Skip to main content

অংশ-১: দরপত্র বা প্রস্তাব দলিল প্রস্তুতকরণ

বিধি ৪। ক্রয়সংক্রান্ত দলিল এবং উহাতে অন্তর্ভুক্ত বিবরণাদি

  • (১) কোনো সরকারি ক্রয়ের ক্ষেত্রে প্রাকযোগ্যতা, দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ-সংবলিত দলিল বিপিপিএ কর্তৃক জারিকৃত এবং তফসিল-১-এ বর্ণিত আদর্শ দলিলসমূহ (Standard Documents) অনুযায়ী হইতে হইবে।
  • (২) পণ্য, কার্য, এবং ভৌতসেবা ক্রয়সংক্রান্ত দলিলসমূহে, ক্ষেত্রমতো, অন্যান্য বিষয়সহ নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে—
    • (ক) আবেদনপত্র বা দরপত্র প্রস্তুত ও উহা দাখিল সংক্রান্ত নির্দেশনা;
    • (খ) সীমিত দরপত্র পদ্ধতির আওতায় বিধি ৮০(১)(ঘ)-তে উল্লিখিত মূল্যমানের অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে, দরপত্র দলিলে কার্যের পরিমাণগত হিসাব-সংবলিত তফসিলে (Bill of Quantities) একক দরসহ দাপ্তরিক প্রাক্কলন (Official estimate);
    • (গ) উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে যে-কোনো মূল্যের কার্য ক্রয়ের ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলন ব্যতীত কার্যের পরিমাণগত হিসাব-সংবলিত তফসিল (Bill of Quantities);
    • (ঘ) আবেদনপত্র বা দরপত্র গ্রহণের সর্বশেষ সময়সীমা ও স্থান বা স্থানসমূহ বিষয়ক তথ্য;
    • (ঙ) দরপত্র গ্রহণ ও প্রকাশ্যে উন্মুক্তকরণের তারিখ, সময় (স্থানীয়) ও স্থান-সম্পর্কিত তথ্য;
    • (চ) দরপত্র দাখিল শিট (Tender submission sheet) এবং প্রযোজ্য ক্ষেত্রে, দরপত্র জামানত, কার্যসম্পাদন জামানত (Performance security) এবং উৎপাদনকারী কর্তৃক প্রদত্ত অধিকারপত্রের (Manufacturer’s authorization) ছক;
    • (ছ) আবেদনপত্র বা দরপত্রের কত কপি মূলকপির সহিত দাখিল করিতে হইবে উহার সংখ্যা;
    • (জ) চুক্তির সাধারণ এবং বিশেষ শর্তাদি;
    • (ঝ) চাহিদাকৃত পণ্য বা কার্য বা ভৌতসেবার বিস্তারিত বিনির্দেশের (Specification) বিবরণ;
    • (ঞ) দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়নোত্তর যোগ্যতা প্রতিপাদনের উদ্দেশ্যে দরপত্রদাতা কর্তৃক যোগ্যতার সমর্থনে প্রামাণিক তথ্য;
    • (ট) যে মেয়াদের জন্য দরপত্র বৈধ থাকিবে সেই মেয়াদ;
    • (ঠ) প্রাকযোগ্যতার আবেদনপত্র বা দরপত্র মূল্যায়নের জন্য বিবেচ্য যোগ্যতা ও অন্যান্য নির্ণায়কসমূহ এবং উহা মূল্যায়নের ভিত্তি;
    • (ড) দরপত্রদাতা আইনের ধারা ৬৪-তে বর্ণিত কোনো দুর্নীতি, প্রতারণা, চক্রান্ত, জবরদস্তি বা প্রতিবন্ধকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হইবে না মর্মে দরপত্র দলিলে নির্দেশিত ফর্মে অঙ্গীকার প্রদান বিষয়ক একটি অবশ্য পূরণীয় শর্ত;
    • (ঢ) ক্রয়কারী যে-কোনো বা সকল আবেদনপত্র, দরপত্র বা কোটেশন বাতিল করিতে পারিবে মর্মে একটি বিবরণ বা ঘোষণা;
    • (ণ) দরপত্র দলিলের শর্ত বা উহাতে প্রদত্ত তথ্য সম্পর্কে ব্যাখ্যাপ্রদানের জন্য, প্রযোজ্য ক্ষেত্রে, সম্ভাব্য দরপত্রদাতাগণের সহিত প্রাকদরপত্র সভা অনুষ্ঠান সংক্রান্ত একটি শর্ত;
    • (ত) আবেদনকারী বা দরপত্রদাতা বিধি ৭৩ অনুসারে কাহার নিকট অভিযোগ দায়ের করিবে সেই বিষয়ে আবেদনপত্র উপাত্ত শিট (Application data sheet) বা দরপত্র উপাত্ত শিট (Tender data sheet) এ উল্লেখ; এবং
    • (থ) দরপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা উত্তীর্ণের পূর্বে যে কোনো সময় দরপত্র সংশোধন প্রতিস্থাপন বা প্রত্যাহারের জন্য দরপত্রদাতাকে অনুমতি প্রদান করা যাইবে মর্মে একটি শর্ত।
  • (৩) ক্রয়কারীকে দরপত্র বা প্রস্তাব দলিলে নিম্নবর্ণিত তথ্য ও শর্তাদি উল্লেখ করিতে হইবে—
    • (ক) সম্পাদিতব্য কার্য বা ভৌতসেবার বিবরণ;
    • (খ) কার্যের অবস্থান ও নকশা (Drawings);
    • (গ) প্রদেয় পণ্য ও সংশ্লিষ্ট সেবার বিবরণ;
    • (ঘ) পণ্যসরবরাহ, কার্যসম্পাদন বা সেবাসম্পাদনের স্থান ও কর্মপরিকল্পনা;
    • (ঙ) কার্যসম্পাদনে অবশ্যপূরণীয় ন্যূনতম শর্ত;
    • (চ) চুক্তি বাস্তবায়নে দরদাতার সক্ষমতা বা Tenderer’s capacity নিরূপণের লক্ষ্যে দরপত্র দলিলে প্রদত্ত সুনির্দিষ্ট ক্লজ ও ফরমুলা;
    • (ছ) ওয়ারেন্টি, ক্রটিজনিত দায় (Defects liability) ও রক্ষণাবেক্ষণের শর্তাদি;
    • (জ) দরপত্রদাতাগণ যে মুদ্রায় বা মুদ্রাসমূহে দরপত্র দাখিল করিতে পারিবে সেই মুদ্রা বা মুদ্রাসমূহের নাম এবং বিনিময় মূল্য প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য তারিখ;
    • (ঝ) দরপত্র জামানত ও কার্যসম্পাদন জামানতের পরিমাণ এবং মুদ্রা বা মুদ্রাসমূহের নাম;
    • (ঞ) চুক্তিমূল্য (Contract price) পরিশোধের শর্ত ও পদ্ধতি;
    • (ট) প্রযোজ্য ক্ষেত্রে, ন্যূনতম বিমা কাভারেজ; এবং
    • (ঠ) প্রাসঙ্গিক অন্য কোনো শর্ত।
