[বিধি ১৯ (৩) দ্রষ্টব্য]
(ক) ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান
বহুতল বাণিজ্যিক ও ৫০০ বর্গমিটার ফ্লোর এরিয়াবিশিষ্ট শিক্ষা, সমাবেশ, প্রাতিষ্ঠানিক, শিল্প, বিপজ্জনক ও মিশ্র ব্যবহার শ্রেণির ভবন নির্মাণের জন্য ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে নিম্নোক্ত বিষয়াবলি চিহ্নিত করিয়া ফ্লোর প্ল্যান তৈরি করিতে হইবে। প্ল্যান স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি, জরুরি নির্গমন সিঁড়ি ও বিকল্প সিঁড়ি, লিফট ও ফায়ার লিফট, ডিটেকশন সিস্টেম, এলার্মিং সিস্টেম, ইমার্জেন্সি লাইট, এক্সিট সাইন, রিজার্ভার, ডাক্টসসমূহ, ফায়ার কমান্ড স্টেশন, ট্রান্সফরমার কক্ষ, স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষ, ফায়ার ফাইটিং পাম্প হাউজ, রাইজার পয়েন্ট ও হোজ কেবিনেট, স্প্রিংকলার হেড, ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড, সেফটি লবি, ফায়ার রেটেড ডোর, ভেন্ট, এভিয়েশন লাইট ও এতদ্সংক্রান্ত নিম্নলিখিত বিষয়সমূহ ফায়ার ফাইটিং বিল্ডিং প্ল্যানে লিজেন্ডসহ উল্লেখ করিতে হইবে, যথা:—
-
(১) ভূগর্ভস্থ ও মেজানাইন ফ্লোরসহ ইমারতের সকল তলার ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ১:১০০ স্কেল অনুপাতে অংকন করিতে হইবে;
-
(২) বিল্ডিং প্ল্যানে উত্তর দিক চিহ্নিত হইতে হইবে;
-
(৩) ভূমি আচ্ছাদনসহ (কাভার্ড এরিয়া) সকল তলার আলাদা আলাদা ফ্লোর প্ল্যানসহ রুমের আকার ও পরিমাপ, দেয়ালের পুরত্ব, ফ্রেমিং মেম্বারসহ সিঁড়ি, র্যাম্প ও লিফটকোরের অবস্থান চিহ্নিত করিত হইবে;
-
(৪) প্ল্যানে ভবনের সকল তলা যে যে ব্যবহার শ্রেণি দ্বারা ব্যবহৃত হইবে তাহার পরিপূর্ণ বিবরণ থাকিতে হইবে;
-
(৫) প্ল্যানে জরুরি সেবা সার্ভিসসমূহ ও ডাক্টের অবস্থান চিহ্নিত করিতে হইবে;
-
(৬) প্ল্যানে সকল জরুরি সেবা সার্ভিসের অবস্থান ও সংখ্যা উল্লেখ করিতে হইবে;
-
(৭) প্ল্যানে বেইজমেন্টের দেয়াল, অন্যান্য দেয়াল, মেঝে এবং ছাদের পুরুত্বসহ নির্মাণ উপকরণ, ফ্রেমিং মেম্বারের পরিমাণসহ কক্ষের ও ওয়ালের উচ্চতা এবং ড্রেন ও ভবনের প্রসারিত অংকনসহ ছাদের স্লোপ এবং সিঁড়ি ঘরের পরিপূর্ণ বর্ণনা থাকিতে হইবে;
-
(৮) সাইটে প্রবেশের রাস্তার অবস্থান ও প্রশস্থতা চিহ্নিত করিতে হইবে;
-
(৯) প্রবেশ ও নির্গমনের ফুটপাত এবং গুরুত্বপূর্ণ রাস্তার পরিমাপসহ সকল দিকের উন্নতির বর্ণনা;
-
(১০) সীমানা প্রাচীরের উচ্চতা ও ধরন;
-
(১১) প্লটে অগ্নি নির্বাপক গাড়ি প্রবেশের এবং ভবনের চতুর্দিক গমনাগমনের জন্য পরিপূর্ণ টার্নিং সার্কেলের বর্ণনাসহ প্রবেশ পথ ও প্লটের অভ্যন্তরীণ রাস্তার বর্ণনা;
-
(১২) করিডোরসহ বিকল্প সিঁড়ির প্রস্থ ও অবস্থানের বর্ণনা;
-
(১৩) জরুরি নির্গমন সিঁড়ির অবস্থান, ধোঁয়া নিরোধক লবি ও অগ্নি নিরোধক দরজার অবস্থান ও সংখ্যা;
-
(১৪) ভবনের বিভিন্ন তলায় অবস্থিত রিফিউজ স্যুট, রিফিউজ চেম্বার ও সার্ভিস ডাক্টের অবস্থান ও সংখ্যার বর্ণনা;
-
(১৫) ভবনের যানবাহন ও পথচারী প্রবেশ, নির্গমন, ড্রাইভওয়ে, র্যাম্প ও গাড়ি পার্কিংয়ের স্থান প্রদর্শনসহ পার্কিং প্ল্যান;
-
(১৬) রিফিউজ এরিয়া চিহ্নিতকরণ;
-
(১৭) ভবনের বিল্ডিং সার্ভিস তথা এয়ারকন্ডিশন মেশিন রুম, মেকানিক্যাল ভেন্টিলেশন, ভেন্ট, গ্যাস পাইপ ও বয়লারের অবস্থান ও সংখ্যার (প্রযোজ্যক্ষেত্রে) বর্ণনা;
-
(১৮) এক্সিট সাইনসহ এক্সিট মার্কিংয়ের পরিপূর্ণ বর্ণনা;
-
(১৯) সাব-স্টেশন (ট্রান্সফরমার ও সুইচগিয়ার রুম) এবং জেনারেটর রুমের অবস্থানের বর্ণনা;
-
(২০) স্মোক এক্সহাস্ট সিস্টেম চিহ্নিতকরণ;
-
(২১) ফায়ার এলার্ম সিস্টেমের ম্যানুয়েল কল পয়েন্ট, এলার্মবেল ও স্টোবের অবস্থান ও সংখ্যার বিবরণ;
-
(২২) স্মোক ডিটেকটর, হিট ডিটেকটর এবং ডিটেকশন সিস্টেমসহ কন্ট্রোল ও রিপিটার প্যানেল বোর্ড এর সংযোগ বিষয়ে বিস্তারিত বিবরণসহ পিএ সিস্টেমের বর্ণনা;
-
(২৩) ভবনের অভ্যন্তরে স্থাপিত রাইজার, ড্রেঞ্চার, স্প্রিংকলার ও অন্যান্য স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা ও অবস্থান;
-
(২৪) ফায়ার সার্ভিস ইনলেট সুবিধাসহ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ধারণক্ষমতা ও ফায়ার ফাইটিং পাম্প হাউজের অবস্থান এবং ওভারহেড রিজার্ভারের ধারণক্ষমতাসহ অবস্থানের বর্ণনা;
-
(২৫) ভবনের ফায়ার কমান্ড স্টেশনের অবস্থান ও পরিমাপের বর্ণনা;
-
(২৬) ভবনের লাইটনিং এ্যারেস্টারের বর্ণনা;
-
(২৭) এভিয়েশন লাইটের (প্রযোজ্যক্ষেত্রে) উচ্চতা, অবস্থান ও সংখ্যা চিহ্নিতকরণ;
-
(২৮) বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের সংখ্যা ও অবস্থান চিহ্নিতকরণ।
বহুতল ‘এ’ শ্রেণির {এ-১ (একক বাড়ি), এ-২ (ফ্ল্যাট বা এপার্টমেন্ট), এ-৩ (ম্যাস, বোর্ডিং হাউজ, ডর্মেটরি ও হোস্টেল) ও এ-৫ (হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্টুরেন্ট ও ক্লাব)} ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি
-
(ক) প্রস্তাবিত বহুতল ‘এ’ শ্রেণির (এ-১, এ-২, এ-৩, এ-৫) ভবনের ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে নিম্নলিখিত স্থায়ী অগ্নি নির্বাপণ, সতর্কীকরণ ও অন্যান্য ব্যবস্থাদি লিজেন্ডসহ প্রদর্শন বা চিহ্নিত করিতে হইবে, যথা:—
-
(১) ভবনের উচ্চতা ও প্রধান সড়কের প্রশস্থতা এবং প্লটের অভ্যন্তরীণ রাস্তা সংক্রান্ত: সকল প্লট ও ভবনের প্রবেশের জন্য প্রবেশ পথ থাকিতে হইবে। আবাসিক বহুতল ভবনের সম্মুখস্থ প্রধান রাস্তার ন্যূনতম প্রশস্থতা ৯ মিটার। কোন ভবনের সামনে ছাড়িয়া দেওয়া জায়গায় প্রশস্থতা রাস্তার প্রশস্থতার সহিত যোগ করিয়া প্লট সংলগ্ন প্রধান রাস্তার প্রশস্থতা হিসাবে দাবী করা যাইবে না। একই প্লটে একাধিক ভবন থাকিলে ফায়ার ফাইটিং ভেহিকেল প্লটে প্রবেশের সুবিধার জন্য মূল প্রবেশ পথের গেটের উচ্চতা ন্যূনতম ৫ মিটার ও অভ্যন্তরীণ রাস্তার প্রশস্থতা টার্নিং সার্কেলসহ ন্যূনতম ৪.৫ মিটার প্রস্থ হইতে হইবে।
-
