Skip to main content
[বিধি ৩৩ দ্রষ্টব্য]
  • (১) তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ অনুমোদন:
    • (ক) শিল্প বা প্রকল্পের তরল বর্জ্য পরিশোধনের লক্ষ্যে উদ্যোক্তাকে শিল্প তরল বর্জ্য পরিশোধনাগার (Industrial Effluent Treatment Plant), পয়ঃবর্জ্য পরিশোধনাগার (Sewerage Treatment Plant) এবং মিশ্র তরল বর্জ্য পরিশোধনাগার (Mixed Effluent Treatment Plant) নির্মাণ অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে ছাড়পত্রের আবেদনের সহিত বা স্বতন্ত্রভাবে নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন দাখিল করিতে হইবে, যথা :
      • (অ) তরল বর্জ্য পরিশোধনাগার এর অবস্থান নির্দেশিত ১:২০০ স্কেলে অঙ্কিত শিল্প বা প্রকল্প সাইটের লে-আউট প্ল্যান বা বিন্যাস নকশা। নকশার পরিমাপ মিটার ইউনিটে প্রদর্শন করিতে হইবে; এবং
      • (আ) শিল্প বা প্রকল্প এলাকার সাইট প্ল্যান বা এলাকা নকশা যাহাতে নিম্নলিখিত তথ্যাদি থাকিবে, যথা :
        • ১। প্রস্তাবিত ইটিপি হইতে তরল বর্জ্য নির্গমন স্থান পর্যন্ত নিষ্কাশন নালার পথ (Drainage route)।
        • ২। তরল বর্জ্য নির্গমন স্থান (Discharge Point) খাল বা অন্য কোনো নিষ্কাশন নালা হইলে উক্ত খাল বা নালা যে নদীতে পতিত হইয়াছে তাহার অবস্থান।
        • ৩। প্রস্তাবিত তরল বর্জ্য পরিশোধনাগার হইতে তরল বর্জ্য যে জলাশয়ে (নদী, খাল বা নিষ্কাশন নালা) নির্গমন করা হইবে সেই জলাশয়ে পূর্ব হইতে তরল বর্জ্য নির্গমন বা পানি উত্তোলন পয়েন্ট থাকিলে তাহাদের অবস্থান।
        • ৪। নকশার যথাযথ উত্তরদিক নির্দেশক চিহ্ন।
      • (ই) তরল বর্জ্য পরিশোধনাগার এর লে-আউট প্ল্যান ও হাইড্রোলিক ফ্লো ডায়াগ্রাম (Hydrolic Flow Diagram)। হাইড্রোলিক ফ্লো ডায়াগ্রামে প্রসেস ইউনিটসমূহের ডাইমেনশন; প্রসেস ফ্লো পাথ; হাইড্রোলিক স্ট্রাকচার, চ্যানেল, পাইপলাইন, উইয়ার ও কন্ট্রোল ভালভসমূহের অবস্থান এবং এলিভেশন প্রদর্শন করিতে হইবে।
      • (ঈ) প্রস্তাবিত তরল বর্জ্য পরিশোধনাগারের কারিগরি বিবরণ যাহাতে নিম্নলিখিত তথ্যাদি থাকিবে, যথা:
        • ১। উৎপাদন প্রক্রিয়া এবং ইউটিলিটির জন্য পানির ব্যবহার (Water Consumption for Processing and Utilities) যেমন : সিক্ত প্রক্রিয়াকরণ, স্যানিটারি, পানি পরিশোধন, শীতলীকরণ, বাষ্প উৎপাদন এবং অগ্নিনির্বাপণ;
        • ২। উৎপাদন প্রক্রিয়া এবং ইউটিলিটি হইতে সৃষ্ট তরল বর্জ্যের পরিমাণ ও প্রস্তাবিত তরল বর্জ্য পরিশোধনাগারের পরিশোধন ক্ষমতা;
        • ৩। সৃষ্ট তরল বর্জ্যের গুণগত মান এবং পরিশোধিত তরল বর্জ্যের গুণগত মান;
        • ৪। ট্রিটেমেন্ট স্কিম (সাধারণ ফ্লো ডায়াগ্রাম);