  • (৪) সরবরাহের জন্য নির্দিষ্টকৃত পণ্য বা সরঞ্জামাদি অথবা সম্পাদিতব্য কার্য কারিগরি বিনির্দেশের সহিত সংগতিপূর্ণ কি না উহা নির্ধারণ করিবার জন্য যে পরীক্ষা (Test), মান ও পদ্ধতি প্রয়োগ করা হইবে উহা, প্রযোজ্য ক্ষেত্রে, দরপত্র দলিলে সঠিকভাবে উল্লেখ করিতে হইবে।
  • (৫) কারিগরি বিনির্দেশসমূহ এমনভাবে প্রস্তুত করিতে হইবে যেন উহা অসীমাবদ্ধকর (Non-restrictive) এবং পক্ষপাতহীন ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিতকরণে সহায়ক হয় এবং দরপত্র দলিলে অন্তর্ভুক্ত নকশার সহিত সংগতিপূর্ণ হয়।
  • (৬) ক্রয়কারী দরপত্র দলিল প্রস্তুত করিবার সময় প্রয়োজনে ক্রয়কারী দপ্তর বা সংস্থা বহির্ভূত বিশেষজ্ঞগণের সহায়তাও গ্রহণ করিতে পারিবে।
  • (৭) চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন দলিলের মধ্যে অগ্রগণ্যতার ক্রম (Precedence) হইবে নিম্নরূপ:
    • (ক) স্বাক্ষরিত চুক্তিপত্র (Contract agreement);
    • (খ) চুক্তিসম্পাদন নোটিশ (Notification of award);
    • (গ) দরপত্র ও উহার পরিশিষ্ট (Tender and the appendix to tender);
    • (ঘ) চুক্তির বিশেষ শর্তাদি (Particular conditions of contract);
    • (ঙ) চুক্তির সাধারণ শর্তাদি (General conditions of contract);
    • (চ) কারিগরি বিনির্দেশ (Technical specifications);
    • (ছ) পরিবেশগত ও সামাজিক বিনির্দেশ (Environmental and social specifications)
    • (জ) সাধারণ বিনির্দেশ (General specifications);
    • (ঝ) নকশা (Drawings);
    • (ঞ) কার্যের মূল্যযুক্ত পরিমাণগত হিসাব-সংবলিত তফসিল (Priced bill of quantities) বা আবশ্যকীয় পণ্যের মূল্য-সংবলিত তফসিল (Priced schedule of requirements); এবং
    • (ট) পত্র যোগাযোগসহ সংশ্লিষ্ট অন্য কোনো দলিল।
  • (৮) পরামর্শকসেবা ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় দলিল (প্রস্তাব দাখিলের অনুরোধ ও কার্যপরিধি) এই বিধিমালার ষষ্ঠ অধ্যায়ের বিধান অনুসরণে প্রস্তুত করিতে হইবে।
  • (৯) বিকল্প ডিজাইন, দ্রব্যাদি (Materials), কার্যসম্পন্নের তফসিল, অর্থপরিশোধ পদ্ধতি বা অন্য কোনো শর্তের ভিত্তিতে দরপত্র দাখিলের সুযোগ প্রদান করিবার ক্ষেত্রে উক্ত বিষয়সমূহের গ্রহণযোগ্যতার শর্ত ও মূল্যায়ন পদ্ধতি দরপত্র দলিলে উল্লেখ করিত হইবে।
  • (১০) পণ্যসরবরাহের জন্য লটভিত্তিক (Lot-by-lot basis) দরপত্র আহ্বান করা হইলে, প্রতিটি লটই একটি দরপত্র হিসাবে গণ্য হইবে এবং উক্ত ক্ষেত্রে দরপত্র উপাত্ত শিটে (Tender data sheet) এই মর্মে সুস্পষ্টভাবে উল্লেখ করা যাইতে পারে যে, প্রত্যেক লটের অধীন মোট আইটেমসমূহের কমপক্ষে ৮০% (শতকরা আশি ভাগ) এবং প্রাক্কলিত লট মূল্যের কমপক্ষে ৬৫% (শতকরা পঁয়ষট্টি ভাগ) এর জন্য দরপত্র দাখিল না করা হইলে উক্ত দরপত্র অগ্রহণযোগ্য (Non-reponsive) বলিয়া বিবেচিত হইবে; অথবা কোনো লট-টেন্ডারের কোনো একটি আইটেমের মূল্য প্রাক্কলিত লট মূল্যের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) এর অধিক হইলে, দরপত্র উপাত্ত শিটে এই মর্মে উল্লেখ করিতে হইবে যে কোনো লট বা টেন্ডারে উক্ত আইটেমের মূল্য অন্তর্ভুক্ত না করা হইলে, মোট আইটেমসমূহের মধ্যে শতকরা হিসাবে ন্যূনতম যে সংখ্যক আইটেমের জন্য দরপত্র দাখিল করিতে হইবে বলিয়া দরপত্র উপাত্ত শিটে উল্লেখ করা হইয়াছে, সেই শর্তপূরণ করিলেও উক্ত লট-টেন্ডার অগ্রহণযোগ্য বলিয়া বিবেচিত হইবে।
  • (১১) এক বা একাধিক আইটেমের জন্য আইটেমভিত্তিক (Item-by-item basis) পণ্য সরবরাহের নিমিত্ত দরপত্র আহ্বানের ক্ষেত্রে প্রত্যেক আইটেমের জন্য প্রদত্ত দরপ্রস্তাব (Offer) উক্ত আইটেমের অধীন পূর্ণ পরিমাণের জন্য প্রদান করিতে হইবে ও উহা একটি দরপত্র হিসাবে গণ্য হইবে এবং আলাদাভাবে প্রতিটি আইটেম দাখিলের সুযোগ প্রদানের জন্য দরপত্র দাখিল শিটে (Tender submission sheet) একটি টেবিল সংযোজন করিয়া উক্ত শিট সংশোধন করিতে হইবে।
  • (১২) উপবিধি (১)-এ যাহা কিছু থাকুক না কেন, ক্রয়কারী, কোনো নির্দিষ্ট ধরনের ক্রয়ের প্রয়োজনে উক্ত উপবিধিতে উল্লিখিত দলিলসমূহে অন্তর্ভুক্ত আবেদনপত্র উপাত্ত শিট, দরপত্র উপাত্ত শিট বা চুক্তির বিশেষ শর্তসমূহে, আইন ও এই বিধিমালার সহিত অসামঞ্জস্য নহে এইরূপ প্রয়োজনীয় পরিবর্তন বা সংযোজন করিতে পারিবে।
  • (১৩) বিপিপিএ, তৎকর্তৃক জারীকৃত আদর্শ দলিলসমূহ উহার ওয়েবসাইটে প্রকাশ করিবে।
  • (১৪) কোনো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রয়পদ্ধতি এবং ক্রয়ের ধরনের আলোকে বিপিপিএ কর্তৃক আদর্শ দলিল প্রকাশিত না হইলে ক্রয়কারী উন্নয়ন সহযোগী বা আন্তর্জাতিকভাবে সুবিদিত কোনো সংস্থা কর্তৃক প্রকাশিত আদর্শ দলিল বিপিপিএ-এর পূর্বানুমোদনক্রমে, ব্যবহার করিতে পারিবে।

