ব্যবহার নবায়ন সনদ প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল
- (১) কোনো বসবাস বা ব্যবহার সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে, আবেদনকারী উক্তরূপে প্রত্যাখ্যাত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশিষ্ট ৪ এ বর্ণিত ফি পরিশোধ সাপেক্ষে, আপিল কমিটি বরাবর আপিল করিতে পারিবে।
- (২) উপ-বিধি (১) এর অধীন কোনো আপিল আবেদন প্রাপ্তির পর আপিল কমিটি, উপ-বিধি (৪) ও (৫) এর বিধান সাপেক্ষে, ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং উক্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
- (৩) উপ-বিধি (২) অনুযায়ী আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল কমিটি আইনি স্পষ্টতা ও অধিকতর সিদ্ধান্তের জন্য বিষয়টি নগর উন্নয়ন কমিটিতে প্রেরণ করিতে পারিবে।
- (৪) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, নগর উন্নয়ন কমিটি উপ-বিধি (৩) এর অধীন আবেদন প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সুপারিশ প্রদান করিবে এবং নগর উন্নয়ন কমিটির সুপারিশ পর্যালোচনা করিয়া আপিল কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে।
- (৫) আপিলে বসবাস বা ব্যবহার সনদ নবায়নের আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যাত হইলে আবেদনকারীকে বিষয়টি লিখিতভাবে অবহিত করিতে হইবে।
- (৬) বিধি ২৫ এর উপ-বিধি (১) এ উল্লিখিত কারণ থাকা সত্ত্বেও বসবাস বা ব্যবহার সনদ নবায়ন করা না হইলে তজ্জন্য ইমারতের স্বত্বাধিকারী, কারিগরি ব্যক্তি এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মচারী ও কর্মকর্তা দায়বদ্ধ থাকিবেন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
বিধি ২৭। টাওয়ার নির্মাণ ও পুকুর খনন, ইত্যাদির জন্য অনুমোদন, সংশোধন ও পরিবর্তন ফি
টাওয়ার নির্মাণ ও পুকুর খনন, ইত্যাদির জন্য অনুমোদন, সংশোধন ও পরিবর্তন অনুমোদনের ক্ষেত্রে পরিশিষ্ট ৪ এ বর্ণিত নির্ধারিত ফি প্রদান করিতে হইবে।বিধি ২৮। কর্তৃপক্ষের পরিদর্শন, কর্তব্য ও দায়িত্ব
- (১) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী বা ইমারত পরিদর্শক বা কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্মাণাধীন ইমারত নির্মাণের কাজ পরিদর্শন এবং অনুমোদিত নকশা, প্রতিবেদন ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণ কাজ বাস্তবায়ন হইতেছে কিনা তাহা পরীক্ষা করিবেন এবং, এক্ষেত্রে, প্রয়োজনে, দূরঃপরিবীক্ষণ (Remote sensing) ও প্রযুক্তির সহায়তা গ্রহণ করা যাইবে।
- (২) বিধি ১৯ এর উপ-বিধি ৪ অনুসারে প্রতিবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কমিটি, কর্মকর্তা বা ইমারত পরিদর্শক নির্মাণাধীন ইমারতের প্লিন্থ স্তর পর্যন্ত নির্মাণ চলাকালীন ও প্রতি তলার নির্মাণ কাজ অন্তত একবার করিয়া পরিদর্শন করিবেন এবং অনুমোদিত নকশা ও নিয়মানুযায়ী নির্মাণ কাজটি সম্পন্ন করা হইতেছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষের নিকট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ছক অনুযায়ী স্থিরচিত্র ও ভিডিওসহ প্রতিবেদন দাখিল করিবেন এবং পরবর্তীতে নির্মিত বা নির্মাণাধীন ইমারতের যেকোনো ধরনের ব্যত্যয়ের ক্ষেত্রে তদনুযায়ী দায় দায়িত্ব নিরূপণ করা হইবে।
-
(৩) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা—
- (ক) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত কোনো কর্মচারী আইন, কোড এবং এই বিধিমালার বিধান অনুসারে যে সকল দায়িত্ব পালনের ক্ষমতাপ্রাপ্ত তাহা নির্ধারিত সময়ে যথাযথভাবে পরিপালন করা;
- (খ) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত কোনো কর্মচারী কর্তৃক কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিকল্পনা প্রণয়ন, নকশা প্রণয়ন, নির্মাণ তদারকি, মেরামত, রক্ষণাবেক্ষণ, পরিবর্তন বা পরিবর্তনে সংশ্লিষ্ট কোনো ইমারত, কোনো কাজের বা উপকরণের সার্টিফিকেশন, উপকরণ সরবরাহ, শ্রম, সরঞ্জাম, কোড বা এই বিধিমালার বিধান দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্রপাতি বা অন্য কোনো কাজের সংশ্লিষ্ট না হওয়া;
- (গ) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত কোনো কর্মচারী কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্মাণ সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা, পরিকল্পনাকারী, প্রকৌশলী, স্থপতি, নির্মাতা বা সরবরাহকারী হিসাবে জড়িত না হওয়া।
- (৪) কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নিয়োগকৃত কোনো কর্মচারী উপ-বিধি (৩) এ বর্ণিত কোনো দায়িত্বের ব্যত্যয় করিলে আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসারে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