(২) ওয়েট রাইজার স্থাপন: ভবনে ওয়েট রাইজার স্থাপন করিত হইবে। প্রতি তলার ৬০০ বর্গ মিটার ফ্লোর এরিয়ার জন্য একটি এবং অতিরিক্ত ফ্লোর এরিয়ার জন্য আরো একটি রাইজার পয়েন্ট স্থাপন করিতে হইবে। প্রতিটি রাইজার পয়েন্টে নন-রিটার্নিং প্রেসার রিডিউসিং (৩ বার) ল্যান্ডিং ভাল্ব এবং রাইজার পয়েন্ট পাইপের এন্ডে ১.৫ ইঞ্চি (৩৮ মিঃ মিঃ) ডায়ার ৩০ মিটার দৈর্ঘ্য ১টি ডেলিভারী হোজ সাট-অফ নজলসহ সংযুক্ত থাকিবে। ডেলিভারী হোজটি রাইজার পয়েন্ট সংলগ্ন দেয়ালে সংযুক্ত ২০”×২০” মাপের ১টি ওপেনিং কভারযুক্ত বক্সে ফ্লেকিং অবস্থায় সংরক্ষিত থাকিবে।
-
(৩) স্বয়ংক্রিয় স্প্রিংকলার স্থাপন: বেজমেন্ট ও গ্রাউন্ডফ্লোরে প্রতি ৯.৩০ বর্গ মিটার (অনূর্ধ্ব ১০০ বর্গ ফুট) ফ্লোর এরিয়ার জন্য ১টি আপরাইট টাইপ স্প্রিংকলার হেড স্থাপন করিতে হইবে। স্প্রিংকলার হেডের ফিউজেবল সোল্ডার বা গ্লাস ভাল্ব এর সর্বোচ্চ হিট রেসিস্ট্যান্ট ক্যাপাসিটি হইবে ৬৮ ডিগ্রী সেলসিয়াস (ভবনসমূহের গ্রাউন্ডফ্লোর ও বেজমেন্টের কারপার্কিং এরিয়া, ড্রাইভওয়ে, সাব-স্টেশন, ইমার্জেন্সি জেনারেটর রুম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন এর মেশিন রুম ওয়াটার ট্রিটমেন্ট প্লান হিসেবে এবং অন্যান্য জরুরি সেবা সার্ভিস এর কাজে ব্যবহৃত হয়। এই ফ্লোরসমূহে অগ্নিকান্ডের ঝুঁকি ও বিপদাবলি ভবনের অন্যান্য তলা থেকে বেশি বিধায় ওয়েট রাইজারের পাশাপাশি স্বয়ংক্রিয় স্প্রিংকলারও স্থাপন করিতে হইবে। প্রতি তলায় স্থাপিত সর্বোচ্চ ৪০টি স্প্রিংকলার হেড ১টি জোন হিসেবে গণ্য হইবে। এ-৫ শ্রেণির ভবনের (হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্টুরেন্ট ও ক্লাব) সার্ভার কক্ষ ছাড়া সকল কক্ষ, করিডোর, সিঁড়ি ও লিফট লবিতে স্বয়ংক্রিয় স্প্রিংকলার হেড (প্রযোজ্যক্ষেত্রে কনসিল্ড টাইপ) স্থাপন করিতে হইবে।
-
(৪)
-
(ক) স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য পানি সরবরাহ সূত্র: ওয়েট রাইজার ও স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থায় কাংক্ষিত চাপে পানি সরবরাহ এবং অগ্নি নির্বাপণের কাজে অগ্নি নির্বাপক ইউনিটের ফায়ার পাম্প এর পানি ব্যবহার নিশ্চিতকল্পে ভবনের বেজমেন্ট অথবা বেজমেন্ট না থাকিলে গ্রাউন্ড ফ্লোরে বা বেজমেন্ট ও গ্রাউন্ডফ্লোরের যে কোন একটিতে ফায়ার সার্ভিস ইনলেট সুবিধাসহ ন্যূনতম ৫০,০০০ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার স্থাপনের বিষয়টি নিশ্চিত করিতে হইবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের দুই-তৃতীয়াংশ পানি সবসময় অগ্নি নির্বাপণ কাজের জন্য সংরক্ষিত থাকিবে। রাইজার ও স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থায় বিকল্প পানি সরবরাহ ব্যবস্থা হিসেবে ভবনের ছাদে ন্যূনতম ২৫,০০০ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংক নির্মাণ করিতে হইবে। এই ট্যাংক এর সহিত ওয়েট রাইজার ও স্প্রিংকলার এর পানি সরবরাহের মেইন স্ট্যান্ড পাইপ এর সহিত ১টি নন-রিটার্নিং ভাল্ব ও কন্ট্রোল লিভার এর সাহায্যে সংযোগ স্থাপন করিতে হইবে। ওভারহেড ট্যাংক এর ৫০% পানি সবসময় অগ্নি নির্বাপণ কাজের জন্য সংরক্ষিত থাকিবে। ওয়েট রাইজারের মেইন স্ট্যান্ড পাইপ এর পানি প্রবাহের সর্বোচ্চ চাপ ২০ বার এর বেশী হইবে না। ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া অনুযায়ী পাম্পের মিটার হেড এর বিষয়টি নিশ্চিত করিত হইবে। ভবনের উচ্চতা ১৫ তলার ঊর্ধ্বে হইলে প্রতি ২৬ মিটার উচ্চতার পর একটি রিলে পাম্প ও ইন্টারমিডিয়েট রিজার্ভার স্থাপন করিতে হইবে। রাইজার ও স্প্রিংকলার সিস্টেমের মেইন স্ট্যান্ড পাইপের টপডেড সেন্টারের সার্বক্ষণিক পানি প্রবাহের চাপ কোনক্রমেই ৬-৭ বারের নিচে থাকিবে না। ভবনটি এ-৫ শ্রেণির ৩/৫ তারকাবিশিষ্ট হোটেল হলে, সে ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ন্যূনতম ধারণক্ষমতা হইবে ১,০০,০০০ গ্যালন এবং ওভারহেড ট্যাংকের ধারণক্ষমতা হইবে ৪০,০০০ গ্যালন। অগ্নি নির্বাপণের সময় ভবনের স্থায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থাদি হইতে যে পরিমাণ পানি খরচ হইবে সমপরিমাণ পানি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের পুনঃভর্তিকরণের জন্য ব্যবস্থা থাকিতে হইবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পর্যন্ত যাতে অগ্নি নির্বাপক ইউনিটের টোয়িং ভেহিক্যাল পৌঁছাইতে পারে সে জন্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পর্যন্ত ড্রাইভওয়ে সম্প্রসারিত হইবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ও ওভারহেড ট্যাংকের অবস্থান ও ধারণক্ষমতাসহ ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
-
(খ) ফায়ার ফাইটিং পাম্প হাউজ: ওয়েট রাইজার ও স্প্রিংকলার ব্যবস্থায় পানি সরবরাহ নিশ্চিতকল্পে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এর পাশে/গ্রাউন্ডফ্লোরে ফায়ার ফাইটিং পাম্প হাউজ স্থাপন করিয়া এই পাম্প হাউজে ন্যূনতম ৫০০ জিপিএম ক্ষমতাসম্পন্ন ১টি মেইন পাম্প, ১টি স্ট্যান্ডবাই পাম্প (ডিজেলচালিত) ও ১টি জকি পাম্প স্থাপন করিয়া পাম্পের সহিত মেইন স্ট্যান্ড পাইপ এর সংযোগ স্থাপন করিতে হইবে। পাম্পগুলি রাইজারের পানি প্রবাহের গতি প্রকৃতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে চালিত হইবে এবং অটো চেঞ্জওভার সুইচ এর মাধ্যমে পাম্পগুলি জরুরি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (স্ট্যান্ডবাই জেনারেটর) দ্বারা চালিত হইবে। ওভারহেড ট্যাংক হইতে রাইজারের স্ট্যান্ড পাইপে পানি প্রবাহের গতি বৃদ্ধির জন্য মেইন স্ট্যান্ড পাইপ এর সহিত সংযুক্ত ওভারহেড ট্যাংকের সংযোগ পাইপের উপর একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত জকি পাম্প (ইলেকট্রিক ও ব্যাটারি অপারেটেড) স্থাপন করিতে হইবে। ওয়েট রাইজারের সকল জলাধার, পাম্প ও পাইপ এবং ফিটিংস এর সেকশনাল এলিভেশন আলাদা শিটে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানের সহিত সংযুক্ত করিতে হইবে। ফায়ার ফাইটিং পাম্প হাউজ অগ্নি নিরোধক সামগ্রী দ্বারা নির্মাণ করিতে হইবে। পাম্প হাউজের দরোজা ন্যূনতম ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে। ফ্লোর প্ল্যানে পাম্প হাউজ ও ফায়ার ফাইটিং পাম্পসমূহের অবস্থান ও সংখ্যা লিজেন্ডসহ উল্লেখ করিতে হইবে।