বিধি ৫। বিশেষ কোনো দরপত্রের ক্ষেত্রে অবশ্যপূরণীয় শর্ত সংশোধন

  • (১) ক্রয়কারী বিশেষ কোনো দরপত্রের জন্য অবশ্যপূরণীয় শর্ত সম্প্রসারিত বা সংশোধন করিতে পারিবে, যথা:—
    • (ক) টার্ন কি (Turn key) চুক্তি, যাহার ডিজাইন প্রণয়ন, নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন এবং চালুকরণ (Commissioning) সম্পর্কিত দায়িত্ব কোনো ঠিকাদারের উপর বর্তায়, সেই সকল কার্য কোনো দরপত্রদাতা কর্তৃক সমন্বিতভাবে সম্পাদন করিবার সামর্থ্য আছে কি না বা উহার জন্য ক্রয়কারীর পৃথক বা বিশেষ কোনো শর্ত প্রতিপালন আবশ্যক কি না উহা নিশ্চিত করিবার উদ্দেশ্যে দরপত্র দলিলে অতিরিক্ত বা বিশেষ তথ্য প্রদানের জন্য; বা
    • (খ) কোনো ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কারীর প্রয়োজনীয়তার নিরিখে অথবা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি বা সেক্টরের প্রচলিত রীতি-নীতি অনুযায়ী অতিরিক্ত বা ভিন্নতর তথ্যপ্রদানের জন্য।
  • (২) লটের ভিত্তিতে পণ্য ও কার্যক্রয়ের ক্ষেত্রে প্রত্যেক লটের জন্য এবং লটের সমষ্টির জন্য যোগ্যতার ন্যূনতম শর্ত নির্ধারণ করা যাইতে পারে।

বিধি ৬। টেকসই ক্রয়ের ক্ষেত্রে বিচার্য বিষয়

  • (১) বিপিপিএ টেকসই ক্রয় নিশ্চিতকরণার্থে টেকসই ক্রয় নীতিমালা (Sustainable public procurement policy) প্রণয়ন করিবে এবং তদনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে, ক্রয়কারী ক্রয়কার্য সম্পাদন করিবে।
  • (২) ক্রয়কারী ক্রয়ের আর্থিক উদ্দেশ্য বা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে এমন বিষয়াদি এবং শ্রমিকদের মজুরি ও তৎসংশ্লিষ্ট সামাজিক সুযোগ-সুবিধা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শিশুশ্রম নিষিদ্ধকরণ, ইত্যাদি সংক্রান্ত কোনো বিধানের সহিত সংগতিপূর্ণ শর্তসমূহ অন্তর্ভুক্ত করিয়া ক্রয়সংক্রান্ত দলিল প্রণয়ন করিতে পারিবে।

