বিধি ১৫০। ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সরকারি ক্রয়
- (১) আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ই-জিপি পোর্টালে প্রক্রিয়াযোগ্য সকল সরকারি ক্রয় সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করিয়া ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করিতে হইবে এবং ব্যতিক্রমী ক্ষেত্রে, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে কোনো ক্রয়কারী ক্রয় প্রক্রিয়াকরণে অসমর্থ হইলে বিপিপিএ-এর পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, বিধি ২৫(১৪)-এর নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে কোনো ক্রয়কারীর ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণে অসমর্থতার ক্ষেত্রে অফলাইনে দরপত্র প্রক্রিয়াকরণে সংশ্লিষ্ট ক্রয়কারী কার্যালয় প্রধানের মাধ্যমে বিপিপিএ-এর অনুমোদন গ্রহণ করিবে।
- (২) উপবিধি (১)-এর নির্দেশনা প্রতিপালনকল্পে কোনো একটি দরপত্র প্রক্রিয়ার অনুবর্তীকালীন চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা প্রক্রিয়া ইলেকট্রনিক্যালি সম্পাদনের লক্ষ্যে ইজিপি পোর্টালের অন্তর্গত ই-সিএমএস (Electronic Contract Management System or e-CMS) মডিউল ব্যবহার করিতে হইবে এবং সরকারের আর্থিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (Government Financial Information Management System) অর্থাৎ আইবাস++(Integrated Budget and Accounting System)-এর মাধ্যমে ক্রয়চুক্তির বিপরীতে অর্থপরিশোধ করা হইবে।
- (৩) ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সরকারি ক্রয়ের ক্ষেত্রে, এই বিধিমালার বিধান এবং ইলেকট্রনিক পরিচালন পদ্ধতির বিধানের সহিত কোনো বিরোধ (Conflict) দেখা দিলে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতির বিধান প্রাধান্য পাইবে।