-
(৫) স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম: ভবনটি এ-১, এ-২ ও এ-৩ হইলে এবং বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরের র্যাম্প, ড্রাইভওয়ে, কার পার্কিং এরিয়া, সাব-স্টেশন, পাম্প হাউজ, স্ট্যান্ডবাই জেনারেটর রুম, এনক্লোজার সিঁড়ি, ফায়ার ফাইটিং পাম্প হাউজ, ফায়ার কমান্ড স্টেশন ও ড্রপ অব এরিয়াসহ সকল কক্ষ ও স্থানে প্রতি ৭৫ বর্গমিটার এরিয়ার জন্য ১টি স্মোক ও ১টি হিট ডিটেক্টর স্থাপন করিতে হইবে। অতিরিক্ত ফ্লোর এরিয়ার জন্য আরও একটি স্মোক ও হিট ডিটেক্টর স্থাপন করিতে হইবে। আবাসিক কক্ষ, লিভিং এরিয়া ও কমিউনিটি স্পেস এরিয়ায় স্মোক ডিটেক্টর স্থাপন করা যাইতে পারে। কিচেনে ফিক্সড হিট ডিটেক্টর স্থাপন করা যাইতে পারে। কিচেনে ও অন্যান্য জায়গায় স্থাপিত ফিক্সড হিট ডিটেক্টরে হিট রেজিস্ট্যান্স ক্যাপাসিটি সর্বনিম্ন ৬০ ডিগ্রি সর্বোচ্চ ১২৭ ডিগ্রি সেলসিয়াস হইবে। ভবনটি এ-৫ শ্রেণী হইলে ভবনের বেজমেন্টসহ সকল তলায় স্মোক ডিটেক্টর স্থাপন নিশ্চিত করিতে হইবে। লন্ড্রি শপ, কিচেন, জেনারেটর ও ট্রান্সফরমার রুমে ফিক্সড হিট ও স্মোক ডিটেক্টর স্থাপন করিতে হইবে। ভবনটিতে সেন্ট্রাল এয়ারকন্ডিশন সিস্টেম স্থাপিত হইলে প্রতি তলায় প্রেশ এয়ার ইনটেক ও হট এয়ার রিটার্ন ডাক এর ওপেনিংয়ে স্মোক ডিটেক্টরসহ ফায়ার ডাম্পার স্থাপন নিশ্চিত করিতে হইবে। সেন্ট্রালি এয়ারকন্ডিশন ডাক্ট কোন অবস্থায় করিডোর দিয়ে পার করা যাইবে না। সকল স্মোক ও হিট ডিটেক্টর এবং এয়ার ডাম্পার এর অবস্থান প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
-
(৬) ফায়ার এলার্ম সিস্টেম: ভবনের বেজমেন্টসহ প্রতি ফ্লোরের করিডোর অথবা সিঁড়ি বা লিফট লবির বাহিরে ম্যানুয়েল কলপয়েন্ট স্থাপন করিয়া ম্যানুয়েল কল পয়েন্ট এর সহিত এ্যালার্ম বেল ও স্ট্রোব এর সংযোগ স্থাপন করিতে হইবে। প্রতি ফ্লোরে ম্যানুয়েল কল পয়েন্ট, এ্যালার্ম বেল ও স্ট্রোব এর পরিমাণ এমনভাবে নির্ধারিত হইবে যেন বেলের আওয়াজ ও স্ট্রোব এর বিচ্ছুরিত আলো সকলের দৃষ্টি আকর্ষণ করিতে সমর্থ হয়। ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ ম্যানুয়েল কল পয়েন্ট, এ্যালার্ম বেল ও স্ট্রোব এর অবস্থান চিহ্নিত করিতে হইবে। কল পয়েন্ট এ্যালার্ম বেল ও স্ট্রোব এর ক্যাবল সংযোগ মেইন প্যানেল বোর্ডে দিতে হইবে।
-
(৭) ইমারজেন্সি লাইট: ভবনের সকল স্টেয়ার কেস, করিডোর, লিফট ও স্টেয়ার লবি, ফায়ার কমান্ড স্টেশন, ফায়ার ফাইটিং পাম্প হাউস, ইমারজেন্সি জেনারেটর রুম, সাব-স্টেশন সকল করিডোরে জরুরি নির্গমন সিঁড়ির এক্সিট একসেস, এক্সিট ও এক্সিট ডিসচার্জে, কমিউনিটি স্পেসে, ফায়ার লিফট, র্যাম্প, গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্টে অবস্থিত ড্রাইভওয়ে, পার্কিং এরিয়া এবং ইউটিলিটি সার্ভিস এরিয়ায় প্রয়োজনীয় সংখ্যক নন-মেইনটেনেন্স সিস্টেমের ডুয়েল সোর্স ইমারজেন্সি লাইট স্থাপন নিশ্চিত করিতে হইবে যাহাতে রাত্রিকালীন সময়ে ও অন্ধকারে সহজে সবকিছু দৃষ্টিগোচর হয়।
-
(৮) জরুরি নির্গমন সিঁড়ি (Means of Escape): Means of Escape, যাহা একটি ইমারতে আগুন লাগিলে নিরাপদ নির্গমনের পথ, যাহার তিনটি অংশ হইতেছে: (ক) Exit access, (খ) Exit এবং (গ) Exit discharge। Exit access অর্থ Exit এর মুখ পর্যন্ত পৌঁছানোর রাস্তা, Exit হইল ঐ অংশটুকু বা সিঁড়ি যাহা আগুন লাগা অংশ হইতে Exit discharge পর্যন্ত নিরাপদ নির্গমন ঘটায়। Exit discharge হইল Exit শেষ হওয়া হইতে রিফিউজ এরিয়া বা আগুন ধোঁয়া ও তাপমুক্ত ভবনের বাইরের নিরাপদ স্থান। Exit এ পৌঁছানোর রাস্তা হিসেবে করিডোরকে গণ্য করিতে হইবে। ভবনে ন্যূনতম ৫০ জন বসবাসকারীর জন্য ১টি জরুরি নির্গমন সিঁড়ি থাকিবে। ৫০০ জন পর্যন্ত ২টি, ১০০০ জন পর্যন্ত ৩টি এবং ১০০০ এর উর্ধ্বে বসবাসকারীর জন্য ৪টি জরুরি নির্গমন সিঁড়ির বিষয়টি প্ল্যানে নিশ্চিত ও চিহ্নিত করিতে হইবে। জরুরি নির্গমন সিঁড়ির এক্সিট এক্সেস করিডোর বা সেফটি লবি দ্বারা সংযুক্ত থাকিবে। জরুরি নির্গমন সিঁড়ির প্রতিটি ফ্লাইট এর প্রশস্থতা এ-১, এ-২ ভবনের জন্য ১ মিটার ও এ-৩, এ-৫ ভবনের জন্য ১.৫ মিটারের কম হইবে না। ইহার প্রতি তলায় ল্যান্ডিং এবং দুই ফ্লাইটের মধ্যবর্তী ল্যান্ডিং এরিয়ার প্রশস্থতা জরুরি নির্গমন সিঁড়ির প্রতিটি ফ্লাইটের প্রশস্থতার কম হইবে না। ইহার প্রতি তলার এক্সিট এক্সেস এর দরোজা হইবে ন্যূনতম ২ ঘণ্টা ফায়ার রেটেড পুশ ডোর এবং দরোজা জরুরি নির্গমন সিঁড়ির অন্তর্মুখী দিকে খুলিবে। শুধুমাত্র এক্সিট ডিসচার্জ দরোজা সরাসরি ভবনের বাইরে নিরাপদ উন্মুক্ত স্থানের দিকে খুলিবে। ইহার দেয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড হইবে। ইহার ফ্লাইটের ট্রেড ও রাইজ এর পরিমাপ এমন হইবে যেন প্রতিবন্ধীরাও সহজেই নামিয়া আসিতে পারে। ইহার এক্সিট এক্সেস দরজার উপরে আলোকিত এক্সিট সাইন স্থাপন নিশ্চিত করিতে হইবে, যাহাতে জরুরি নির্গমন সিঁড়ি অন্ধকারেও সহজে দৃষ্টিগোচর হয়। এক্সিট আলোকিত করিবার জন্য ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করিতে হইবে। একটি ওপেনিং দিয়ে করিডোরে এসে জরুরি নির্গমন সিঁড়িতে আসিতে সর্বোচ্চ ২৩ মিটার ট্রাভেল ডিসট্যান্স এর জন্য ন্যূনতম ১টি এবং অতিরিক্ত ট্রাভেল ডিসট্যান্স এর জন্য অতিরিক্ত আরো ১টি জরুরি নির্গমন সিঁড়ি থাকিতে হইবে। যে কোন ডেড-এনড হইতে ইহার ট্রাভেল ডিসট্যান্স হইবে সর্বোচ্চ ১০ মিটার। ইহা আপৎকালীন সময় ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাইবে না এবং কোন অবস্থাতেই বেজমেন্ট পর্যন্ত সম্প্রসারিত হইবে না। স্মোক ও হিট ডিটেক্টর দ্বারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্যকর এয়ার প্রেসার সৃষ্টিকারী ব্লোয়ার মেশিন দ্বারা জরুরি নির্গমন সিঁড়ির অভ্যন্তরে আপৎকালীন সময়ে পজেটিভ এয়ার প্রেসার সৃষ্টি করিতে হইবে। জরুরি নির্গমন সিঁড়িতে বাতাসের পজেটিভ প্রেসার ৫০ পিএসআই এর বেশি হইবে না। ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ জরুরি নির্গমন সিঁড়ি চিহ্নিত করিতে হইবে।