বিধি ৭। দরপত্র মূল্য নির্ধারণে অনুসরণীয় বিধান

  • (১) কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে কোনো পণ্যসরবরাহ বা কোনো কার্যসম্পাদন বা স্থাপনের (Installation) মূল্যসহ ইকনোমিক অপারেটর কর্তৃক প্রদেয় সকল সংশ্লিষ্ট ও সহায়ক সেবার মূল্যের ভিত্তিতে দরপত্র আহ্বান করিতে হইবে।
  • (২) প্রযোজ্য ক্ষেত্রে, ইকনোমিক অপারেটর কর্তৃক মূল্যসংযোজন কর ও শুল্কসহ যে কর প্রদেয় হইবে তাহা আলাদা আলাদাভাবে দরপত্র দলিলের মূল্য তফসিলে উল্লেখ করিতে হইবে।
  • (৩) দরপত্র দলিলে উল্লেখ থাকিবে যে—
    • (ক) দরপত্রের মূল্য স্থির বা নির্দিষ্ট থাকিবে; বা
    • (খ) কোনো চুক্তির মুখ্য অংশের যেমন—শ্রম, যন্ত্রপাতি, উপাদান, জ্বালানি মূল্যের ঊর্ধ্বমুখ বা অধোমুখ, পরিবর্তনের ফলে দরপত্র মূল্যসমন্বয় করা যাইতে পারে।
  • (৪) কার্য বা ভৌতসেবা ক্রয়ে কোনো চুক্তিবাস্তবায়নের ক্ষেত্রে ১৮ (আঠারো) মাসের বেশি সময় আবশ্যক হইলে, সেইক্ষেত্রে দরপত্র দলিলে বর্ণিত ফরমুলা অনুসরণক্রমে মূল্যসমন্বয় করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ক্রয়কারী, ১৮ (আঠারো) মাসের কম সময় আবশ্যক এইরূপ চুক্তির ক্ষেত্রে, ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে, প্রয়োজনে, দরপত্র দলিলে মূল্যসমন্বয়ের ব্যবস্থা রাখিতে পারিবে: আরও শর্ত থাকে যে, স্থিরমূল্য (Fixed priced) চুক্তিতে প্রত্যাশিত কার্যসমাপ্তির বা সেবাসম্পাদনের তারিখ সম্প্রসারণ করিয়া মোট চুক্তি বাস্তবায়নকাল ১৮ (আঠারো) মাস অতিক্রান্ত হইলে সেই ক্ষেত্রে মূল্যসমন্বয় করা যাইবে না বা সেই মোতাবেক অর্থপরিশোধ করা যাইবে না।
  • (৫) সাধারণ বাণিজ্যিক রীতি-নীতির আওতায় সরবরাহের সময়সীমা নির্বিশেষে কোনো পণ্য নির্দিষ্ট মূল্যে সংগ্রহের ক্ষেত্রে মূল্যসমন্বয়ের শর্ত আরোপ করা যাইবে না।
  • (৬) ‘ডে ওয়ার্কস’ বাবদ যেসকল আইটেমের দর প্রদান করিতে হইবে কার্যের পরিমাণগত হিসাব-সংবলিত বিবরণীতে উক্ত আইটেমসমূহের প্রত্যেকটির প্রাক্কলিত পরিমাণ উল্লেখ করিতে হইবে।
  • (৭) ক্রয়কারী, উহার নিজস্ব বিবেচনায়, দরপত্র দলিলে বিশদভাবে বর্ণিত মতে মনোনীত সহঠিকাদারের পাওনা, মূল্য সমন্বয়জনিত সম্ভাব্য ব্যয়ের নিমিত্ত প্রাক্কলিত অর্থ এবং অন্যান্য ব্যয় মিটানোর উদ্দেশ্যে কার্যের পরিমাণগত হিসাব-সংবলিত বিবরণীতে প্রভিশনাল সামের (Provisional sum) সংস্থান করিতে পারিবে।

বিধি ৮। ক্রয়সংক্রান্ত দলিল বিতরণ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ

কোনো ব্যক্তির অনুকূলে প্রাকযোগ্যতা, কোটেশন, আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ-সংবলিত দলিল জারি করিবার ক্ষেত্রে ক্রয়কারী নিম্নবর্ণিত তথ্য সংরক্ষণ করিবে—
  • (ক) ক্রয়সংক্রান্ত দলিল জারি সংক্রান্ত রেফারেন্স নম্বর;
  • (খ) ব্যক্তির নাম ও ডাক যোগাযোগের ঠিকানা;
  • (গ) টেলিফোন বা সেলফোন নম্বর ও ই-মেইল; এবং
  • (ঘ) ক্রয়কারী কর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত অন্য কোনো প্রয়োজনীয় তথ্য।

অংশ-২: ক্রয় কমিটিসমূহ এবং বিশেষ ধরনের ক্রয়

বিধি ৯। বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি

  • (১) দরপত্র বা প্রস্তাব দাখিলের অনুরোধ-সংবলিত দলিল চূড়ান্তকরণের পূর্বে বা দরপত্র বা প্রস্তাব আহ্বানের পূর্বে উন্নয়ন বা পরিচালন বাজেট নির্বিশেষে, ক্রয়কারী, তফসিল-২-এ উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে একটি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি গঠন করিবে।
  • (২) উপবিধি (১) অনুযায়ী গঠিত বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি পণ্য, কার্য, ও ভৌতসেবা ক্রয়ে কারিগরি বা কার্যসম্পাদন বিনির্দেশ বা বুদ্ধিবৃত্তিক ও পেশাগতসেবা ক্রয়ে কর্মপরিধি প্রণয়ন করিবে এবং পরবর্তীকালে বাজার দর যাচাই বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত দর তফসিল মোতাবেক দাপ্তরিক ব্যয়প্রাক্কলন প্রণয়ন করিবে।

বিধি ১০। উন্মুক্তকরণ কমিটি

  • (১) ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা বা ক্রয়কারী কার্যালয় প্রধানের নিম্ন পর্যায়ের কোনো অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতো, তফসিল-২-এ উল্লিখিত সদস্যদের সমন্বয়ে দরপত্র বা প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি গঠন করিবে।
  • (২) ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে উন্মুক্তকরণ কমিটির প্রয়োজন হইবে না।