        • ৫। তরল বর্জ্য পরিশোধনাগারের পৃথক ইউনিটসমূহের ইঞ্জিনিয়ারিং নকশা, ডিজাইন প্যারামিটার ও ক্যালকুলেশন।
      • (উ) তরল বর্জ্য পরিশোধনাগারের নকশা ও ক্যালকুলেশন কারিগরি যোগ্যতাসম্পন্ন ব্যক্তি কর্তৃক প্রণীত ও স্বাক্ষরিত হইতে হইবে।
    • (খ) তফসিল-১ অনুসারে যে শ্রেণির শিল্প বা প্রকল্পের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হইবে সেই শ্রেণির শিল্প বা প্রকল্পের জন্য গঠিত ছাড়পত্র কমিটি কর্তৃক তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণের অনুমোদন প্রদান করা হইবে।
    • (গ) অনুমোদিত নকশা অনুসারে উদ্যোক্তা কর্তৃক তরল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, সমীচীন প্রতীয়মান হইলে মহাপরিচালক তরল বর্জ্য পরিশোধনাগারের সংস্কার, পরিবর্তন, প্রতিস্থাপন অথবা অতিরিক্ত যন্ত্রপাতি স্থাপনের নির্দেশনা প্রদান করিতে পারিবেন এবং উদ্যোক্তা উক্ত নির্দেশনা প্রতিপালন করিবেন।
  • (২) তরল বর্জ্য পরিশোধনাগার পরিচালন:
    • (ক) উদ্যোক্তা সঠিক ইঞ্জিনিয়ারিং চর্চার (Sound Engineering Practice) মাধ্যমে তরল বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিয়া তরল বর্জ্য পরিশোধন করিবেন এবং তরল বর্জ্য পরিশোধনাগারের সকল যন্ত্রপাতি সুষ্ঠুভাবে কাজ করিবার বিষয়টি নিশ্চিত করিবেন।
    • (খ) তরল বর্জ্য পরিশোধনাগার পরিচালনার জন্য উপযুক্ত যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ করিতে হইবে।
    • (গ) জনবল কাঠামো ও যোগ্যতা অধিদপ্তর অনুমোদন করিবে।
  • (৩) তরল বর্জ্যের নির্গমন পরিবীক্ষণ :
    • (ক) শিল্প বা প্রকল্প হইতে সৃষ্ট তরল বর্জ্য ভূপৃষ্ঠে বা অভ্যন্তরীণ জলাশয়ে নির্গমন করা হইলে, উক্ত শিল্প বা প্রকল্পের উদ্যোক্তাকে নিজ খরচে—
      • (অ) ছাড়পত্রের শর্তে উল্লিখিত তরল বর্জ্যের প্যারামিটারসমূহ মনিটর করিতে হইবে;
      • (আ) ফ্লো মিটার, নমুনা সংগ্রহ, পরিবীক্ষণ এবং এতৎসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করিতে হইবে;
    • (খ) উদ্যোক্তা নির্গত তরল বর্জ্যের পরিবীক্ষণ তথ্য যথাযথভাবে সংরক্ষণ করিবেন এবং অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক পরিদর্শনকালে তাহা প্রদর্শন করিবেন;
    • (গ) অধিদপ্তর তরল বর্জ্যের নমুনা সংগ্রহ পদ্ধতি ও নির্গমন পরিবীক্ষণ পদ্ধতি নির্ধারণ করিবে; এবং
    • (ঘ) উদ্যোক্তা নির্গত তরল বর্জ্যের পরিবীক্ষণ তথ্য ছাড়পত্রে প্রদত্ত শর্তানুসারে অধিদপ্তরে দাখিল করিবেন।
  • (৪) তরল বর্জ্যের নির্গমন মানমাত্রা: বিধি ৩২ এ উল্লিখিত তরল বর্জ্য নির্গমন সংক্রান্ত সংশ্লিষ্ট তফসিলে বর্ণিত তরল বর্জ্যের বিভিন্ন প্যারামিটারের নির্ধারিত উপস্থিতির সীমা অতিক্রম করিয়া তরল বর্জ্য নির্গমন করা যাইবে না।
  • (৫) তরল বর্জ্য বিশ্লেষণ পদ্ধতি:
    • (ক) অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের তরল বর্জ্যের ইন-সিটু (in-situ) বা এক্স-সিটু (ex-situ) বিশ্লেষণ করিতে পারিবেন;
    • (খ) শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের তরল বর্জ্য American Public Health Association, American Water Works Association এবং Water Environment Federation কর্তৃক যৌথভাবে প্রকাশিত ‘Standard Methods for the Examination of Water and Wastewater’-এ বর্ণিত পদ্ধতিতে বিশ্লেষণ করিতে হইবে।
    • (গ) ক্রমিক নং (৩)-এর (ক) ও (খ)-এ উল্লিখিত তরল বর্জ্যের বিশ্লেষণ গ্র‍্যাব নমুনা সংগ্রহের (Grab Sampling) মাধ্যমে সম্পন্ন করিতে হইবে। ‘গ্র‍্যাব নমুনা’ অর্থ ১৫ (পনেরো) মিনিটের কম সময় ব্যাপী সংগৃহীত একক নমুনা (Individual Sampling)।
  • (৬) তরল বর্জ্য নির্গমন পয়েন্ট:
    • (ক) অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তরল বর্জ্য পরিশোধনাগারের নকশায় প্রদর্শিত নির্গমন পয়েন্টের (Discharge Point) মাধ্যমে শিল্প বা প্রকল্পের তরল বর্জ্য নির্গমন করিতে হইবে।
    • (খ) অধিদপ্তরের অনুমোদনক্রমে দফা (ক)-এ উল্লিখিত তরল বর্জ্যের নির্গমনস্থল পরিবর্তন করা যাইতে পারে।
  • (৭) অননুমোদিত তরল বর্জ্য নির্গমন (Effluent discharge through by-pass) : তরল বর্জ্য পরিশোধনাগারকে পাশ কাটাইয়া শিল্প বা প্রকল্প হইতে সৃষ্ট তরল বর্জ্য অননুমোদিত ভূপৃষ্ঠে, ভূগর্ভে বা জলাশয়ে কিংবা জলাভূমিতে নির্গমন করা যাইবে না।
  • (৮) তরল বর্জ্য লঘুকরণ (Dilution of effluent) : কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অপরিশোধিত বা পরিশোধিত তরল বর্জ্য উৎপাদনের সময় কিংবা উৎপাদন পরবর্তী সময়ে লঘু করা যাইবে না: তবে শর্ত থাকে যে, শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের আবেদনক্রমে এবং অধিদপ্তর যদি উপযুক্ত মনে করেন, তাহা হইলে উপযুক্ত শর্তসাপেক্ষে তিনি শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের তরল বর্জ্য লঘুকরণের অনুমতি প্রদান করিতে পারিবেন।
  • (৯) তরল বর্জ্যের পরিমাণ বা গুণগত মান পরিবর্তন : অধিদপ্তরের পূর্ব অনুমোদন ব্যতিরেকে শিল্প বা প্রকল্প হইতে পরিবেশে নির্গত তরল বর্জ্যের পরিমাণ বা তরল বর্জ্যের উপাদানের পরিবর্তন করা যাইবে না।
  • (১০) স্লাজ পরিত্যাজন (Sludge disposal) : কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পে উৎপাদিত, উৎপাদন প্রক্রিয়া, তরল বর্জ্য পরিশোধনাগার, পানি পরিশোধন ব্যবস্থা বা অন্য কোনোভাবে সৃষ্ট স্লাজ ‘Bangladesh Standards and Guidelines for Sludge Management’-এ বর্ণিত পদ্ধতিতে পরিত্যাজন করিতে হইবে।
Last modified on September 24, 2026