-
(৯) বিকল্প সিঁড়ি: ভবনে জরুরি নির্গমন সিঁড়ির অনুরূপ সংখ্যক বিকল্প সিঁড়ি থাকিতে হইবে। ভবনের বিকল্প সিঁড়ি বেইজমেন্ট পর্যন্ত সম্প্রসারিত হইবে না। বিকল্প সিঁড়ি অটো এনক্লোজার টাইপের হইলে ভাল হয়। ভবনের উচ্চতা ১৫ তলার উর্ধ্বে হইলে সকল বিকল্প সিঁড়ি ন্যূনতম ১ ঘণ্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার টাইপ ডোর দ্বারা নির্মিত হইবে এবং সিঁড়ির দেয়াল ন্যূনতম ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে। সিঁড়িতে আপৎকালীন সময়ে পজিটিভ এয়ার প্রেসার সৃষ্টির জন্য জরুরি নির্গমন সিঁড়ির অনুরূপ ব্যবস্থা স্থাপন নিশ্চিত করিতে হইবে। তবে এই সিঁড়ি সর্বসাধারণের ব্যবহারের জন্য সবসময়ে উন্মুক্ত থাকিবে। বেইজমেন্ট হইতে গ্রাউন্ড ফ্লোরে উঠার জন্য ন্যূনতম ১টি সিঁড়ি থাকিতে হইবে। এ সিঁড়ির গ্রাউন্ড ফ্লোরে ডিসচার্জ ল্যান্ডিং এমন জায়গায় হইতে হইবে যেন বেইজমেন্টে সৃষ্টি অগ্নিকান্ডের তাপ ও ধোঁয়া এ সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে উঠিয়া অন্য কোনো তলায় বিস্তার লাভ করিতে না পারে। এ সিঁড়ির বেইজমেন্টের ল্যান্ডিং এরিয়া সেফটি লবি, তাপ ও ধোঁয়ামুক্ত কমপক্ষে ২ ঘণ্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার ডোর দ্বারা সুরক্ষিত হইতে হইবে। বেইজমেন্টে ট্রাভেল ডিসটেন্ট ২৩ মিটারের বেশি হইলে অতিরিক্ত আরও একটি সিঁড়ি স্থাপন নিশ্চিত করিতে হইবে।
-
(১০) ফায়ার লিফট: ভবনের একাধিক লিফট এর ১টি লিফট এবং ৪টি বা ততোধিক লিফট থাকিলে কমপক্ষে ২টি লিফট ফায়ার লিফট হিসাবে নির্মাণ ও প্ল্যানে চিহ্নিত করিতে হইবে। এ লিফট এমন স্থানে নির্মাণ করিতে হইবে যেন এ লিফট দিয়ে অগ্নি নির্বাপক কর্মীগণ ভবনের সর্বোচ্চ তলাসহ যে কোন তলার ল্যান্ডিং হইতে সহজে যে কোন কক্ষে প্রবেশ করিতে পারে। এই লিফট এর লোড ক্যাপাসিটি হইবে ৫৪৫ কেজি বা ৮ জন। এ লিফটের ফ্লোর এরিয়া হইবে ১.৪ বর্গ মিটার এবং দরোজা হইবে ধোঁয়া ও তাপ নিরোধক অটো এনক্লোজড টাইপের। এর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হইবে দ্বৈত ধরনের। ভবনের মূল বিদ্যুৎ ব্যবস্থা হইতে আলাদাসহ ইমারজেন্সি বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা অটো চেঞ্জওভার সুইচ এর মাধ্যমে নিশ্চিত করিতে হইবে। বৈদ্যুতিক কেবল হইবে হাই ফায়ার রেসিসট্যান্ট। এ লিফটি ২টি সুইচ বাটন দ্বারা চালিত হইবে। লিফটের পাশে স্থাপিত গ্রাউন্ড সুইচ এর মাধ্যমে লিফট এর চলাচল নিয়ন্ত্রণ করিবার ব্যবস্থা থাকিতে হইবে। একই সহিত লিফটে ভ্রমণকারীরা লিফটের অভ্যন্তরে স্থাপিত অপর সুইচ বাটন ব্যবহার করিয়া লিফটের চলাচল ও গতি নিয়ন্ত্রণ করিতে পারিবে। লিফট এর গতি এমন হইবে যেন সর্বোচ্চ ১ মিনেটে গ্রাউন্ড ফ্লোর হইতে সর্বোচ্চ তলা পর্যন্ত পৌঁছানো যায়। লিফট এর সকল বাটন অকেজো হইয়া লিফটটি পথিমধ্যে বন্ধ হইলে তা কোন ফ্লোরে আটকে না থাকিয়া গ্রাউন্ড লেভেলে আপনা আপনি নামিয়া আসিবে। লিফট এর উপর লেখা থাকিবে ‘ফায়ার লিফট’ তবে স্বাভাবিক সময়ে লিফটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকিবে। ভবনের উচ্চতা ১৫ তলার উর্ধ্বে হইলে ভবনের সকল লিফট ফায়ার লিফট এর কনসেপ্ট অনুযায়ী নির্মাণ করিতে হইবে এবং ফ্লোর প্ল্যানে সকল লিফট ফায়ার লিফট হিসেবে চিহ্নিত করিতে হইবে। লিফট কোর ওয়াল কমপক্ষে ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে এবং একটি লিফট কোরের মধ্যে সর্বোচ্চ ৪ টির বেশি লিফট স্থাপন করা যাইবে না।
-
(১১) বেইজমেন্টে মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপন ঃ বেইজমেন্টে মেকানিক্যাল ডিভাইস এর মাধ্যমে আলো বাতাস প্রবাহের ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে। যে পরিমাণ এক্সহাস্ট এয়ার ভেন্টিলেশনের রিটার্ন ডাকট সিস্টেমের মাধ্যমে বাহির হইবে সেই পরিমাণ প্রেসড এয়ার মেকানিক্যাল ভেন্টিলেশনের ইনটেক এয়ার ডাক্টের মাধ্যমে বেইজমেন্টে প্রবাহিত করিবার ব্যবস্থা থাকিতে হইবে। মেকানিক্যাল ভেন্টিলেশনের বিষয়টি ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
-
(১২) অটো স্মোক এ্যান্ড হিট ভেন্টিং সিস্টেম: এ-১, এ-২, এ-৩, এ-৫ ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেইজমেন্টে আগুনে সৃষ্ট তাপ ও ধোঁয়া তাৎক্ষণিক বাহির করিয়া আগুনের ব্যাপকতা হ্রাস করিবার জন্য ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেইজমেন্টে অটোভেন্ট সিস্টেম স্থাপন নিশ্চিত করিতে হইবে। ভবনটি যদি এ-৫ শ্রেণির হয় এবং ভবনটিতে যদি সেন্ট্রালি এয়ারকন্ডিশন সিস্টেম স্থাপন করা থাকে তাহা হইলে এ ভবনের সকল তলায় অটো স্মোক এ্যান্ড হিট ভেন্টিং সিস্টেম স্থাপন নিশ্চিত করিতে হইবে। অটো ভেন্টিং সিস্টেমটি লিজেন্ডসহ ফ্লোর প্ল্যানে উল্লেখ করিতে হইবে। ভেন্টিং সিস্টেম এমনভাবে ডিজাইন করিয়া স্থাপন করিতে হইবে যেন স্প্রিংকলার সিস্টেম চালু হওয়ার পরপরই ভেন্টিং সিস্টেম কার্যকর হয়।
-
(১৩) সাব-স্টেশন: গ্রাউন্ড ফ্লোরে সাব-স্টেশন স্থাপন করিতে হইবে। সাব-স্টেশনের দেয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড ও দরোজা ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে। সাব-স্টেশনের ট্রান্সফরমার বা এভিআর ও সুইচ গিয়ার রুমের মাঝে ৪ ঘণ্টা ফায়ার সেপারেশন দেয়াল ছাদ পর্যন্ত দিয়ে কক্ষ ২টিকে আলাদা করিতে হইবে। উভয়কক্ষে গমনাগমনের জন্য এ দেয়ালে ২ ঘণ্টা ফায়ার রেটেড এবং তাপ ও ধোঁয়া নিরোধক দরোজা থাকিবে। সাব-স্টেশনের প্রতিটি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেশন ও এক্সহাস্ট ফ্যান থাকিবে। সাব-স্টেশনের ট্রান্সফরমারের উপরে ২টি হাই প্রেশার ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড স্থাপন করিতে হইবে। সুইচ গিয়ার রুমে স্বয়ংক্রিয় স্প্রিংকলার বা অটো গ্যাস সাপ্রেশন সিস্টেম স্থাপন করা যাইতে পারে। সাব-স্টেশনের ক্যাবল ড্রেন শুকনো বালু ভর্তি হইতে হইবে এবং ড্রেনের উপরে স্ল্যাব অগ্নি নিরোধক সামগ্রী দ্বারা তৈরি হইতে হইবে। ভবনের অটো হিট এ্যান্ড স্মোক ভেন্ট সিস্টেমের কানেকশন সাব-স্টেশনে থাকিবে। ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ সাব-স্টেশনে স্থাপিত সকল অগ্নি নির্বাপক ব্যবস্থাদি হিট ও স্মোক ডিটেক্টর, ভেন্ট ও এক্সহাস্ট ফ্যানের সংখ্যা ও পরিমাণ উল্লেখ করিতে হইবে।