বিধি ১১। মূল্যায়ন কমিটির গঠন

  • (১) আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব দাখিলের আহ্বান জারি করিবার প্রাক্কালে, কিন্তু আবশ্যিকভাবে আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব দাখিলের জন্য নির্ধারিত তারিখের পূর্বের যে-কোনো তারিখে, তফসিল-২-এ প্রদত্ত নির্দেশনা অনুসারে দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করিতে হইবে।
  • (২) উপবিধি (১) অনুসারে গঠিত মূল্যায়ন কমিটিতে মূল্যায়নের জন্য আবশ্যক জ্ঞানসম্পন্ন সদস্যদের পদবির ভিত্তিতে অন্তর্ভুক্ত করিতে হইবে: তবে শর্ত থাকে যে, মূল্যায়ন কমিটিতে সদস্য মনোনয়নের ক্ষেত্রে সরকারি ক্রয় বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাগণকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
  • (৩) অনুমোদনকারী কর্তৃপক্ষ মূল্যায়ন কমিটি গঠন করিবে, তবে যদি পরিচালনা পর্ষদ বা মন্ত্রণালয় অনুমোদনকারী কর্তৃপক্ষ হয় বা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশকারী কর্তৃপক্ষ হয়, তাহা হইলে পরিচালনা পর্ষদের সভাপতি বা মন্ত্রণালয় বা বিভাগের সচিবের অনুমোদনক্রমে মূল্যায়ন কমিটি গঠন করিতে হইবে।
  • (৪) উপবিধি (৩)-এ বর্ণিত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ক্রয়কারী সাধারণভাবে একটি মূল্যায়ন কমিটি গঠন করিবে, তবে অনুমোদনকারী কর্তৃপক্ষ ভিন্ন হইলে অথবা ভিন্ন বৈশিষ্ট্য বা ধরনের ক্রয়ের জন্য আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব মূল্যায়নের নিমিত্ত একাধিক মূল্যায়ন কমিটি গঠন করিতে পারিবে।
  • (৫) মূল্যায়ন কমিটির সদস্যদের নিম্নবর্ণিত কার্যালয় বা সংস্থা হইতে নির্বাচন করা যাইতে পারে, যথা:—
    • (ক) ক্রয়কারীর কার্যালয়ের অন্তর্ভুক্ত বা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের (যেমন-আর্থিক, বাণিজ্যিক ও কারিগরি ইউনিটসমূহ) কর্মকর্তাবৃন্দ;
    • (খ) ক্রয়কারী কার্যালয়ের প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ বা উহার অধীন অন্য কোনো সংস্থার কর্মকর্তাবৃন্দ;
    • (গ) উপকারভোগী বা ব্যবহারকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ; এবং
    • (ঘ) বহিঃসদস্যদের ক্ষেত্রে, কারিগরি, বাণিজ্যিক, আর্থিক, সরকারি ক্রয় বা আইন বিষয়ে অন্য যে-কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা উহার অধীন কোনো দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় বা খ্যাতিসম্পন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ বা জাতীয় ক্রয় প্রশিক্ষক বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ।
  • (৬) বিধি ৪৮ অনুসারে মূল্যায়ন প্রতিবেদন পুনরীক্ষণ ও অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করিবার উদ্দেশ্য, মূল্যায়ন কমিটি গঠনের সময় অনুমোদনকারী কর্তৃপক্ষ এই মর্মে নিশ্চয়তা বিধান করিবে যেন উহার সদস্যগণ ন্যায়নিষ্ঠ ও যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা বা পেশাজীবী হন।
  • (৭) অনুমোদনকারী কর্তৃপক্ষ মূল্যায়ন কমিটি গঠনের সময় একজন সদস্যকে উহার সদস্য-সচিব হিসাবে মনোনীত করিবে।
  • (৮) সভার নোটিশ মূল্যায়ন কমিটির সকল সদস্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং সভার বৈধতার জন্য উপবিধি (১)-এর বিপরীতে তফসিল-২- এ বর্ণিত ন্যূনতমসংখ্যক সদস্যের উপস্থিতি আবশ্যক হইবে।
  • (৯) মূল্যায়ন কমিটি মূল্যায়ন শুরু করিবার পর হইতে যতটা সম্ভব একনাগাড়ে কাজ করিবে যাহাতে বিধি ৪৮-এর অধীন নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন সম্পন্ন করা সম্ভব হয়।
  • (১০) মূল্যায়ন কমিটির সদস্যগণ নিজ নিজ দায়িত্বে আইন, এই বিধিমালা ও আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব দলিলের বিধান ও শর্তাদি অনুসরণক্রমে—
    • (ক) আবেদনপত্র, দরপত্র, আগ্রহ ব্যক্তকরণ পত্র বা প্রস্তাব পরীক্ষা ও মূল্যায়ন করিবে;
    • (খ) সুপারিশসহ একটি মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করিবে; এবং
    • (গ) মূল্যায়ন প্রতিবেদন বিধি ৪৮ মোতাবেক অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে।
  • (১১) মূল্যায়ন কমিটি গঠিত হইবার পর, গঠন অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো সদস্যকে উক্ত কমিটি হইতে, অপসারণ করা যাইতে পারে—
    • (ক) যদি কোনো সদস্য, নিরপেক্ষভাবে কর্মসম্পাদন অব্যাহত রাখা সত্ত্বেও, কোনো আবেদনকারী বা দরপত্রদাতার সহিত তাহার সম্পর্কের বিষয়টি প্রকাশ না করে; বা
    • (খ) যদি কোনো সদস্য পর পর দুইবার মূল্যায়ন কমিটির সভায় অনুপস্থিত থাকে; বা
    • (গ) যদি আইনের ধারা ৬৪-এর বিধান লঙ্ঘন করিয়া থাকে; বা
    • (ঘ) কোনো সদস্যের বদলি, মৃত্যু বা দেশে অনুপস্থিতি।
  • (১২) উপবিধি (১১)-এর অধীন দরপত্র মূল্যায়ন কমিটির কোনো সদস্য অপসারণ করা হইলে উপবিধি (২) অনুসারে সদস্য প্রতিস্থাপন করিতে হইবে।
  • (১৩) কোনো সদস্যের সহিত ব্যবসায়িক বা অন্য কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে এইরূপ কোনো দরপত্রদাতার নিকট হইতে দরপত্র প্রাপ্ত হইলে, উক্ত সদস্যের পরিবর্তে অন্য একজন সদস্য নির্বাচন করিতে হইবে।
  • (১৪) মূল্যায়ন কমিটির প্রত্যেক সদস্য—
    • (ক) এককভাবে পক্ষপাতহীনতার নিম্নবর্ণিত ঘোষণা সংবলিত একটি বিবৃতি স্বাক্ষর করিবে, যথা:— “আমি ------------ (নাম ও পদবি) এই মর্মে ঘোষণা ও নিশ্চয়তা প্রদান করিতেছি যে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোনো দরপত্রদাতা বা আবেদনকারীর সহিত আমার ব্যবসায়িক বা অন্য কোনোরূপ সম্পর্ক নাই।”; এবং
    • (খ) যৌথভাবে নিম্নবর্ণিত প্রত্যয়নপত্র স্বাক্ষর করিবে, যথা:— “মূল্যায়ন কমিটি এই মর্মে প্রত্যয়ন করিতেছে যে, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও তদধীন প্রণীত বিধিমালা এবং নির্ধারিত আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব দলিলের বিধান ও শর্ত অনুসরণক্রমে মূল্যায়ন সম্পন্ন করা হইয়াছে এবং মূল্যায়ন প্রতিবেদনে প্রদত্ত সকল তথ্য ও বর্ণনা সঠিকভাবে প্রতিফলিত করা হইয়াছে এবং কোনো গুরুত্বপূর্ণ ও মৌলিক তথ্য বাদ দেওয়া হয় নাই।”
  • (১৫) বিশেষ কোনো দরপত্র বা প্রস্তাব মূল্যায়নে কারিগরি সহায়তা আবশ্যক বলিয়া মূল্যায়ন কমিটির নিকট অনুভূত হইলে, ক্রয়কারী কার্যালয় প্রধান বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা তফসিল-২ অনুসারে একটি কারিগরি সাব-কমিটি গঠন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, দরপত্র মূল্যায়ন কমিটির কোনো সদস্যকে সংশ্লিষ্ট কারিগরি সাব-কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা যাইবে না।
  • (১৬) মূল্যায়ন কমিটির প্রতিবেদনের সহিত আবেদনপত্র, দরপত্র বা প্রস্তাব আহ্বান হইতে শুরু করিয়া প্রতিটি পর্যায়ে যে সময় ব্যয়িত হইয়াছে তাহা উপবিধি (১৭)-এ বর্ণিত চেকলিস্টে প্রদশনপূর্বক মূল্যায়ন প্রতিবেদনের সহিত সংযুক্ত করিয়া অনুমোদন প্রক্রিয়া মোতাবেক পরবর্তী যে কর্মকর্তার নিকট মূল্যায়ন প্রতিবেদন দাখিল করিবার কথা তাহার নিকট প্রেরণ করিতে হইবে এবং অনুরূপভাবে উক্ত কর্মকর্তা তাহার পর্যায়ে ব্যয়িত সময় চেকলিস্টে অন্তর্ভুক্ত করিয়া মূল্যায়ন প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবে।
  • (১৭) উপবিধি (১৬)-এ বর্ণিত চেকলিস্টসমূহ ক্ষেত্রমতো তফসিল-৩-এর অংশ-ক, অংশ-খ এবং অংশ-গ অনুযায়ী হইতে হইবে।

