Skip to main content
  • (১) বিধি ৫ এর অধীন আবেদন ফরম প্রাপ্তির পর মহাপরিচালক আবেদন ফরম ও উহার সহিত দাখিলকৃত নকশা ও কাগজপত্র যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন অন্তে প্রতিবেদন দাখিলের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
  • (২) উপ-বিধি (১) এর অধীন আবেদন ফরম প্রাপ্ত হওয়ার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উহা যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন সমাপ্ত করিবেন।
  • (৩) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে আবেদন ফরমে উল্লিখিত তথ্যাবলী, নকশা ও কাগজপত্র সঠিক আছে মর্মে নিশ্চিত হইলে চতুর্থ তফসিলে উল্লিখিত ফরমে বাৎসরিক লাইসেন্স ফিস, লাইসেন্সের মেয়াদকাল এবং লাইসেন্সের শর্তাবলীর প্রস্তাবসম্বলিত প্রতিবেদন মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।
  • (৪) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে আবেদন ফরমে উল্লিখিত তথ্য এবং সংযুক্ত কাগজপত্রে কোন ভুল-ত্রুটি বা তথ্যের গরমিল পরিলক্ষিত হইলে সেই বিষয়ে পঞ্চম তফসিলে উল্লিখিত ফরমে প্রতিবেদন প্রণয়ন করিয়া মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।
  • (৫) উপ-বিধি (৪) এর অধীন প্রাপ্ত প্রতিবেদনে উল্লিখিত ভুল-ত্রুটি সংশোধনের নিমিত্ত মহাপরিচালক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা প্রাপ্তি স্বীকারসহ বাহক মারফত আবেদনকারী বরাবর নোটিশ প্রেরণ করিবেন এবং উক্ত নোটিশে নোটিশ প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে উক্ত ত্রুটি-বিচ্যুতি নিরসনের জন্য আবেদনকারীকে আহ্বান জানাইবেন।
  • (৬) উপ-বিধি (৩) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর মহাপরিচালক আবেদনকারী বরাবর সর্বমোট বাৎসরিক লাইসেন্স ফিস, লাইসেন্স ফিস জমা দেওয়ার ট্রেজারী চালান কোড নং উল্লেখকরতঃ ষষ্ঠ তফসিলে উল্লিখিত ফরমে চাহিদাপত্র জারি করিবেন এবং অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমে গৃহীত ব্যবস্থাসহ লাইসেন্সের শর্তাবলী আবেদনকারীকে লাইসেন্স ফিস পরিশোধ এবং লাইসেন্সের শর্তাবলী বাস্তবায়নের জন্য ১৫ দিন সময় প্রদান করিবেন: তবে শর্ত থাকে যে, আবেদনকারীর আবেদনক্রমে উক্ত সময়সীমা আরও অনধিক ১৫ দিন পর্যন্ত বর্ধিত করা যাইবে।
  • (৭) উপ-বিধি (৫) অনুযায়ী ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া সত্ত্বেও উহা সংশোধন করা না হইলে অথবা উপ-বিধি (৬) অনুযায়ী চাহিদাপত্রে উল্লিখিত সময় বা ক্ষেত্রমত, বর্ধিত সময়ের মধ্যে লাইসেন্স ফিস জমা দিতে কিংবা লাইসেন্সের শর্তাবলী বাস্তবায়নে ব্যর্থ হইলে মহাপরিচালক লাইসেন্সের আবেদন নামঞ্জুর করিয়া আবেদনকারীকে ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে একাদশ তফসিলে উল্লিখিত ফরমে উহা অবহিত করিবেন।
  • (৮) আবেদনকারী উপ-বিধি (৬) অনুযায়ী চাহিদাপত্রে উল্লিখিত লাইসেন্স ফিস নির্ধারিত খাতে সরকারি কোষাগারে জমা করিয়া পরিশোধিত চালানের মূল কপি দাখিল করিলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনরত তৃতীয় তফসিলে উল্লিখিত লাইসেন্স এর শর্তাবলী বাস্তবায়ন সম্পর্কিত প্রতিবেদন দাখিল করিবেন।
  • (৯) উপ-বিধি (৮) এ উল্লিখিত প্রতিবেদন প্রাপ্তির পর মহাপরিচালক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আবেদনকারীর বরাবর সপ্তম তফসিলে উল্লিখিত লাইসেন্স ফরমে সংশ্লিষ্ট বছরের জন্য লাইসেন্স মঞ্জুর করিবেন এবং উক্ত লাইসেন্সে যাবতীয় শর্তাবলীর উল্লেখ থাকিবে এবং একই সাথে আবেদনকারীর মালগুদাম বা কারখানার একটি প্রামাণ্য নকশা লাইসেন্সের অংশহিসাবে লাইসেন্সের সাথে সংযোজন করিয়া আবেদনকারীর বরাবরে সরবরাহ করিবেন।
  • (১০) মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার কোন সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি সিদ্ধান্ত সংক্রান্ত স্মারক প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে মহাপরিচালকের নিকট তাহার সিদ্ধান্ত পুনর্বিবেচনার (Review) জন্য আবেদন করিতে পারিবেন।
  • (১১) উপ-বিধি (৭) এর অধীন লাইসেন্সের আবেদন নামঞ্জুর সংক্রান্ত মহাপরিচালকের সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের ধারা ৪(৯) অনুযায়ী সিদ্ধান্ত প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত খাতে নির্ধারিত ফিসের ১০% টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা করিয়া পরিশোধিত চালানের মূল কপিসহ সরকারের নিকট দ্বাদশ তফসিলের ফরম-১ এর আপীল দায়ের করিতে পারিবেন।
  • (১২) উপ-বিধি (১১) এর অধীন দায়েরকৃত আপীল আবেদন প্রাপ্তির পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে সরকার কর্তৃক আপীলটি দ্বাদশ তফসিলের ফরম-২ অনুযায়ী নিষ্পত্তি করিয়া সিদ্ধান্ত আপীলকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে এবং এই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
Last modified on September 24, 2026