-
(১৪) স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষ ঃ ভবনে স্ট্যান্ডবাই জেনারেটর বেইজমেন্ট অথবা গ্রাউন্ড ফ্লোরে স্থাপন করিতে হইবে। স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষের দেয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড এবং দরোজা তাপ ও ধোঁয়া নিরোধক ২ ঘণ্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার টাইপ হইতে হইবে। স্ট্যান্ডবাই জেনারেটর হইতে সরাসরি পাওয়ার সাপ্লাই সকল সিঁড়ি ঘর, করিডোর, ফায়ার লিফট, সকল ফায়ার পাম্প, প্রেসারাইজিং ফ্যান এবং ব্লোয়ারস, স্মোক এক্সট্রাকশন ও ডেম্পার সিস্টেম এবং ফায়ার কমান্ড স্টেশনের সহিত সংযুক্ত থাকিবে এবং ভবনের স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হইলে সাথে সাথে বিকল্প ব্যবস্থা হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হইবে। ফ্লোর প্ল্যানে স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষ চিহ্নিত করিতে হইবে। স্ট্যান্ডবাই জেনারেটরের মেইন সুইচ গিয়ার প্যানেল থেকে উল্লিখিত সকল ডিভাইজে ইলেকট্রিক লাইন সরাসরি সেপারেট কনডুইট পাইপের মাধ্যমে টেনে সংযোগ স্থাপন করিতে হইবে। এ কক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেশন ব্যবস্থা থাকিবে। স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইসার বিধিবদ্ধ নিয়মে স্থাপন করিতে হইবে।
-
(১৫) পিএ সিস্টেম ঃ ভবনের প্রতি তলায় প্রয়োজনীয় সংখ্যক পিএ সিস্টেমের স্পিকার স্থাপন নিশ্চিত করিতে হইবে। করিডোর, ফায়ার লিফট ও স্টেয়ার লবিতে পিএ সিস্টেম স্পিকার স্থাপন করিতে হইবে। পিএ সিস্টেম ফায়ার কমান্ড স্টেশন হইতে নিয়ন্ত্রিত হইতে হইবে। পিএ সিস্টেমের স্পিকারের অবস্থান ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
-
(১৬) সার্ভিস ডাক্ট ঃ ভবনের সকল সার্ভিস ডাক্ট এর দেয়াল ন্যূনতম ৪ ঘণ্টা ফায়ার রেটেড ও সকল ওপেনিং ডোর তাপ ও ধোঁয়া মুক্ত ন্যূনতম ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে। ইলেকট্রিক ডাক্ট দিয়ে ইলেকট্রিক হাই ভোল্টেজ, মিডিয়াম হাই ভোল্টেজ ক্যাবল লাইন ছাড়া পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারকম বা অন্য কোনো সার্ভিস লাইন টানা যাইবে না। ইলেকট্রিক ডাক্ট হইতে প্রতি তলার সংযোগ স্থলে অগ্নি নিরোধক সামগ্রী দ্বারা ছিদ্র বন্ধ নিশ্চিত করিতে হইবে। সার্ভিস ডাক্টের অবস্থান লিজেন্ডসহ ফ্লোর প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(১৭) রিফিউজ এরিয়া ঃ প্রস্তাবিত ভবন সংলগ্ন আগুন, তাপ ও ধোঁয়ামুক্ত নিরাপদ এলাকা যেখানে জরুরি নির্গমন সিঁড়ির এক্সিট ডিসচার্জ ল্যান্ডিং করানো হইয়াছে এবং বহুতল ভবনের বর্ধিত অংশ বা কক্ষ যাহার ন্যূনতম ক্ষেত্রফল ১৫ বর্গ মিটার হইতে হইবে। ভবনের উচ্চতা ২০ হইতে ২৬ মিটার হইলে সেখানে একটি রিফিউজ এরিয়া থাকিতে হইবে এবং ভবনের উচ্চতা ২৬ মিটারের উর্ধ্বে হইলে প্রতি ৫ (পাঁচ) ফ্লোর অন্তর অন্তর একটি করিয়া রিফিউজ এরিয়া থাকিতে হইবে। ভবন ও প্লটের রিফিউজ এরিয়া প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(১৮) র্যাম্প, ড্রাইভওয়ে ও পার্কিং স্থান: বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরের কার পার্কিং প্ল্যান (র্যাম্প, ড্রাইভওয়ে ও পার্কিং স্থান) বিল্ডিং কোড অনুযায়ী ফায়ার ফাইটিং প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(১৯) ওয়েট কেমিক্যাল সিস্টেম ঃ এ-৫ ভবনের রান্নাঘরের চুলার আগুন স্বয়ংক্রিয়ভাবে নির্বাপণ করিবার জন্য ওয়েট কেমিক্যাল সিস্টেম স্থাপন করিতে হইবে। লিজেন্ডসহ ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে ওয়েট কেমিক্যাল সিস্টেম চিহ্নিত করিতে হইবে।
-
(২০) অটো সাপ্রেশন সিস্টেম ঃ এ-৫ ভবনে কম্পিউটার, ল্যাব, সার্ভার কক্ষে সিওটু বা নাইট্রোজেন বা এফএম-২০০ স্বয়ংক্রিয় গ্যাসভিত্তিক ফায়ার সাপ্রেশন সিস্টেম স্থাপন করিতে হইবে। লিজেন্ডসহ গ্যাস সাপ্রেশন সিস্টেম প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(২১) বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন: এ-১, এ-২ ও এ-৩ ভবনে বিদ্যমান অগ্নি নির্বাপক ব্যবস্থাদির অতিরিক্ত হিসেবে প্রতি ১০০ বর্গমিটার ফ্লোর এরিয়ার জন্য ৬ কেজি ধারণক্ষমতাসম্পন্ন ১টি এবিসি টাইপ ড্রাই কেমিক্যাল পাউডার ও ১টি সিওটু অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করিতে হইবে। এ-৫ ভবনের জন্য প্রতি ১০০০ বর্গফুট এরিয়ার স্থলে ৫৫০ বর্গফুট এরিয়ার জন্য একটি ৬ কেজি এবিসি টাইপ ডিসিপি ও একটি সিওটু অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করিতে হইবে। এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার ও সিওটু এক্সটিংগুইসারের আনুপাতিক হার হইবে ৮০ ঃ ২০। ২০ ভাগ সিওটু এক্সটিংগুইসার সাব-স্টেশন, জাংশন পয়েন্ট, মিটার বক্স এবং ইলেকট্রিক ও ইলেকট্রোনিক স্থাপনায় স্থাপন করা যাইতে পারে। ডিসিপি সকল জায়গায় স্থাপন করিতে হইবে। বেজমেন্টসহ প্রতি ফ্লোরে কোথায় কতটি অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হইবে তাহার সংখ্যা লিজেন্ডসহ ফ্লোর প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(২২) মেইন প্যানেল বোর্ড ও রিপিটার প্যানেল বোর্ড (Announciator) ঃ ভবনের বেজমেন্টসহ সকল তলায় স্থাপিত স্মোক ও হিট ডিটেক্টর, মেনুয়াল কল পয়েন্ট, এলার্ম বেল ও স্টোব, ফায়ারম্যান কলপয়েন্ট ভেন্ট ও এয়ারব্লোয়ার মেশিনের সহিত সংযুক্ত হিট ও স্মোক ডিটেক্টরের কেবল কানেকশন মেইন কন্ট্রোল প্যানেলের সহিত সংযুক্ত থাকিবে। এ-২ ও এ-৫ শ্রেণীর বহুতল ভবনের ঊর্ধ্বমুখী সকল তলায় রিপিটার কন্ট্রোল প্যানেল স্থাপন করিয়া সিনক্রোনাইজ করিয়া মেইন কন্ট্রোল প্যানেলের সহিত সংযোগ প্রদান করা যাইতে পারে। রিপিটার কন্ট্রোল প্যানেলের সাহায্যে প্রতি তলায় বসিয়া দেখা যাইবে কোন তলায় কোন কক্ষ বা স্থানে আগুন লাগিয়াছে। মেইন কন্ট্রোল প্যানেল ফায়ার কমান্ড স্টেশনে সংযুক্ত থাকিবে। মেইন প্যানেল বোর্ড এবং রিপিটার প্যানেল বোর্ড (Announciator) লিজেন্ডসহ ফ্লোর প্ল্যানে চিহ্নিত করিতে হইবে।