বিধি ১২। মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসাবে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা

  • (১) যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ মন্ত্রণালয় বা তদূর্ধ্বের কর্তৃপক্ষ, সেইক্ষেত্রে ক্রয়কারীর প্রশাসনিক মন্ত্রণালয় বা এর অধীন কোনো সংস্থার কর্মকর্তা মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসাবে নিযুক্ত হইতে পারিবেন না।
  • (২) কোনো বিশেষ ধরনের মূল্যায়নের ক্ষেত্রে, কোনো সরকারি, স্বায়ত্তশাসিত আধা-স্বায়ত্তশাসিত, বিশ্ববিদ্যালয় বা সুখ্যাতি রহিয়াছে এমন কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণ বা সংশ্লিষ্ট বিষয়ে প্রখ্যাত বিশেষজ্ঞগণকে এই বিধি ও বিধি ১১-এ বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে, মূল্যায়ন কমিটিতে ক্রয়কারীর কার্যালয় বহির্ভূত সদস্য হিসাবে নিযুক্ত করা যাইবে।
  • (৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে সংশ্লিষ্টতা রহিয়াছে এরূপ কাহাকেও মূল্যায়ন কমিটির সদস্য নিয়োগ করা যাইবে না—
    • (ক) সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়নের জন্য নির্ধারিত প্রাকযোগ্যতার আবেদনপত্র, দরপত্র, আগ্রহব্যক্তকরণপত্র বা প্রস্তাব দাখিলে সম্ভাবনা রহিয়াছে বা দাখিল করা হইয়াছে এইরূপ কোনো ব্যক্তির সহিত তাহার ব্যবসায়িক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকিলে; বা
    • (খ) নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব হইবে না এইরূপ কোনো স্বার্থ জড়িত থাকিলে।

বিধি ১৩। মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্বকরণ

  • (১) নিম্নবর্ণিত কর্মকর্তাগণ মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্ব করিবেন, যথা—
    • (ক) অনুমোদনকারী কর্তৃপক্ষের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা, যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক বা আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী আঞ্চলিক, উপআঞ্চলিক, জেলা বা উপজেলার ক্ষমতাপ্রাপ্ত কোনো পর্যায়ের কর্মকর্তা হন;
    • (খ) উপজেলা বা অন্য কোনো পর্যায়ের অনুমোদনকারী কর্তৃপক্ষ, যদি উক্ত পর্যায়ে অনুমোদনকারী কর্তৃপক্ষের নিম্নে কোনো প্রথম শ্রেণির কর্মকর্তা না থাকে; বা
    • (গ) ক্রয়কারী কার্যালয় প্রধানের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা, যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধান হন; বা
    • (ঘ) ক্রয়কারী কার্যালয় প্রধান, যদি অনুমোদনকারী কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদ, বা মন্ত্রণালয়, বা সুপারিশকারী কর্তৃপক্ষ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হয়; বা
    • (ঙ) ক্রয়কারী কার্যালয় প্রধান দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হইতে অপারগ হইলে অথবা যেক্ষেত্রে তিনি কারিগরি মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের এখতিয়ার রাখেন, তাহার অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা; বা
    • (চ) কোনো মন্ত্রণালয়ের নিজস্ব ক্রয়ের ক্ষেত্রে, যেখানে সচিব স্বয়ং ক্রয়কারী কার্যালয় প্রধান, সেইক্ষেত্রে সচিবের অব্যবহিত নিম্ন পদমর্যাদার কোনো কর্মকর্তা।
  • (২) কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)-এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানি যদি কোনো ক্রয়ের ক্ষেত্রে সরকারি রাজস্ব বা উন্নয়ন বাজেটের আওতায় প্রাপ্ত সরকারি তহবিল ব্যবহার করে, তাহা হইলে মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্ব করিবার ক্ষেত্রে উক্ত কোম্পানি, সরকারি তহবিলের ক্ষেত্রে এই বিধিমালার বিধান এবং নিজস্ব তহবিলের ক্ষেত্রে কোম্পানি আইনের অধীন প্রযোজ্য নিজস্ব প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করিবে।

বিধি ১৪। তালিকাভুক্তিকরণ কমিটি (Enlistment committee) গঠন

ক্রয়কারী বিশেষ বিশেষ ক্রয়পদ্ধতি প্রয়োগের উদ্দেশ্যে সম্ভাব্য দরদাতাগণের তালিকা প্রণয়নের লক্ষ্যে তফসিল-২-এ বর্ণিত সদস্যগণের সমন্বয়ে একটি তালিকাভুক্তিকরণ কমিটি গঠন করিবে যাহারা অতঃপর এই বিধিমালায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করিয়া তালিকাভুক্তিকরণের নিমিত্ত বাছাইকৃত ব্যক্তিদের নাম ও অপরাপর বৃত্তান্ত সুপারিশ করিবে।

বিধি ১৫। ভেরিয়েশন প্রতিপাদন কমিটি (Variation assessment committee) গঠন

এই বিধিমালার অধীন ভেরিয়েশন অর্ডার বা অতিরিক্ত সরবরাহ আদেশ প্রক্রিয়াকরণে চুক্তিপরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষাপূর্বক ইহার পরিপ্রেক্ষিত ও ভেরিয়েশন মূল্য বা অতিরিক্ত আদেশসংশ্লিষ্ট মূল্যের যথার্থতা প্রতিপাদনের নিমিত্ত ক্রয়কারী কার্যালয় প্রধান বা অনুমোদনকারী কর্তৃপক্ষের (যেক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষ ক্রয়কারী কার্যালয় প্রধানের নিম্ন পদমর্যাদার কোনো কর্তৃপক্ষ) দপ্তরে ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বহির্ভূত কোনো সংস্থা বা কর্তৃপক্ষের ন্যূনতম ০১ (এক) জন সদস্যসহ অনধিক ০৩ (তিন) জন সদস্য সমন্বয়ে একটি ভেরিয়েশন প্রতিপাদন কমিটি গঠন করিতে হইবে।

বিধি ১৬। কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটি (Technical examination and acceptance committee) গঠন

সরবরাহকারী কর্তৃক চুক্তি মোতাবেক পণ্যসরবরাহ করা হইলে সংশ্লিষ্ট ক্রয়চুক্তির বিপরীতে সরবরাহকৃত পণ্যের কারিগরি মান ও পরিমাণ পরিদর্শন ও পরীক্ষান্তে নিরূপিত চাহিদার বিপরীতে উহার উপযোগিতা প্রতিপাদন করিবার নিমিত্ত ক্রয়কারী, বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির ন্যূনতম ০১ (এক) জন সদস্যসহ, অনধিক ০৩ (তিন) জন সদস্য সমন্বয়ে কারিগরি পরিদর্শন ও গ্রহণ কমিটি গঠন করিবে।

বিধি ১৭। চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি (Contract termination review committee) গঠন

ক্রয়কারী কর্তৃক প্রেরিত চুক্তি বাতিল প্রস্তাব অনুমোদনের পূর্বে তাহা পর্যালোচনার নিমিত্তে ক্রয়কারী কার্যালয় প্রধান তাঁহার বা তৎকর্তৃক মনোনীত অন্য কোনো কর্মকর্তার সভাপতিত্বে, ক্রয়কারী ব্যতীত, ক্রয়কারী সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে অনধিক ০৩ (তিন) সদস্যবিশিষ্ট চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি গঠন করিতে পারিবে এবং উক্ত কমিটি এই বিধিমালার সংশ্লিষ্ট বিধি অনুসরণে এতৎসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করিবে।

বিধি ১৮। বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটি (Debarment review committee) গঠন

ক্রয়কারী কর্তৃক প্রেরিত বারিতকরণ প্রস্তাব অনুমোদনের পূর্বে তাহা পর্যালোচনার নিমিত্ত ক্রয়কারী কার্যালয় প্রধান তাঁহার বা তৎকর্তৃক মনোনীত অন্য কোনো কর্মকর্তার সভাপতিত্বে, অভিযোগ সম্পর্কে প্রথম যে ক্রয় কর্মকর্তা অবহিত হইয়াছে তিনি ব্যতীত, ক্রয়কারী সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে অনধিক ০৩ (তিন) সদস্যবিশিষ্ট বারিতকরণ প্রস্তাব পর্যালোচনা কমিটি গঠন করিতে পারিবে এবং উক্ত কমিটি এই বিধিমালার সংশ্লিষ্ট বিধি অনুসরণে এতৎসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করিবে।

বিধি ১৯। ক্রয়সংশ্লিষ্ট কমিটিসমূহের সদস্যগণের সম্মানি

তফসিল-২ দ্বারা নির্দিষ্টকৃত কতিপয় নিয়মিত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে উৎসাহ প্রদানের নিমিত্ত ক্রয়কারী উক্ত তফসিলে বর্ণিত হারে বা সরকার কর্তৃক সময় সময় পরিপত্র জারির মাধ্যমে নির্ধারিত হারে সংশ্লিষ্ট কমিটিসমূহের প্রত্যেক সদস্যকে সম্মানি প্রদান করিবে এবং সেইলক্ষ্যে উন্নয়ন ও পরিচালন বাজেটে ক্রয়কারীর অনুকূলে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখিতে হইবে।