-
(২৩) ফায়ার কমান্ড স্টেশন ঃ ভবনের গ্রাউন্ড ফ্লোরে ফায়ার কমান্ড স্টেশন স্থাপন করিতে হইবে। এ কক্ষে মেইন প্যানেল বোর্ড স্থাপন করিয়া প্যানেল বোর্ড এর সহিত সকল ডিটেকশন সিস্টেম এবং সকল রিপিটার প্যানেল বোর্ড এবং ফায়ারম্যান কানেকশন নিশ্চিত করিতে হইবে। ভবনের ফায়ার ফাইটিং প্ল্যান ফায়ার কমান্ড স্টেশনের দেয়ালে সংরক্ষণ করিতে হইবে। ইহা ছাড়া কমান্ড স্টেশনে ইন্টারকম টেলিফোন সেট ও ল্যান্ড টেলিফোন এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠানের টেলিফোন নম্বর লিখিত বোর্ড দেয়ালে সংযুক্ত থাকিবে। একজন প্রশিক্ষিত স্টাফ সার্বক্ষণিকভাবে ডিউটিতে নিয়োজিত থাকিবে। ফায়ার কমান্ড স্টেশন ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
-
(২৪) লাইটনিং প্রটেকশন সিস্টেম ঃ ভবনের বজ্র নিরোধক ব্যবস্থা স্থাপন করিতে হইবে। ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানের সহিত সেকশন এলিভেশন আলাদা শিটে দেখাইতে হইবে।
-
(৫৩) এভিয়েশন লাইট ঃ ভবন ১৫০ ফুটের ঊর্ধ্বে হইলে ভবনের ছাদে এভিয়েশন লাইট স্থাপন করিতে হইবে।
Uncertain: printed as “(৫৩)” in the source gazette itself (verified against the page image), out of sequence between (২৪) and (২৬) — likely a typesetting error in the original for “(২৫)”. Transcribed verbatim as printed; not corrected here.
-
(২৬) হেলিস্টোপস/হেলিপ্যাড ঃ এ-৫ ভবন যদি ফাইভ স্টার হোটেল হিসেবে ব্যবহৃত হয় তাহা হইলে হোটেলের ছাদে হেলিস্টোপস নির্মাণ করিতে হইবে।
-
(২৭) ফায়ার সেপারেশন ওয়াল ঃ ভবনের বেইজমেন্টের ফ্লোর এরিয়া ৭৫০ বর্গ মিটার বা তদূর্ধ্ব হইলে বেইজমেন্টকে ২ ঘন্টা ফায়ার সেপারেশন ওয়াল দ্বারা বিভক্ত করিতে হইবে। ফায়ার সেপারেশন ওয়ালের দৈর্ঘ্য ৪০ মিটারের বেশি হইবে না। করিডোর ওয়াল ফায়ার সেপারেশন ওয়াল হিসেবে গণ্য হইবে এবং এ ওয়ালে ন্যূনতম আধাঘন্টা ফায়ার রেটেড এনক্লোজার দরোজা ছাড়া অন্য কোনো ওপেনিং থাকিবে না।
-
(২৮) ভবন হইতে হাই ভোল্টেজ লাইন ঃ ভবন হইতে মিডিয়াম ও হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন এর দূরত্ব ভবনের বাউন্ডারি লাইন হইতে গণ্য করিতে হইবে। ভবন হইতে ওভারহেড বৈদ্যুতিক লাইনের দূরত্ব লো ও মিডিয়াম সার্ভিস লাইনের ক্ষেত্রে খাড়া ভাবে কমপক্ষে ২.৫ মিটার এবং সমান্তরাল ভাবে ১.২৫ মিটার দূরত্বে হইতে হইবে। হাই ভোল্টেজ লাইন ৩৩ কেভি পর্যন্ত খাড়া ভাবে ৩.৫ মিটার ও সমান্তরালভাবে ১.৭৫ মিটার দূরত্বে হইতে হইবে, হাই ভোল্টেজ লাইন ৩৩ কেভির ঊর্ধ্বে হইলে খাড়া ভাবে ৩.৫ মিটার ও সমান্তরালভাবে ১.৭৫ মিটার দূরত্বে হইতে হইবে এবং প্রতি বর্ধিত অংশের জন্য অতিরিক্ত ০.৩ মিটার যুক্ত করিতে হইবে।
-
(২৯) আলোকিত Exit sign এবং জরুরি নির্গমন সিঁড়ির লাইট ঃ জরুরি নির্গমন সিঁড়ির উপরে আলোকিত Exit sign থাকিতে হইবে এবং Exit access বাহিরে এবং Exit এ কৃত্রিম আলোর ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।
নোট ঃ ফ্লোর প্ল্যানে চিহ্নিত সকল অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি, স্মোক ও হিট ডিটেক্টর এলার্মিং সিস্টেম এর মেনুয়েল কল পয়েন্ট, এলার্ম বেল ও স্ট্রোব জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট অটো এনক্লোজার, ফায়ার ডাম্পার, ফায়ার কমান্ড স্টেশন অগ্নি নির্বাপণ যন্ত্রসহ লিজেন্ড হিসেবে ফ্লোর প্ল্যানে চিহ্নিত সকল বিষয়ে সংখ্যা ও স্থান চিহ্নিত করিয়া সার-সংক্ষেপ ১টি আলাদা শিটে উল্লেখপূর্বক শিটটি ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানের সহিত সংযুক্ত করিয়া জমা দিতে হইবে।
ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত হইতে হইবে। ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে প্রয়োজন মনে করিলে মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে উল্লিখিত বিষয়গুলি সংশোধন, পরিবর্ধন ও নূতন সংযোজনের বিষয়ে পরামর্শ ও নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সে অনুযায়ী ফ্লোর প্ল্যান জমা দিতে বাধ্য থাকিবে।
বহুতল ‘এফ’ শ্রেণীর {এফ-১ (অফিস), এফ-২ (ছোট দোকান এবং বাজার), এফ-৩ (বড় দোকান এবং বাজার), এফ-৪ (গ্যারেজ এবং পেট্রোল স্টেশন), এফ-৫ (নিত্য প্রয়োজনীয় অন্যান্য সেবা), এফ-১ ও এফ-৩ মিশ্র} ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি:
-
(ক) প্রস্তাবিত বহুতল ‘এফ’ শ্রেণীর (এফ-১ ও এফ-৩) ভবনের ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে ‘এ’ শ্রেণীর জন্য উল্লিখিত ব্যবস্থাসহ নিম্নলিখিত স্থায়ী অগ্নি নির্বাপণ, সতর্কীকরণ ও অন্যান্য ব্যবস্থাদি লিজেন্ডসহ প্রদর্শন বা চিহ্নিত করিতে হইবেঃ
- (১) স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য পানি সরবরাহ সূত্র ঃ ওয়েট রাইজার ও স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থায় কাংক্ষিত চাপে পানি সরবরাহ এবং অগ্নি নির্বাপণের কাজে অগ্নি নির্বাপক ইউনিটের ফায়ার পাম্প এর পানি ব্যবহার নিশ্চিত কল্পে ভবনের বেইজমেন্ট অথবা বেইজমেন্ট না থাকিলে গ্রাউন্ড ফ্লোরে বা বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরের যে কোন একটিতে ফায়ার সার্ভিস ইনলেট সুবিধাসহ ন্যূনতম ১,০০,০০০ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন আন্ডার গ্রাউন্ড রিজার্ভার স্থাপনের বিষয়টি নিশ্চিত করিতে হইবে। আন্ডার গ্রাউন্ড রিজার্ভারের দুই-তৃতীয়াংশ পানি সবসময় অগ্নি নির্বাপণ কাজের জন্য সংরক্ষিত থাকিবে। রাইজার ও স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থায় বিকল্প পানি সরবরাহ সূত্র হিসেবে ভবনের ছাদে ন্যূনতম ৪০,০০০ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাংক নির্মাণ করিতে হইবে। এই ট্যাংক এর সহিত ওয়েট রাইজার ও স্প্রিংকলার এর পানি সরবরাহের মেইন স্ট্যান্ড পাইপ এর সহিত ১টি নন-রিটার্নিং ভাল্ব ও কন্ট্রোল লিভার এর সাহায্যে সংযোগ স্থাপন করিতে হইবে। ওভারহেড ট্যাংক এর ৫০% পানি সব সময় অগ্নি নির্বাপণ কাজের জন্য সংরক্ষিত থাকিবে। ওয়েট রাইজারের মেইন স্ট্যান্ড পাইপ এর পানি প্রবাহের সর্বোচ্চ চাপ ২০ বার এর বেশি হইবে না। ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া অনুযায়ী পাম্পের মিটার হেড এর বিষয়টি নিশ্চিত করিতে হইবে। ভবনের উচ্চতা ১৫ তলার ঊর্ধ্বে হইলে প্রতি ২৬ মিটার উচ্চতার পর একটি রিলে পাম্প ও ইন্টার মিডিয়েট রিজার্ভার স্থাপন করিতে হইবে। রাইজার ও স্প্রিংকলার সিস্টেমের মেইন স্ট্যান্ড পাইপের টপডেড সেন্টারে সার্বক্ষণিক পানি প্রবাহের চাপ কোনক্রমেই ৬-৭ বার এর নিচে থাকিবে না। ভবনটি এফ-১ শ্রেণীর বহুতল অফিস ও এফ-৩ শ্রেণীর ৩০০ বর্গ মিটারের অধিক ফ্লোর এরিয়া বিশিষ্ট বহুতল ডিপার্টমেন্টাল সুপার মার্কেট হইলে সে ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ন্যূনতম ধারণক্ষমতা হইবে ১,৫০,০০০ গ্যালন এবং ওভারহেড ট্যাংকের ধারণক্ষমতা হইবে ৫০,০০০ গ্যালন। অগ্নি নির্বাপণের সময় ভবনের স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি হইতে যে পরিমাণ পানি খরচ হইবে সমপরিমাণ পানি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পুনঃ ভর্তিকরণের জন্য ব্যবস্থা থাকিতে হইবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পর্যন্ত যাহাতে অগ্নি নির্বাপক ইউনিটের টোয়িং ভেহিক্যাল পৌঁছাইতে পারে সেই জন্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পর্যন্ত ড্রাইভওয়ে সম্প্রসারিত হইবে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ও ওভারহেড ট্যাংকের অবস্থান ও ধারণক্ষমতাসহ ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ চিহ্নিত করিতে হইবে।
- (২) বিকল্প সিঁড়ি ঃ ভবনে জরুরি নির্গমন সিঁড়ির অনুরূপ সংখ্যক বিকল্প সিঁড়ি থাকিতে হইবে। ভবনের বিকল্প সিঁড়ি বেইজমেন্ট পর্যন্ত সম্প্রসারিত হইবে না। বিকল্প সিঁড়ির প্রতি ফ্লাইটের প্রশস্ততা এফ-১ ভবনের ক্ষেত্রে ১.৫ মিটার এবং এফ-৩ ভবনের ক্ষেত্রে ২ মিটার হইতে হইবে। প্রতিটি ফ্লাইটের ল্যান্ডিং এরিয়া এবং ২ ফ্লাইটের মধ্যবর্তী ল্যান্ডিং এরিয়ার প্রশস্ততা প্রতিটি ফ্লাইটের প্রশস্ততার কম হইবে না। বিকল্প সিঁড়ি অটো এনক্লোজার টাইপের হইতে হইবে। ভবনের উচ্চতা ১৫ তলার ঊর্ধ্বে হইলে সকল বিকল্প সিঁড়ি ন্যূনতম ১ ঘন্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার টাইপ ডোর দ্বারা নির্মিত হইবে এবং সিঁড়ির দেয়াল ন্যূনতম ২ ঘন্টা ফায়ার রেটেড হইতে হইবে। সিঁড়িতে আপৎকালীন সময়ে পজিটিভ এয়ার প্রেসার সৃষ্টির জন্য জরুরি নির্গমন সিঁড়ির অনুরূপ ব্যবস্থা স্থাপন নিশ্চিত করিতে হইবে। তবে এই সিঁড়ি সর্বসাধারণের ব্যবহারের জন্য সব সময়ে উন্মুক্ত থাকিবে। বেইজমেন্ট হইতে গ্রাউন্ড ফ্লোরে উঠার জন্য ন্যূনতম ১টি সিঁড়ি থাকিতে হইবে। এই সিঁড়ির গ্রাউন্ড ফ্লোরে ডিসচার্জ ল্যান্ডিং এমন জায়গায় হইতে হইবে যেন বেইজমেন্টে সৃষ্টি অগ্নিকান্ডের তাপ ও ধোঁয়া এই সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে উঠিয়া অন্য কোনো তলায় বিস্তার লাভ করিতে না পারে। এ সিঁড়ির বেইজমেন্টের ল্যান্ডিং এরিয়া সেফটি লবি, তাপ ও ধোঁয়ামুক্ত কমপক্ষে ২ ঘন্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার ডোর দ্বারা সুরক্ষিত হইতে হইবে। বেইজমেন্টে ট্রাভেল ডিসটেন্ট ২০ মিটারের বেশি হইলে অতিরিক্ত আরও একটি সিঁড়ি স্থাপন নিশ্চিত করিতে হইবে।
শিল্প কলকারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থাদি (‘জি’-শ্রেণী)
প্রস্তাবিত বহুতল ‘জি’ শ্রেণীর ভবনের ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে ‘এ’ শ্রেণীর জন্য উল্লিখিত ব্যবস্থাসহ নিম্নলিখিত স্থায়ী অগ্নি নির্বাপণ, সতর্কীকরণ ও অন্যান্য ব্যবস্থাদি লিজেন্ডসহ প্রদর্শন বা চিহ্নিত করিতে হইবে, যথা:
-
১। রাস্তার প্রশস্ততা: শিল্প কারখানার সম্মুখস্থ প্রধান সড়কের প্রশস্ততা ন্যূনতম ১৫ মিটার হইতে হইবে। একই প্লটে পাশাপাশি একাধিক মালগুদাম বা কারখানা থাকিলে উহাদের সম্মুখস্থ অভ্যন্তরীণ রাস্তার প্রশস্ততা ন্যূনতম ৯ মিটার হইতে হইবে।
-
২। হাইড্রেন্ট স্থাপন: মিল কারখানার নিজস্ব ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা থাকিতে হইবে। ফায়ার হাইড্রেন্টের জন্য ন্যূনতম ২ লক্ষ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন জলাধার এবং হাইড্রেন্টে পানি সরবরাহ নিশ্চিত করিবার জন্য জলাধারের পাশে পাম্প হাউজ স্থাপন করিতে হইবে। পাম্প হাউজে ৫০০ জিপিএম ক্ষমতাসম্পন্ন ১টি মেইন পাম্প, ১টি স্ট্যান্ডবাই ডিজেল পাম্প ও ১টি জকি পাম্প স্থাপন করিতে হইবে। পাম্প সার্বক্ষণিক চালু রাখিবার জন্য পাম্প হাউজে ইমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে। হাইড্রেন্ট চালু অবস্থায় যাতে পর্যাপ্ত পানি সরবরাহ পায় তাহা নিশ্চিতকরনের জন্য জলাধার পুনঃ ভর্তিকরণ ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে। ভবন থেকে ন্যূনতম ৫ মিটার দূরত্বে প্রতি ১০০ ফিট/৩৩ মিটার পরপর হাইড্রেন্ট পয়েন্ট স্থাপন করিতে হইবে। প্রতিটি হাইড্রেন্ট পয়েন্টের পাশে হোজ বক্স স্থাপন করিয়া হোজ বক্সে ৭৫ ফিট/২২ মিটার দীর্ঘ আড়াই ইঞ্চি ডায়া ডেলিভারি হোজ ও ৩/৪ ইঞ্চি ডায়া বিশিষ্ট নজেলের ১টি অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ ও ১টি ডিফিউজার নজেল সংরক্ষণ করিতে হইবে। হোজ বক্সটি এমএস সিট দ্বারা তৈরি হইবে এবং এই বক্সের রং হইবে লাল এবং সম্মুখভাগে সাদা অক্ষরে লেখা থাকিবে ফায়ার হাইড্রেন্ট বক্স বা সংক্ষেপে লেখা থাকিবে F.S. বক্স। হাইড্রেন্টের পাম্প হাউজে সার্বক্ষণিকভাবে পাম্প ড্রাইভার নিয়োজিত রাখিতে হইবে। প্রতিটি হাইড্রেন্ট পয়েন্টে পানি প্রবাহের ন্যূনতম চাপ হইবে ৫ বার। হাইড্রেন্ট শিল্প কারখানায় এমনভাবে স্থাপন করিতে হইবে যেন সকল মালগুদাম বা কারখানা, অফিস ও অন্যান্য স্থাপনা ফায়ার হাইড্রেন্টের আওতায় আসে।