বিধি ২০। অর্পিত ক্রয়কার্য (Delegated procurement) প্রক্রিয়াকরণ

  • (১) কোনো পণ্য, কার্য বা সেবা ক্রয়কার্য সম্পাদনের জন্য কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থার পর্যাপ্ত কারিগরি সামর্থ্য না থাকিলে, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রয়কার্য সম্পাদনের দায়িত্ব উক্ত ক্রয়কার্যে পারদর্শী কোনো ক্রয়কারীকে, অতঃপর এই ধারায় নির্বাহক এজেন্সি (Executing agency) বলিয়া উল্লিখিত, অর্পণ করা যাইবে।
  • (২) অর্পিত ক্রয়কার্য সম্পাদনের জন্য মনোনীত নির্বাহক এজেন্সি ‘অর্পিত ক্রয়কার্য’ সম্পাদনের জন্য যথাক্রমে ক্রয়কারী কার্যালয় প্রধান বা ক্রয়কারী হিসাবে কাজ করিবে এবং নিম্নবর্ণিত কাজ সম্পাদন করিবে—
    • (ক) এই বিধিমালার বিধান অনুসরণক্রমে ক্রয়কার্য সম্পাদন;
    • (খ) আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুসরণক্রমে অনুমোদন প্রদান; এবং
    • (গ) চুক্তিপরিচালনা ও ব্যবস্থাপনা সম্পাদন ও সংশ্লিষ্ট তদারকি।
  • (৩) স্বত্বাধিকারী (Owner) মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তর বা পরিদপ্তর দরপত্র মূল্যায়ন কমিটিসহ সমগ্র ক্রয় এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনো কর্মকর্তাকে মনোনয়ন প্রদান এবং ক্রয়কার্য সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করিবে এবং অর্পিত ক্রয়কার্য সমাপ্তির পরে নির্বাহক এজেন্সির নিকট হইতে উহার কর্তৃত্ব গ্রহণ করিবে। উদাহরণ।—গণপূর্ত অধিদপ্তরের কোনো ইউনিটকে যদি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো ক্রয়কার্য বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করা হয়, সেইক্ষেত্রে উক্ত ক্রয়কার্যের জন্য গণপূর্ত অধিদপ্তরের উক্ত ইউনিট এবং উহার প্রধান, যথাক্রমে ক্রয়কারী ও ক্রয়কারী কার্যালয় প্রধান হিসাবে কাজ করিবে এবং উহার বাস্তবায়নকারী পক্ষ হইবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা যুব উন্নয়ন অধিদপ্তর উক্ত ক্রয়কার্যের স্বত্ত্বাধিকারী কর্তৃপক্ষ হিসাবে গণ্য হইবে এবং ক্রয়কার্য সমাপ্তির পর গণপূর্ত অধিদপ্তরের নিকট হইতে উহার আনুষ্ঠানিক কর্তৃত্ব গ্রহণ করিবে।
  • (৪) নির্বাহক এজেন্সি, অর্পিত ক্রয়কার্যের স্থান, লে আউট, ডিজাইন, নির্মাণসামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করিবার পূর্বে স্বত্বাধিকারী মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রয়োজনীয় অনাপত্তি গ্রহণ করিবে এবং দরপত্র মূল্যায়ন কমিটিতে ক্ষেত্রমতো, স্বত্বাধিকারী মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তার অন্তর্ভুক্তি নিশ্চিত করিবে।
  • (৫) কোনো উন্নয়ন প্রকল্পের অধীনে অর্পিত ক্রয়কার্যের ক্ষেত্রে, নির্বাহক এজেন্সি অনুমোদিত প্রকল্প দলিল এবং সরকারের এতৎসংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করিবে এবং উন্নয়ন বা পরিচালন বাজেট নির্বিশেষে অর্পিত ক্রয়ের বিপরীতে নিরীক্ষা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত নিরীক্ষা উক্ত নির্বাহক এজেন্সির ওপর বর্তাইবে।

বিধি ২১। অগ্রিম ক্রয় (Advance procurement) প্রক্রিয়াকরণ

  • (১) কোনো প্রক্রিয়াধীন উন্নয়ন প্রকল্পের অধীন অথবা প্রশাসনিক অনুমোদন বা বরাদ্দপ্রাপ্তির পূর্বেই পরিচালন বাজেটের অধীন প্রস্তাবিত কোনো ক্রয় প্রক্রিয়াকরণ জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইলে ক্রয়কারী, ক্রয়কারী কার্যালয় প্রধানের অনুমোদনক্রমে বিশেষ ক্রয় পরিকল্পনাতে অন্তর্ভুক্ত করিয়া, উক্তরূপ ক্রয় প্রক্রিয়াকরণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অনুমোদন বা পরিচালন বাজেটে প্রশাসনিক অনুমোদন বা বরাদ্দপ্রাপ্তির পূর্বে উক্তরূপ ক্রয়ের বিপরীতে চুক্তিসম্পাদনের নোটিশ জারি করা যাইবে না এবং ক্রয়কারী কর্তৃক এই বিধির অধীন গৃহীত ব্যবস্থাদি সংশ্লিষ্ট প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প অনুমোদন বা পরিচালন বাজেটে কোনো ক্রয়চাহিদার বিপরীতে প্রশাসনিক অনুমোদন বা বরাদ্দপ্রদানের অনুকূলে প্রেক্ষাপট হিসাবে উপস্থাপন করা যাইবে না।
  • (২) উপবিধি (১) বর্ণিত বিশেষ ক্রয় পরিকল্পনাটি সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অনুমোদন বা পরিচালন বাজেটে প্রশাসনিক অনুমোদন বা বরাদ্দপ্রাপ্তির অব্যবহিত পরেই ক্রয়কারীর বার্ষিক ক্রয় পরিকল্পনার অন্তর্ভুক্ত করিতে হইবে।
Last modified on September 24, 2026