-
৩। বয়লার কক্ষ: বয়লার কক্ষ ওয়ার্কশপ সংলগ্ন হইলে বয়লার কক্ষের দেয়াল কমপক্ষে ৪ ঘন্টা ফায়ার রেটেড এবং দরোজা ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে। বয়লার কক্ষে হাইপ্রেশার ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড স্থাপন করিতে হইবে।
-
৪। অটো ভেন্ট স্থাপন: ওয়ার্কশপ ও ওয়্যার হাউজ ভবনে আগুনে সৃষ্ট তাপ ও ধোঁয়া দ্রুত বাহির করিবার জন্য অটো ভেন্ট স্থাপন করিতে হইবে। যে সকল কারখানা ও গুদামে রক্ষিত দাহ্যশীল পদার্থ অপেক্ষাকৃত কম বিপজ্জনক (LOW HAZARDS) সে সকল কারখানা ও গুদামের দরোজা স্থাপনেরও আনুপাতিক হার ১:১০০ তবে ভেন্ট এর ওপেনিং এমন ভাবে স্থাপন করিতে হইবে তা যেন প্রতি ৩০ মিঃ এর মাঝামাঝি স্থানে স্থাপিত হয়। অপেক্ষাকৃত বেশি দাহ্যশীল পদার্থের ক্ষেত্রে এ হার ১:৭৫ এবং ভেন্টের ওপেনিং প্রতি ২০ মিটারের মাঝে (সেন্টারে) স্থাপিত হইতে হইবে।
-
৫। জরুরি নির্গমন সিঁড়ি ও পথ: অতি দাহ্যশীল বিপজ্জনক পদার্থ প্রক্রিয়াকরণ শিল্প কলকারখানার ওয়ার্কশপ ও ওয়্যার হাউজের ক্ষেত্রে জরুরি নির্গমন সিঁড়ি ও পথ এবং ট্রাভেল ডিসট্যান্স অন্যান্য শিল্প কারখানার অনুরূপ হইবে। তবে ওয়ার্কশপ ও ওয়্যার হাউজ-এর মধ্যে ২ ঘণ্টা অগ্নি প্রতিরোধক সেপারেটেড দেয়াল থাকিতে হইবে।
-
৬। ভেন্টিলেশন স্থাপন: ওয়ার্কশপ ও ওয়্যার হাউজে ফ্লোর এরিয়া ন্যূনতম ২০% ভেন্টিলেশন স্থাপনেরও ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে। প্রতিটি ওয়ার্কশপের অভ্যন্তরে কারখানা আইন অনুযায়ী যথাযথ কারিগর ও চলাচলের পথ নিশ্চিত করিতে হইবে।
-
৭। মোবাইল ফায়ার ইঞ্জিনসহ অগ্নি নির্বাপক দল: শিল্প কারখানায় একাধিক ওয়ার্কশপ ও ওয়্যার হাউজ থাকিলে মোবাইল ফায়ার ইঞ্জিনসহ অগ্নি নির্বাপক দল নিয়োজিত রাখিতে হইবে। অগ্নি নির্বাপক দলে অধিদপ্তর হইতে বুনিয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত ন্যূনতম লিডার পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা দলপতি হিসেবে দায়িত্ব পালন করিবেন।
-
৮। জলাধার ব্যবহার: অগ্নি নির্বাপক ইউনিটের অগ্নি নির্বাপক গাড়ি-পাম্প যাহাতে সহজে জলাধারের কাছে পৌঁছাতে পারে এবং জলাধারে সহজে পাম্প ফিট করিয়া অগ্নি নির্বাপণ কাজ শুরু করিতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।
-
৯। ফায়ার এক্সটিংগুইসার: ওয়্যার হাউজ ও ওয়ার্কশপে প্রতি ৫০০ বর্গফুটের জন্য ১টি ন্যূনতম ৫ কেজি ড্রাই কেমিক্যাল পাউডার ফায়ার এক্সটিংগুইসার/৫ কেজি কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্র/৯ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়াটার টাইপ এক্সটিংগুইসার স্থাপন করিতে হইবে। তবে ওয়্যার হাউজ/ওয়ার্কশপ লাইসেন্সে যেরূপভাবে যে ধরনের এক্সটিংগুইসার স্থাপনের জন্য পরামর্শ প্রদান করা হইবে সেরূপ ভাবে স্থাপন নিশ্চিত করিতে হইবে।
-
১০। প্রশাসনিক অফিস: শিল্প কারখানার যে সকল ফ্লোর ওয়্যার হাউজ বা ওয়ার্কশপ হিসেবে ব্যবহৃত হইবে সে সকল তলায় প্রশাসনিক অফিস স্থাপন করা যাইবে না। প্রশাসনিক ভবন বাণিজ্যিক ভবন হিসেবে চিহ্নিত হইবে এবং ইহার জন্য ফায়ার লাইসেন্স গ্রহণ ও অগ্নি নির্বাপক ব্যবস্থাদি শিল্প কারখানার অন্যান্য ভবনাদির ন্যায় একই ধরনের হইতে হইবে। শিল্প কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত দাহ্যশীল কেমিক্যালস নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণ করিয়া আলাদা আলাদা কক্ষে সংরক্ষণ করিতে হইবে। ইহা ছাড়া যে সকল কাঁচামাল অক্সিডাইজিং এজেন্ট শ্রেণীর সে সকল কাঁচামাল পৃথক পৃথকভাবে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করিতে হইবে।
-
১১। অন্যান্য: উপরোল্লিখিত বিষয়াবলি ছাড়াও মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজন মনে করিলে আরো যে কোন বিষয় ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন।
-
১২। ভেন্ট শিল্প কলকারখানার প্রশাসনিক ভবনে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম স্থাপন করা থাকিলে সে ক্ষেত্রে এয়ার রিটার্ন ডাক্ট হইতে যাহাতে অগ্নিকান্ডে সৃষ্ট তাপ ও ধোঁয়া অন্য কোন কক্ষে বা তলায় ছড়াইতে না পারে তার জন্য এয়ার রিটার্ন ডাক্টের প্রত্যেক তলা ও কক্ষের এন্ট্রিতে অটো ডাম্পার স্থাপন নিশ্চিত করিতে হইবে।
-
১৩। শিল্প কারখানার গুদাম হিসাবে ব্যবহৃত ভবনের অভ্যন্তরে মালামাল সংরক্ষণের জন্য নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করিতে হইবে, যথা:
-
(ক) দেয়াল থেকে আড়াই ফিট দূরে মালামাল সংরক্ষণ করিতে হইবে;
-
(খ) মালামাল কাঠের পাটাতন এবং র্যাকে সংরক্ষণ করিতে হইবে;
-
(গ) উভয় পাটাতন ও র্যাকের মাঝখানে গ্যাংওয়ে থাকিবে এবং গ্যাংওয়ের প্রশস্ততা হইবে ন্যূনতম ৭ ফিট;
-
(ঘ) অক্সিডাইজিং, অতি দাহ্যশীল এবং বিপজ্জন দাহ্যশীল পদার্থ ও রাসায়নিক দ্রব্যসমূহ প্রতিটি পৃথক পৃথক কক্ষে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করিতে হইবে এবং প্রতিটি কক্ষে বিধি অনুযায়ী ভেন্টের ওপেনিং স্থাপন ও পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকিতে হইবে;
-
(ঙ) গুদামে সংরক্ষিত মালামালের স্তুপ বা স্টক এর উচ্চতা ছাদ হইতে ন্যূনতম ৩ ফিট নিচে থাকিবে;
-
(চ) গুদামের অভ্যন্তরে মেইন ওপেনিংয়ে বা প্রবেশদ্বারের নিকটবর্তী ২০×২০ বর্গফুট জায়গা খালি রাখিতে হইবে;
-
(ছ) প্রতিটি গুদামের বাহিরে মালামাল অস্থায়ী সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা থাকিতে হইবে;
-
(জ) গুদামের কোন অংশ অফিস, মালামাল যাচাই কক্ষ হিসেবে ব্যবহার করা যাইবে না;
-
(ঝ) গুদামের অভ্যন্তরে স্প্লিট বা উইন্ডো এসি সংযুক্ত করা যাইবে না।
-
১৪। কোন শিল্প কারখানায় বেইজমেন্ট থাকিলে বেইজমেন্ট কার পার্কিং ও সেবা সার্ভিসসমূহের জন্য ব্যবহার করা যাইবে। কোন মালামাল সংরক্ষণের জন্য বেইজমেন্ট ব্যবহার করা যাইবে না। বেইজমেন্টে কার পার্কিং ও ড্রাইভওয়ে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে অন্তর্ভুক্তি নিশ্চিত করিতে হইবে।
Last modified on September 24, 2026